দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম চৌধুরী পাড়া গ্রামে আবদুর রশিদ সরকার (৪৫) তাঁর ছয় বছরের শিশুপুত্রকে খুন করেছেন। এ ঘটনায় স্ত্রী আসমা আদুরী (৩৫) বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ আবদুর রশিদকে গ্রেপ্তার করেছে। দাম্পত্য কলহের জের ধরে গতকাল সোমবার হত্যার ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, শোয়ার ঘরের মেঝেতে ফেলে শিশু সোবহানের গলা ধারালো বঁটি দিয়ে কেটে ফেলা হয়েছে। সোমবার বিকেলে ময়নাতদন্তের জন্য শিশু সোবহানের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আবদুর রশিদ সরকার জানান, তাঁদের বিয়ে হয়েছে ১৯৯৮ সালে। তাঁদের ছেলে দুটি—আসিফ বাবু (১১) ও আবদুস সোবহান (৬)।কমলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাজেদুর রহমান সরকার জানান, তাঁদের পারিবারিক কলহ মীমাংসার জন্য একাধিকবার সালিস হয়েছে।