শিশুপল্লীর স্নেহছায়ায় বর্ষবরণ

পয়লা বৈশাখে দুই ভাইবোন দাদুর বাড়িতে বেড়াতে এসেছেন। নাজমুন নাহার আর সৈয়দ হামিম মুশফিক। রাজধানীর শ্যামলীর ওই বাড়ি এখন আন্তর্জাতিক শিশুপল্লী। এটা কীভাবে তাঁদের দাদুবাড়ি হলো? জবাবে নাজমুন বলেন, বাবাসহ তাঁরা তিন ভাইবোন একসময় এখানেই থাকতেন। অনাথ থাকায় এই বাড়িতে বড় হন তাঁরা। পড়াশোনা করে নিজ নিজ পায়ে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় চলে যান। একসময় বাবা আর ফুপুরা এই শিশুপল্লীতে থাকতেন বলেই এটা তাঁদের দাদুর বাড়ি। ছুটিতে বা কোনো অনুষ্ঠান হলে বেড়াতে আসেন। শিশুদের সঙ্গে সময় কাটান।

বৈশাখের প্রথম দিনের সকালে অন্য রকম তাড়া ছিল শিশুপল্লীর শিশুদের। সকালে উঠেই নিতে হয়েছে অনুষ্ঠান শুরু করার প্রস্তুতি। সকাল সাড়ে সাতটায় বাংলা নববর্ষের গান দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে দিনটি শুরু করে শিশুপল্লীর শিশুরা।
কথা হয় খাদিজা আক্তার স্নেহার সঙ্গে। সে এসওএস হারম্যান মেইনার স্কুলের দশম শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। খাদিজা বলে, ‘এখানে ভাইবোনদের সঙ্গে থাকি। এটাই আমার পরিবার।’

শিশুপল্লীতে আছে শিশুদের ক্লাব (চিলড্রেনস ক্লাব) ও গার্লস ক্লাব। গার্লস ক্লাবের সদস্য ৩০ জন। এর সভাপতি হারম্যান মেইনারের একাদশ শ্রেণির শিক্ষার্থী ডায়না মনিকা গোমেজ। শিশুপল্লীর ‘গার্লস ক্লাবের’ মেয়েদের নিয়ে পয়লা বৈশাখের অনুষ্ঠানে সঞ্চালনা ও পরিচালনা করেছেন সভাপতি।
ডায়নার বাবা আছেন, মা নেই। প্রাথমিকে পড়া শুরু করার আগেই শিশুপল্লীতে এসেছে। সে বলে, একটি গ্রামে যেমন সবাই সবাইকে চেনে, কেউ বিপদে পড়লে সহযোগিতার জন্য এগিয়ে আসে, তেমনি এখানেও সবাই নিজের ঘরের মানুষের পাশাপাশি সবাইকে চেনে। এখানে ভাইবোনেরা সবাই তাকে খুব ভালোবাসে। সবাই তার আপনজন।

‘প্রত্যেক শিশুর জন্য একটি স্নেহশীল আবাস’ বাণী নিয়ে বেসরকারি শিশু সদন শ্যামলীর শিশুপল্লী পরিচালিত হয়। আন্তর্জাতিক এসওএস (সেভ আওয়ার সোল) একটি আন্তর্জাতিক বেসরকারি দাতব্য সংস্থা। সংস্থাটি অনাথ শিশুদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে মা-বাবার স্নেহ-ভালোবাসা-যত্ন ও পারিবারিক আবহে গড়ে ওঠার সুযোগ তৈরি করেছে। এ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন অস্ট্রিয়ার চিকিৎসক হারম্যান মেইনার। ১৯৭২ সালের মে মাসে রাজধানীর শ্যামলীতে এসওএস শিশুপল্লীর কার্যক্রম শুরু হয়।

শিশুপল্লীতে ১৬ বছর ধরে কাজ করছেন প্রোগ্রাম অফিসার হাছিনা পারভীন। তিনি প্রথম আলোকে বলেন, ‘চিরায়ত ঐতিহ্যের অংশ হিসেবে বৈশাখের প্রথম দিনে শিশুপল্লীর শিশুদের নিয়ে নববর্ষ পালন করি। দুই ঈদ যেভাবে ধর্মীয়ভাবে পালন করি, তেমনি সংস্কৃতির অংশ হিসেবে বাংলা নববর্ষ পালন করি। শিশু-কিশোরেরা অনুষ্ঠান পরিচালনা করে। এখানে মুড়ি, মোয়া, খই দিয়ে রাখা হয়।’ তিনি বলেন, শিশুপল্লীতে ১৫টি ঘর আছে। একজন মায়ের অধীনে সাত-আটজন সন্তান থাকে। পরিবারকে কীভাবে সুন্দরভাবে পরিচালনা করা হবে এবং সন্তানেরা সুন্দর মানুষ হয়ে বেড়ে উঠবে, সে শিক্ষা এখানে দেওয়া হয়।
শিশুপল্লীর প্রকল্প পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, এখানে শিশুরা আসে দুঃসহ পরিবেশ থেকে। ছয় মাস থেকে এক বছর যাওয়ার পর তাদের মুখে প্রশান্তির যে হাসি দেখতে পান, তাতে তিনি নিজেকে সার্থক মনে করেন।
সাইফুল ইসলাম শিশুপল্লীতে কাজ করছেন ২৪ বছর ধরে। শিশুরা স্নেহশীল ও যত্নশীল পরিবেশে বড় হবে। তাদের ভাইবোন থাকবে, এ রকম স্বপ্ন দেখেছিলেন প্রতিষ্ঠাতা হারম্যান মেইনার। এখানে কাজ করা গর্বের বিষয় বলে মনে করেন তিনি।
নিশাত জাহান আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এখন শিশুপল্লীর শিশুদের ‘আন্টি’র দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, শিশুপল্লীর প্রতিটি ঘরে সন্তানদের দেখাশোনার জন্য একজন ‘মা’ থাকেন। মায়ের অবর্তমানে তাদের ও ঘরের দেখাশোনার কাজ করেন আন্টি বা খালাম্মা।

দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েরা এখানে থাকতে পারে। এরপর যে বিশ্ববিদ্যালয়ে পড়বে, তার পাশের আবাসিক হোস্টেলে তারা থাকবে। তার জন্য সহযোগিতা করে শিশুপল্লী কর্তৃপক্ষ। আর ছেলেরা থাকে ১৪ বছর পর্যন্ত। এরপর তাদের থাকার ব্যবস্থা করা হয় মিরপুরে এসওএস যুবপল্লীতে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল নাচ ও গান। অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয় বৈশাখের সেরা সাজের, ভেন্যু সাজানোর জন্য এবং সেরা মা ও আন্টিদের। সবশেষে পঞ্চম শ্রেণির রেজওয়ান রহমান মেহেদি লাগিয়ে দেয় বড় বোনকে। আর ছয় বছর বয়সী জিমহা, মাধবী, অষ্টম শ্রেণির ফেরদৌস মারজান, সারা হোসেনরা ব্যস্ত হয়ে যায় সেলফি তোলায়।
আরও পড়ুন:
‘আনন্দলোকে মঙ্গলালোকে’ মঙ্গল শোভাযাত্রা