শিশুদের হাতে ভটভটির স্টিয়ারিং ঝুঁকিতে সাধারণ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গ্রামীণ জনপদে মানুষের এখন যাতায়াতের ক্ষেত্রে প্রধান ভরসা অবৈধ ভটভটি। এমনিতেই খুব ঝুঁকিপূর্ণ যান এটি। তার ওপর শিশু-কিশোরেরা আনাড়ি হাতে ভটভটির স্টিয়ারিং ধরায় ভয়াবহ ঝুঁকির মধ্যে মানুষকে চলাচল করতে হচ্ছে।অভিযোগ রয়েছে, একশ্রেণীর ভটভটিমালিক ভটভটি চালাতে ১০ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের উৎসাহী করছেন।চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলায় ১৯৯৫ সালের দিকে ভটভটি চলাচল শুরু হয়। তখন সংখ্যায় মাত্র ১০ থেকে ১৫টি, এখন তা বেড়ে ৭০০ ছাড়িয়ে গেছে। তিন চাকার এই বাহনে নেই কোনো তাৎক্ষণিক গতিরোধক নিয়ন্ত্রণযন্ত্র ও সতর্কসংকেত। তার পরও সময় বাঁচাতে লোকজন ঝুঁকি নিয়ে ভটভটি দিয়ে চলাচল করছে।এ উপজেলায় চলাচলকারী ভটভটিগুলোর মালিক সাধারণত পুরোনো চালকেরাই। তাঁদেরই একটি অংশ শিশু-কিশোরদের প্রশিক্ষণের ব্যবস্থা করছেন। তিন থেকে সাত দিন এসব শিশু-কিশোরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে পুরোনো চালকেরাই প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। এ কারণে উপজেলায় দিনে দিনে শিশু-কিশোর ভটভটিচালকের সংখ্যা বেড়েই চলেছে।শিশুদের হাতে ভটভটি চালানোর ভার দেওয়া প্রসঙ্গে চালক তাজমিলুর রহমান (৩৫) বলেন, ‘চালানোর ভার তাদের (শিশুদের) ওপর দিতে পারলে চালকদের অবসর সময়ে ভটভটি আর বন্ধ থাকবে না। এতে যাতায়াতকারীদেরই উপকার হবে।’সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন সড়কে গাদাগাদি করে মানুষ তুলে আনাড়ি হাতে শিশু-কিশোরেরা ভটভটি চালাচ্ছে। তাদের অনেকেরই বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। অন্যান্য যানের সঙ্গে পাল্লা দিয়ে তারা এ যান চালায়।শিবগঞ্জ-আটমূল সড়কে ভটভটিচালক ওমর ফারুক ষষ্ঠ শ্রেণীতে পড়ে। বাড়ি উপজেলার কুড়াহার শেখপাড়া গ্রামে। এই বয়সে ভটভটি চালানোর কারণ জানতে চাইলে ১২ বছরের ওমর ফারুকের জবাব, ‘কাম না করলে খামু কী, বাপের চিকিৎসা করামু কেমনে? সংসারে চারজন খাই। এই খাবার জুটপি কোনটে থ্যাকা?’শনিবার দুপুরে উপজেলার বুড়িগঞ্জ-কালীতলা সড়কে কথা হয় রাশেদুল ইসলামের (১৩) সঙ্গে। সে বলে, ‘ওস্তাদ (চালক) আজ আসে নাই। সেই বলিচে আজ তুই গাড়ি চালা।’ এভাবে শিশু-কিশোরদের দিয়ে ভটভটি চালানো ঠিক কি না, জানতে চাইলে ভটভটিমালিক তোফাজ্জল হোসেন (৫০) বলেন, ‘হামরাও বুঝি, এটা ঠিক না। কিন্তু কী করব? দিনরাত গাড়ি চালানোর মধ্যি হামাকেরেও তো এনা রেস্ট (বিশ্রাম) লেওয়া লাগে। তাই এ সময়ডাত ছোলের হাতে গাড়ি দিই। তবে বলে দিই বেশি দূরে না যাতে।’উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মারুফ রহমান জানান, বাহনটি পরিবেশবান্ধব নয়। এর প্রচণ্ড শব্দে লোকজন অতিষ্ট থাকে। চলার পথে উল্টে গিয়ে হামেশাই দুর্ঘটনা ঘটছে। এ নিয়ে মাঝেমধ্যেই সালিস করতে হয়।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ভটভটি নিষিদ্ধ যান। চালক বড় হোক আর ছোট হোক, ভটভটি চলাচলে প্রশাসনের কোনো অনুমতি নেই। ব্যাপারটি দেখা হবে বলে তিনি জানান।