অপুষ্টি চিকিৎসায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) বিজ্ঞানীদের তৈরি করা পথ্য মাঠপর্যায়ে ব্যবহার করা যাবে কি না তা নির্ধারণ করবে কারিগরি কমিটি। এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এ-সংক্রান্ত কমিটি গঠন করবে।
তীব্র অপুষ্টির শিকার শিশুদের সঠিক খাদ্য ব্যবস্থাপনাবিষয়ক আলোচনা সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পুষ্টি কর্মকর্তা নাসরিন খান কমিটি গঠনের কথা জানান। বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) গতকাল সোমবার রাজধানীর জনস্বাস্থ্য প্রতিষ্ঠানে এ আলোচনা সভার আয়োজন করে।
অপুষ্টি চিকিৎসায় শিশুর পথ্য (রেডি-টু-ইউজ থেরাপিউটিক ফুড—আরইউটিএফ) নিয়ে সংশ্লিষ্ট নানা পক্ষের মতামত জানতেই বিবিএফের এ আয়োজন। সভায় পুষ্টিবিদ, বিশেষজ্ঞ শিশু চিকিৎসক, চিকিৎসক সংগঠনের নেতা, জনস্বাস্থ্যবিদ, জাতিসংঘের চারটি প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইসিডিডিআরবির বিজ্ঞানী, পরিবেশবাদী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক এম আর খান।
৮ জুন ঢাকায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে আরইউটিএফ উদ্ভাবনের ঘোষণা দেন আইসিডিডিআরবির বিজ্ঞানীরা। এরপর আরইউটিএফের পক্ষে-বিপক্ষে মতামত দেন পুষ্টিবিদেরা। সেই বিতর্কের অংশ হিসেবে গতকালের সভাটি অনুষ্ঠিত হয়।
মূল উপস্থাপনায় বিবিএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন এস কে রায় দেশের পুষ্টি পরিস্থিতি তুলে ধরেন। বিবিএফের উপদেষ্টা অধ্যাপক এম কিউ কে তালুকদার উপস্থাপনায় বলেন, তীব্র অপুষ্টি দূর করতে বাড়ির তৈরি খাবারই যথেষ্ট। প্রত্যেক মাকে শিশুর জন্য সঠিক খাবার তৈরি করা শেখানো দরকার। দেশি উপাদান দিয়ে সঠিক খাবার তৈরির সরকার অনুমোদিত নির্দেশিকা আছে। তিনি বলেন, আরইউটিএফ অপ্রয়োজনীয় এবং এ নিয়ে গবেষণাও অপ্রয়োজনীয়। আরইউটিএফ উদ্ভাবনকারী দলের প্রধান তাহমিদ আহমেদ বলেন, অপুষ্টি দূর করার সরকারি নির্দেশনা মেনে দেশি উপাদান দিয়ে পথ্যটি তৈরি করা হয়েছে। আইটিএফ উৎসাহিত করতে গবেষণা করা হয়নি।
জাতিসংঘের একাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধি বলেন, শিশুদের অপুষ্টি দূর করাই মূল উদ্দেশ্য। উদ্দেশ্য সফল করতে সরকারি যেকোনো উদ্যোগের সঙ্গে তাঁরা থাকবেন। জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, ‘গবেষণা দরকার। গবেষণাই আমাদের এগিয়ে নেবে। শিশুদের কল্যাণে যে পক্ষ, আমরা সেই পক্ষে।’
নাসরিন খান বলেন, সব প্রক্রিয়া শেষ করে আইসিডিডিআরবি উদ্ভাবিত আরইউটিএফ মাঠপর্যায়ে নিতে কমপক্ষে পাঁচ বছর সময় লাগবে। এই সময়ে তীব্র অপুষ্টির শিকার শিশুর জন্য করণীয় নির্ধারণ করা জরুরি। তিনি বলেন, মন্ত্রণালয় দুটি কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।