শিশুপার্ককে মেলার মাঠ বানানোর প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ শিশুপার্ককে মেলার মাঠ করার প্রতিবাদে খুলনার ১৪টি সংগঠন গতকাল পার্কটির সামনে মানববন্ধন করে l প্রথম আলো
জাতিসংঘ শিশুপার্ককে মেলার মাঠ করার প্রতিবাদে খুলনার ১৪টি সংগঠন গতকাল পার্কটির সামনে মানববন্ধন করে l প্রথম আলো

খুলনা নগরের জাতিসংঘ শিশুপার্ককে মেলার মাঠ করার প্রতিবাদে মানববন্ধন করেছে ১৪টি নাগরিক সংগঠন। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সিদ্ধান্তের বিরুদ্ধে গতকাল বুধবার সকালে পার্কটির সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো জন-উদ্যোগ, নাগরিক ফোরাম, বেলা, অপরাজেয় বাংলাদেশ, পরিবর্তন-খুলনা, বাপা, সিসিডি, বৃহত্তর আমরা খুলনাবাসী, ছায়াবৃক্ষ, সোনালী দিন, প্রতিবন্ধী ফাউন্ডেশন, পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি, আলীজ একাডেমী ও জাতীয় কবি নজরুল গবেষণা পরিষদ।
মানববন্ধনে বক্তারা বলেন, খুলনা নগরে শিশুদের জন্য কোনো বিনোদনকেন্দ্র নেই। যা আছে তাও শিশুদের খেলার উপযোগী নয়। গোলকমণি শিশুপার্ক, শেরেবাংলা এবং নিরালা রোডের মিনি শিশুপার্ক, সোনাডাঙ্গার শিশুপার্ক, খালিশপুর শিশুপার্ক ও খুলনা লেডিস পার্কগুলোর ভূমি আজ শ্রেণি পরিবর্তনের দ্বারপ্রান্তে। কেসিসি নির্বাচনের সময় সব মেয়র প্রার্থী আধুনিক শিশুপার্ক নির্মাণের অঙ্গীকার করেন। কিন্তু নির্বাচিত হলে তা ভুলে যান।
তাঁরা বলেন, ১৯৯৪ সালে ‘শিশুপার্ক’ নামের এ পার্ক গড়ে ওঠে। ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে এর নতুন নামকরণ করা হয় ‘জাতিসংঘ শিশুপার্ক’। বর্তমানে সংস্কার ও সংরক্ষণের অভাবে পার্কটি হারাচ্ছে তার সৌন্দর্য, প্রকৃতি ও বৈশিষ্ট্য। তা ছাড়া নগরের পার্কগুলোতে বিভিন্ন স্থাপনা করে জমি দখল করা হয়েছে, বহুতলবিশিষ্ট আরবান হেলথ কেয়ার সেন্টার ও সিটি করপোরেশনের পানি উত্তোলনের পাম্পহাউস বসেছে।
মানববন্ধনে বক্তারা অঙ্গীকার করেন, কোনোভাবেই কেসিসির এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। শিশুদের পার্ক শিশুদের ফিরিয়ে দিতে হবে। নগরের শিশুপার্কগুলোর বেহাল দশা কাটিয়ে উঠতে হবে।
পার্কের জমিতে মেলা করার সমালোচনা করে বক্তারা বলেন, মেলা প্রাঙ্গণ খুলনাবাসীর প্রয়োজন। তবে সেটি কোনোভাবেই শিশুদের খোলা জায়গা দখল করে নয়, জনবহুল এলাকায় নয়।
মানববন্ধন চলাকালে জন-উদ্যোগের আহ্বায়ক কুদরত-এ-খুদার সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনটির সদস্যসচিব মহেন্দ্রনাথ সেন, বিএনপির মহানগর সভাপতি নজরুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন প্রমুখ।