শিশুপার্ক, খেলার মাঠ উন্মুক্ত রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের পরিবেশ সুরক্ষায় শিশুদের পার্ক, খেলার মাঠসহ সব উদ্যান উন্মুক্ত রাখা এবং সার্কিট হাউসে বাণিজ্য মেলা না করার আহ্বান জানিয়েছে ‘জনউদ্যোগ’ নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠন।

পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খেলার মাঠে, শিশুদের পার্কে কোনো প্রকার মেলা, সভা ও সমাবেশের জন্য অনুমতি না দেওয়ারও অনুরোধ জানানো হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে জনউদ্যোগ খুলনার উদ্যোগে নগরের কনসেন্স মিলনায়তনে ‘নগরীর পরিবেশ সুরক্ষায় শিশুদের পার্ক, খেলার মাঠসহ সকল উদ্যান উন্মুক্ত রাখতে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে খুলনার সার্কিট হাউস ময়দান, মুজগুন্নী খেলার ময়দানসহ স্কুলের খেলার মাঠগুলো শিশু-কিশোর, তরুণ-যুবক উন্মুক্তভাবে ব্যবহার করে আসছিল। কিন্তু কিছু মহল নিজ স্বার্থে এই মাঠগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।

সংগঠনের সদস্যসচিব মহেন্দ্রনাথ সেনের সঞ্চালনায় জনউদ্যোগের আহ্বায়ক কুদরত-ই-খুদার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কৃষক লীগ নেতা শ্যামল সিংহ রায়, আইনজীবী এস এম শাহনেওয়াজ, পোলট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন প্রমুখ।