শিশুদের হাম ও পোলিও টিকা দেওয়া হচ্ছে
গতকাল রোববার থেকে দেশব্যাপী জাতীয় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচিতে হামের টিকার ওপর বেশি জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর একে বলছে ‘হাম টিকাদান অনুগামী (ফলো-আপ) প্রচার’। একই সঙ্গে শূন্য থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের পোলিও টিকা খাওয়ানো হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ কর্মসূচি চলবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সহকারী পরিচালক জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সারা দেশে এক লাখ ২০ হাজার কেন্দ্রে নয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুকে হামের টিকা দেওয়া হবে। দেশে এই বয়সী শিশুর সংখ্যা এক কোটি ৯০ লাখ। এ ছাড়া শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুকে দুই ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হবে। তাদের সংখ্যা দুই কোটি ৪০ লাখ। তিনি বলেন, আগে এক দিনেই সারা দেশের সব শিশুকে পোলিও টিকা খাওয়ানো হতো। এতে অনেক শিশু বাদ পড়ত। তাই এ বছর ১৫ দিন ধরে টিকা দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে শিশুদের টিকা খাওয়াতে দেখা গেছে। সেখানে কর্মরত একজন সেবিকা প্রথম আলোকে জানান, এই হাসপাতালে প্রতিদিন ৬০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। গতকাল দুপুর পর্যন্ত তিন শতাধিক শিশুর টিকা দেওয়া হয়েছিল। সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত টানা এ কর্মসূচি চলবে। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য ৫০ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী, ছয় লাখ স্বেচ্ছাসেবক ও এনজিও কর্মীকে সংগঠিত করেছে সরকার। সারা দেশের প্রতিটি টিকাদান কেন্দ্রে দুজন দক্ষ টিকাদান কর্মী ও তিনজন স্বেচ্ছাসেবকের সমন্বয়ে গঠিত একটি দল নিয়োগ করা হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর দাবি করছে।২৫ থেকে ৩০ শতাংশ শিশু হামের ঝুঁকি নিয়ে জন্মায়। তাই ২০০৫-০৬ সালের পর থেকে সরকার হামের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। যেসব শিশু আগে হামের টিকা নিয়েছে অথবা হামে ভুগছে, সেসব শিশুকেও ২৮ ফেব্রুয়ারির মধ্যে টিকা খাওয়ানোর জন্য সরকার অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছে।