শিশুপল্লি ও এতিমখানা করে পথশিশুদের উন্নয়ন করা যাবে না
দরিদ্রতা, অসচেতনতা ও সামাজিক সুরক্ষার অভাবের কারণে শিশুশ্রম নিরসন করা যাচ্ছে না। শিশুশ্রম প্রতিরোধ করতে হলে রাষ্ট্র, সমাজ ও জাতিকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু শিশুপল্লি বা এতিমখানা করে দরিদ্র ও পথশিশুদের উন্নয়ন সম্ভব নয়। বিশ্ব শিশুশ্রমবিরোধী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজবিজ্ঞানী মনজুর উল আমিন চৌধুরী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ ইমাম আলী, বেসরকারি সংগঠন মমতার প্রধান নির্বাহী রফিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জহর লাল হাজারী প্রমুখ।
অনুপম সেন বলেন, শিশুশ্রম প্রতিরোধে জনসচেতনতা প্রয়োজন। সংবিধানে শিশুর অধিকারের কথা সুস্পষ্টভাবে বলা আছে। রাষ্ট্র সেটি পালন করতে বাধ্য। কিন্তু বাস্তবে রাষ্ট্র সে দায়িত্ব কতটুকু পালন করছে সেটি নিয়ে প্রশ্ন রয়েছে।
দিবসটি পালন উপলক্ষে গতকাল সকালে শোভাযাত্রা বের করে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদ্যাপন পরিষদ। শিল্পকলা একাডেমীর সামনে থেকে বের হওয়া শোভাযাত্রাটি বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।