শিশুপুত্রকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরের ভোগড়া বাইপাস মোড়সংলগ্ন পেয়ারাবাগান এলাকা থেকে গতকাল সোমবার সকালে পুলিশ পিতা-পুত্রের লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় লোকজন বলছেন, নিজের ছয় বছরের ছেলে সাইদী হাসানকে গলা কেটে হত্যার পর আত্মহত্যা করেছেন মো. রাশেদুল ইসলাম (৩৫)। তাঁদের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার বড় হযরতপুর গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রাশেদুল তাঁর ছয় বছরের ছেলে সাইদী হাসান ও মা-বাবাকে নিয়ে পেয়ারাবাগান এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। রাশেদ পেশায় ভ্যানগাড়ির চালক। তাঁর স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। পারিবারিক কলহের জেরে রাতের কোনো একসময় রাশেদুল ছেলে সাইদী হাসানকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে তিনি ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। ঘটনার সময় রাশেদুলের মা-বাবা ঘরে ছিলেন না।

পুলিশ জানায়, সকালে পাশের ঘরের লোকজন জানালা থেকে দুজনের লাশ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য বাবা-ছেলের লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।