শিশুপার্ক নেই শিশুদের জন্য

পার্কের মূল ফটকে লেখা: ‘ঢাকা সিটি কর্পোরেশন বৈশাখী পার্ক। সার্বিক তত্ত্বাবধানে ও দায়িত্বে বনানি সোসাইটি। অবস্থান বনানির ৯ নং রোডে, এফ ব্লকে। পার্কের ভেতরে যারা হাঁটবে তাদের মাঠের রক্ষণাবেক্ষণের জন্য ২০০ টাকা করে প্রতিমাসে দিতে হবে।’
লিখিত ব্যানার ঝোলানো রয়েছে পার্কের চারদিকে। কাগজ-কলমে এটি শিশুপার্ক হলেও দেখে তা বোঝার উপায় নেই। শিশুদের বিনোদনের কোনো সরঞ্জাম নেই এখানে। গাছপালার সংখ্যা কম। সুস্থ-স্বাভাবিক মানুষের আনাগোনা নজরে আসে না। রাজধানীর দু-একটি ছাড়া সব কটি শিশুপার্ক বেদখলে চলে গেছে।

বনানী ৯ রোডের বাসিন্দা মো. সিরাজ উদ্দিন জানান, এই পার্ক একসময় শিশুদের জন্য তৈরি হয়েছিল। পাঁচ বছর ধরে সোসাইটির মালিকানায় সেটি পরিচালিত হচ্ছে।
রাজধানীতে মোট ৫১টি পার্ক মাঠ রয়েছে। ঢাকা সিটি করপোরেশন ভাগ হওয়ার পরে উত্তর সিটি করপোরেশনের হাতে রয়েছে ২৬টি পার্ক আর দক্ষিণ সিটি করপোরেশনের হাতে (নথি অনুযায়ী) ২৫টি পার্ক মাঠ রয়েছে। সরেজমিনে দেখা গেছে, আসাদগেট নিউ কলোনি পার্ক মাঠটি দখল করে গড়ে উঠেছে বেশ কয়েকটি পরিবহন কোম্পানির অফিস। বসানো হয়েছে স্থায়ী চায়ের দোকান। মাঠের এক পাশ দখল করা হয়েছে
নির্মাণাধীন ভবনের বর্জ্য ও এলাকার ময়লা-আবর্জনা দিয়ে। তিন বছর ধরে চা বিক্রি করেন ইব্রাহীম মোল্লা। তাঁর দাবি, তিন বছরে কোনো দিন সিটি করপোরেশন থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়নি।
হাজারীবাগ শিশুপার্কে অবৈধ দোকান ছাড়াও রয়েছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের আড্ডার ঘর। দিনের বেলায় এখানে দু-একজন এসে বসলেও বিকেল থেকেই শুরু হয় মাদকাসক্তদের আনাগোনা। ছিনতাই এখানে নৈমিত্তিক ঘটনা।
কাগজে-কলমে মুক্তাঙ্গন পার্ক থাকলেও বাস্তবে এটি রেন্ট-এ-কারের ব্যবসাকেন্দ্র। পুরানা পল্টন মোড়ের কাছের এই পার্কে দাঁড়িয়ে থাকে ট্যাক্সিক্যাব ও ভাড়ার গাড়ি।
সরেজমিনে বেশ কয়েকটি মাঠের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। অধিকাংশ পার্কই রয়েছে অবৈধ স্থাপনা ও মাদকাসক্তদের দখলে।
উত্তর সিটি করপোরেশন থেকে পাওয়া তথ্যে জোন ২ ও ৪-এ মিরপুর এলাকায় কোনো শিশুপার্ক মাঠ নেই। কিন্তু এলাকার বর্ষীয়ান রাজেশ সিনহা জানালেন, মিরপুরে একসময় অনেক খেলার মাঠ ছিল, যা আজ বহুতল ভবনের নিচে চাপা পড়েছে। এ বিষয়ে উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. ফসিউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আগে মাঠ ছিল কি না জানি না।’
পান্থকুঞ্জ পার্ক রয়েছে ছিন্নমূলদের দখলে। পেছনের দিকটা প্লাস্টিকের আবর্জনায় ভরা। আছে চায়ের দোকান। সঙ্গে ভ্রাম্যমাণ রিকশা গ্যারেজ ও মাদকাসক্তদের আনাগোনা। বিভিন্ন অবৈধ স্থাপনার ভিড়ে পার্কের প্রবেশপথটিও খুঁজে পাওয়া কঠিন।

