শিশুদের ‘সোনার মানুষ’ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেশের স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে নিজেদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন। বঙ্গবন্ধুর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি গতকাল শনিবার বঙ্গভবনের দরবার হলে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত ‘জাতীয় শিশু দিবস-২০১২’-এর অনুষ্ঠান উদ্বোধনকালে এ কথা বলেন। খবর বাসসের।‘সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই’ বঙ্গবন্ধুর এই বক্তব্য উদ্ধৃত করে রাষ্ট্রপতি বলেন, ‘তোমরা তোমাদের আচার-আচরণ, চিন্তা-চেতনা, কর্ম ও জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে, সোনার মানুষ হবে—এটাই সবার প্রত্যাশা।’রাষ্ট্রপতি তরুণ প্রজন্মের সামনে ইতিহাস-ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন, যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে। জানতে পারে এ জাতির গৌরবগাথা।অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীও বক্তব্য দেন। পরে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার শিশুদের সঙ্গে কেক কেটে আনুষ্ঠানিকভাবে জাতীয় শিশু দিবস-২০১২-এর উদ্বোধন করেন।