শিশুপার্ক নেই যে শহরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের চিত্তবিনোদন ও মানসিক বিকাশের জন্য নেত্রকোনা পৌর শহরে কোনো শিশুপার্ক নেই। দীর্ঘদিন ধরে শহরবাসী একটি শিশুপার্ক স্থাপনের দাবি জানিয়ে এলেও কাজ হচ্ছে না।

শহরের বাসিন্দা ও শিশুসংগঠকদের সূত্রে জানা যায়, নেত্রকোনা পৌর শহরে ২৬টি প্রাথমিক বিদ্যালয় ও ১৮টি কিন্ডারগার্টেন রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ১৩ হাজার শিক্ষার্থী রয়েছে। টিভি দেখে সময় পার করাই এসব শিশুর একমাত্র বিনোদন। আবার অনেক শিশুই মুঠোফোনে কার্টুন, বিভিন্ন গেম ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত হচ্ছে।

শিশুদের নিয়ে কাজ করে স্থানীয় এ রকম একটি উন্নয়ন সংগঠনের কর্মকর্তা সঞ্জয় সরকার বলেন, ‘শিশুদের মানসিক বিকাশের জন্য প্রয়োজন চিত্তবিনোদন ও খেলাধুলার পর্যাপ্ত সুযোগ। কিন্তু আমাদের শহরে এ সুযোগ একেবারেই নেই। শহরে ছোট ছেলেমেয়েদের নিয়ে একটু হাঁটার মতো স্থান বা পার্ক নেই। নেই কোনো খেলার মাঠ। বদ্ধ ঘর আর পাখির খাঁচার মতো কিন্ডারগার্টেন স্কুলই এখন শিশুদের ঠিকানা।’

স্থানীয় শিশুসংগঠক সাইফুল্লাহ এমরান বলেন, ‘শিশুরা প্রকৃতির মতোই কোমল ও উদার। তারা চায় বিনোদনের মধ্য দিয়ে মুক্তভাবে বেড়ে উঠতে। কিন্তু আমাদের শহরে এ সুযোগ নেই। এ রকম একটি সুন্দর জেলা শহরে শিশুদের চিত্তবিনোদনের সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সভাপতি শ্যামলেন্দু পাল বলেন, ‘বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে শহরে একটি শিশুপার্ক নির্মাণের আশ্বাস দেওয়া হয়। এমনকি প্রতিবছর পৌর বাজেটেও শিশুপার্ক নির্মাণের বরাদ্দ ধরা হয়। কিন্তু বাস্তবে হয়নি। একটি পার্ক থাকলে শিশু থেকে তরুণ-তরুণীদের মাদকাসক্তিসহ বিপথগামী হওয়া থেকে অনেকটাই রক্ষা করা যেত।’

জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ওবায়দুল্লাহ বলেন, ‘শহরের কোনো কিন্ডারগার্টেনে খেলার মাঠ নেই। প্রাথমিক বিদ্যালয়গুলোর মাঠও ছোট। তাই শহরের শিশুদের খেলাধুলা, দৌড়ঝাঁপের সুযোগ নেই। একটি শিশুপার্ক থাকলে শিশুদের এ চাহিদা পূরণ হতো।’

সিপিবির জেলা কমিটির সভাপতি মোস্তফা কামাল বলেন, ‘দেশের বিভিন্ন জেলার সার্বিক উন্নয়ন হলেও আমাদের এই জেলাটি বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে রয়েছে। স্বাধীনতার ৪৬ বছর চলে গেলেও একটি জেলা শহরে শিশুপার্ক না থাকাটা অত্যন্ত দুঃখজনক। এ নিয়ে আমরা বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছি। আশা করছি কর্তৃপক্ষ বিষয়টির প্রতি সুদৃষ্টি দেবে।’

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের শিশুবিশেষজ্ঞ চিকিৎসক নজরুল ইসলাম ফকির বলেন, ‘শিশুর যথাযথ মানসিক বিকাশ ঘটাতে হলে প্রথমেই দরকার তার উপযুক্ত বিনোদন ও আনন্দময় পরিবেশ। এই শহরে একটি শিশুপার্ক স্থাপন করা অত্যন্ত প্রয়োজন।’

পৌর মেয়র নজরুল ইসলাম খান বলেন, ‘পৌর শহরে একটি শিশুপার্ক স্থাপনের জন্য কয়েকবার পদক্ষেপ নিয়েও তা সফল করা যায়নি। অনুকূল পরিবেশ ও উপযুক্ত জায়গা পেলে শিশুপার্ক করা সম্ভব।’

জেলা প্রশাসক মুশফিকুর রহমান বলেন, ‘একটি শিশুপার্ক স্থাপনের জন্য জায়গা খোঁজা হচ্ছে। অল্প সময়ের মধ্যে তার ব্যবস্থা করা সম্ভব হবে বলে আশা করছি।’