আজিমপুরের বাসিন্দারা জানেনই না, তাঁদের এলাকায় আজিমপুর পার্কের অস্তিত্ব রয়েছে। ভেতরে ছোট্ট একটু খোলা জায়গা, চারপাশে ময়লার ভাগাড়।
ভিক্টোরিয়া পার্ক নামে বেশি পরিচিত বাহাদুর শাহ রাজধানীর সবচেয়ে প্রাচীন পার্ক। বাইরে দোকানের ভিড়, ভেতরে ভ্যান গাড়ির গ্যারেজ। পুরোনো গাছগুলোও কে কবে কেটে নিয়ে গেছে, তাও সিটি করপোরেশনের জানা নেই।
গুলশান ২-এ অবস্থিত তালতলা পার্কটির নামকরণ হয়েছে শহীদ ডা. ফজলে রাব্বী পার্ক। এ পার্কের মধ্যেই আছে শিশু কর্নার। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন এই কর্নারটি ২০১০ সালে উদ্বোধন করা হয়। তবে শিশু কর্নারে থাকা খেলনাগুলো ভাঙা। শিশুদের আনাগোনাও তেমন নেই।
পার্কটিতে সিটি করপোরেশনের নিয়মিত তদারকি নেই। ১০০ বাতির মধ্যে ৭০টি নষ্ট।
দক্ষিণ সিটি করপোরেশন প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ হোসেন প্রথম আলোকে বলেন, তালিকার বেশির ভাগ পার্ক বেদখলে। মাঠে ভাসমান মানুষের ঠিকানা, এদেরকে উচ্ছেদ করেও কোনো লাভ হয় না।
পার্ক হারিয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করে বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের কী পরিমাণ সম্পত্তি বেহাত হয়ে গেছে, তা তাঁদেরও জানা নেই। আর পার্ক-মাঠজাতীয় বেশ কিছু সম্পত্তি ‘রাজউক-গণপূর্ত-সিটি করপোরেশনের’ মালিকানা দ্বন্দ্বের সুযোগে রাজনৈতিক পরিচয়ের আড়ালে ভূমিদস্যুদের দখলে চলে যাচ্ছে।
দুই সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে থাকা এসব পার্কের অধিকাংশের প্রকৃত মালিক গণপূর্ত বিভাগ ও রাজউক। বিশেষ করে ঢাকার আবাসিক এলাকাগুলোর ভেতরে পার্কের প্রকৃত মালিক গণপূর্ত বিভাগ। তবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি করপোরেশনের। বিশেষ করে তাজমহল রোড পার্ক ও খেলার মাঠ, জাকির হোসেন রোড পার্ক, ধানমন্ডি খেলার মাঠ, উত্তরা ই ব্লক মাঠ ও পার্কসহ প্রায় ২৯টি পার্কের মালিক গণপূর্ত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগে যোগাযোগ করা হলে তারা পার্ক ও মাঠের তালিকা দেওয়া ছাড়া অন্য কোনো তথ্য দিতে পারেনি।
আইনি জটিলতা ও সিটি করপোরেশনের দুর্নীতির জন্য অবৈধ দখলদারদের কাছ থেকে নিজস্ব সম্পত্তি উদ্ধারে ব্যর্থ হচ্ছে করপোরেশন—এই অভিযোগ মেনে খালিদ হোসেন বলেন, অধিকাংশ ক্ষেত্রে প্রভাবশালীদের চাপে বা আর্থিক দুর্নীতির কারণে জরিপ প্রতিবেদনে অভিযোগের সত্যতা বিষয়ে কোনো তথ্য থাকে না। অন্যদিকে গণমাধ্যমের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় বটে, কিন্তু বেশির ভাগ সময়ে করপোরেশনের উচ্ছেদ কার্যক্রমকে চ্যালেঞ্জ করে অবৈধ দখলদারেরা রিট আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে স্থগিতাদেশ দেন। ফলে দীর্ঘ আইনি জটিলতায় কিছুই করা যায় না।