শিশুপার্ক ভাড়া, খেলাধুলা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার গোলকমনি শিশুপার্কের জায়গায় ঠিকাদার এভাবে বালু ও খোয়া ফেলে রাখায় পার্কটিতে শিশুদের খেলাধুলা বন্ধ রয়েছে l প্রথম আলো
খুলনার গোলকমনি শিশুপার্কের জায়গায় ঠিকাদার এভাবে বালু ও খোয়া ফেলে রাখায় পার্কটিতে শিশুদের খেলাধুলা বন্ধ রয়েছে l প্রথম আলো

নগরের নালা (ড্রেন) নির্মাণকাজের জন্য নির্মাণসামগ্রী রাখাতে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) গোলকমনি শিশুপার্কের জায়গা ভাড়া দিয়েছে। এতে প্রায় সাত মাস ধরে নির্মাণসামগ্রী রাখার কারণে শিশুদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর ক্ষোভের শেষ নেই।
কেসিসি থেকে জানা গেছে, নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের (সিআরডিপি) আওতায় নগরের স্যার ইকবাল রোডের নালা মেরামতের কাজ পেয়েছে মেসার্স এফটি অ্যান্ড আরই জেভি। নির্মাণকাজের মালামাল রাখার জন্য ২০১৩ সালের ১১ নভেম্বর পার্কের ভেতরে ঘর নির্মাণের অনুমতি চেয়ে মেয়রের কাছে আবেদন করেন ঠিকাদার। পরে প্রধান রাজস্ব কর্মকর্তা গত বছরের ২৬ ডিসেম্বর পার্কের ৩৪৩ বর্গফুট জায়গা তিন হাজার ৮৭৬ টাকায় ঠিকাদারকে ভাড়া দেন।
ভাড়ার শর্ত অনুযায়ী চলতি বছরের ৩১ মার্চের মধ্যে স্থান ছেড়ে দিতে হবে এবং অনুমোদিত জায়গা ছাড়া অতিরিক্ত জায়গা ব্যবহার করা যাবে না। কিন্তু ভাড়ার তিন মাসের জায়গায় ছয় মাস হলেও পার্ক ছাড়েননি ঠিকাদার। সম্প্রতি আগের তিন মাসের টাকা পরিশোধ করে আবারও নতুন করে অক্টোবর পর্যন্ত সময় চেয়ে আবেদন করেছেন।
সরেজমিন পার্ক ঘুরে দেখা গেছে, চুক্তিমূল্যের নির্ধারিত স্থানে ঘর নির্মাণ করেছেন ঠিকাদার। কিন্তু পাথর, বালু ও রড রাখা হয়েছে পার্কের মাঝখানে স্তূপ করে। প্রবেশপথের কাছেই রড ও বালু রাখায় পার্কের ভেতরে কেউ ঢুকতে পারে না। ভেতরের দোলনাগুলোও ভেঙে গেছে। মাঠজুড়ে নিমার্ণসামগ্রী। শিশুরা অনেকে এসে ফিরে যাচ্ছে।
এলাকাবাসীর অনেকে জানান, নগরের ধর্মসভাসংলগ্ন শূন্য দশমিক ৬৩ একর জায়গা নিয়ে গোলকমনি পার্কটি স্থাপিত। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত পার্কটি বর্তমানে কেসিসির অধীনে পরিচালিত হচ্ছে। পার্কে শিশুদের বিনোদনের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। তবুও সকালে-বিকেলে পার্কের ভেতরে খোলা জায়গায় ফুটবল ও ক্রিকেট খেলেই সন্তুষ্ট থাকত এলাকার শিশুরা। ঠিকাদারের কাছে ভাড়া দেওয়ার পর পার্কে সেই খেলাধুলাও বন্ধ।
স্থানীয় বাসিন্দা আবদুল রহমান বলেন, শুক্রবারে শিশুরা বাবা-মার হাত ধরে আসে। পার্কের মধ্যে উঁকিঝুঁকি মেরে আবার ফিরে চলে যায়। ২৩ ওয়ার্ড কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী বলেন, পার্ক ভাড়া দেওয়ার ঘটনা আগে কখনো শুনিনি।
খুলনা নাগরিক ফোরামের চেয়ারম্যান শেখ আবদুল কাইয়ুম বলেন, শিশুদের খেলার জন্য বিকল্প ব্যবস্থা না করে কেসিসির ভাড়া দেওয়া ঠিক হয়নি। কারণ শহরের শিশুদের খেলার জায়গা খুবই অপ্রতুল। ব্যাপারটি কেসিসির দেখা প্রয়োজন।
কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা শাহ নেওয়াজ তালুকদার বলেন, ‘কাজের মালামাল রাখার জন্য প্রতি বর্গফুট দুই টাকা করে ভাড়া দেওয়া হয়েছে। আমরা প্রকৌশলী বিভাগের কাছে জানতে চেয়েছি কাজ শেষ করতে আর কত সময় লাগবে। কাজ যত দ্রুত শেষ হবে তাকে তত দ্রুত পার্ক ছেড়ে দেওয়ার কথা বলব।’
ঠিকাদার শেখ মেজবাউল আরেফিন বলেন, ‘আশপাশে কোথায়ও জায়গা না থাকায় পার্কটা নিতে হয়েছে। আমি দ্রুত কাজ শেষ করে পার্ক ছেড়ে দেব।’