শিশুপুত্রকে জবাই করে হত্যা করলেন মাদকাসক্ত পিতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের মহদিপুর গ্রামে গতকাল শনিবার এক মাদকসেবী পিতা তাঁর একমাত্র শিশুপুত্র আবুবক্কর সিদ্দিককে (৫) জবাই করে বাড়ির পশ্চিম পাশের ধানখেতে লাশ ফেলে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই শিশুর মা শিরিনা খাতুন (৩০) বাড়িতে ছিলেন না। ঘটনার পর থেকে ঘাতক রফিকুল ইসলাম (৩৫) পলাতক।শিশুটির দাদি রেজিয়া খাতুন (৫৫) জানান, গতকাল সকালে আবুবক্কর সিদ্দিকের পিতা রফিকুল ইসলাম বাড়ির পশ্চিম পাশে ঘাস কাটতে যান। এ সময় তাঁর পেছন পেছন আবুবক্কর সিদ্দিকও যায়। ঘণ্টা দুয়েক পর রফিকুল বাড়ি ফিরে এলে তাঁর কাছে আবুবক্কর সিদ্দিক কোথায় আছে, তা জিজ্ঞেস করেন রেজিয়া খাতুন। আবুবক্কর দোকানে বা অন্য কোথাও গিয়ে থাকতে পারে বলে রফিকুল জানান। একটু পরে মাঠে গ্রামের ছেলেরা ঘাস কাটতে গিয়ে আবুবক্কর সিদ্দিকের জবাই করা লাশ দেখতে পায় এবং বাড়িতে এসে জানায়। খবর পেয়ে তার দাদিসহ বাড়ির লোকজন ওই ধানখেতে গিয়ে আবুবক্কর সিদ্দিকের লাশ দেখে বাড়িতে নিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আবুবক্করের চাচা সাইফুল ইসলাম ও প্রতিবেশী আবু আব্বাসসহ অনেকেই জানান, রফিকুল ইসলাম গাঁজা ও মদ খেয়ে প্রায়ই মাতলামি করতেন। স্ত্রী, সন্তানের খোঁজখবর রাখতেন না। উদাসীনভাবে চলাফেরা করতেন। ফলে আবুবক্কর সিদ্দিকের মা শিরিনা খাতুন সংসারের খরচ চালানোর জন্য ঢাকার একটি গার্মেন্টসে কাজ নেন।ফুলপুর থানার ওসি এস আলম জানান, ‘ধারালো অস্ত্র দিয়ে ওই ছেলেকে জবাই করে হত্যা করা হয়েছে।’ তিনি বলেন, রফিকুল ইসলাম মাদকাসক্ত হওয়ায় এ ঘটনা ঘটিয়েছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।