
বাচ্চার বয়স আড়াই বছর বা ১৬ বছরই হোক, তাদের পছন্দ-অপছন্দ আছে। ঈদ বাজারে তাই বাবা-মা হন্যে হয়ে ছেলেমেয়েদের পছন্দের পোশাক কেনাকাটায় ব্যস্ত। পরিবারে সব থেকে ছোট সদস্যের মুখ ভার হলে তো ঈদটাই মাটি হয়ে যাবে।
মোহাম্মদপুরের তাজমহল রোডে ব্র্যান্ড ইনফিনিটিতে মুন্নুজান রিভা মুঠোফোন থেকে একটি ছবি দেখিয়ে বিক্রেতাকে ঠিক ওই রকম আরও দুটো পাঞ্জাবি দেখাতে বললেন। বিক্রেতা বের করে যেটা দেখালেন, তা দেখে মুঠোফোনের ছবির সঙ্গে মেলালেন। সবটা মিলল না। আবার খোঁজ লাগালেন বিক্রেতা। এবার পাওয়া গেল।
মুন্নুজান বলেন, ‘আমার দুই ছেলে ও ছেলেদের বাবার জন্য ঠিক এই কালচে খয়েরি রঙের কাজ করা পাঞ্জাবিটাই কিনেছি।’
চতুর্থ শ্রেণিতে পড়ুয়া রিমঝিমের মা শাহনাজ আক্তার বলেন, মেয়ের মামা মেয়েকে জামা কিনে দেবেন। রাজধানীর কাকরাইলের কর্ণফুলী সিটি শপিং সেন্টারে মেয়ে এক দোকানে ঢুকেই পা পর্যন্ত লম্বা একটি গাউন ধরে বসল। দরদাম করে পরে কিছুটা কমিয়ে ওই জামা কেনার পর মেয়ের মুখে হাসি ফুটল।
চিকিৎসক তানজিলা শরীফা শান্তিনগরের ইস্টার্ন প্লাস আর এলিফ্যান্ট রোড থেকে তিন ছেলের জন্য হাই কলারের চাপা পাঞ্জাবি কিনেছেন। আর গরমের জন্য কলার দেওয়া টি-শার্ট না কিনে গোল গলার গেঞ্জি কিনেছেন।
ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের প্রেসিডেন্ট মাহিন খান বলেন, এখনকার শিশুরা অনেক ফ্যাশন-সচেতন। আর ঈদ হচ্ছে অনেক বড় খুশির উৎসব। শিশুদের পোশাকে ‘জয়ফুল’ ‘হ্যাপিনেস’ ‘গর্জিয়াস’ ‘কমফোর্ট’—এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে।
মাহিন খান বলেন, এবার ঈদে প্রচণ্ড গরম থাকবে বলে বাচ্চাদের পোশাকে সুতির কাপড়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। উৎসবের রং লাল, সবুজের পাশাপাশি বিভিন্ন ধরনের নীল, গোলাপির মতো রংগুলো প্রাধান্য পাচ্ছে। এ ছাড়া পাশ্চাত্য ফ্যাশনের আদলে বিভিন্ন ট্রেন্ডি ডিজাইনের সঙ্গে ইসলামিক ডিজাইনসহ দেশীয় বিভিন্ন নকশাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর মায়াসিরে শিশুদের পোশাকের দামটাও হাতের নাগালের মধ্যেই আছে।
শুধু শিশুদের পোশাক বিক্রি করছেন, এ ধরনের প্রতিষ্ঠানের বিক্রেতাদের মুখে তেমন হাসি নেই। বৃহস্পতিবার বসুন্ধরা শপিং মলের লি পিংক প্লাসের সেলস এক্সিকিউটিভ আলেক চান প্রথম আলোকে বলেন, এবার যে তালে বিক্রি হচ্ছে, তার পরিবর্তন না ঘটলে অনেক লোকসান গুনতে হবে। এ দোকানেই দেখা মিলল আট বছর বয়স থেকে শুরু করে বিভিন্ন বয়সী শিশুদের জন্য তৈরি একটি পোশাক, যার দাম রাখা হয়েছে ১৬ হাজার টাকা। তবে তিন-চার দিন আগে ভারতের এ পোশাকটি দোকানে তোলা হলেও এখন পর্যন্ত বিক্রি হয়নি। একজন বিক্রেতা আক্ষেপ করে বলেন, ‘কাস্টমারের বাজেট কম, জামা পছন্দ হয়, কিন্তু কেনে না।’