চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মোস্তাকিম নামে সাড়ে চার বছর বয়সী একটি শিশুকে হত্যা করা হয়েছে। শিশুটির মা জানিয়েছেন, মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পেয়ে তাঁর সামনেই মোস্তাকিমকে শ্বাসরোধ করে হত্যা করেছেন তাঁর স্বামী কালু মণ্ডল। উপজেলার খাসকররা ইউনিয়নের পারলক্ষ্মীপুর গ্রামে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ গতকাল রোববার লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কালু মণ্ডলকে পিটুনির পর পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী।
নিহত মোস্তাকিমের মা খাদিজা বেগম জানান, তাঁর স্বামী কালু মণ্ডল মাদকাসক্ত। শনিবার রাত ১০টার দিকে বাইরে থেকে বাড়ি ফিরে নেশার জন্য তাঁর কাছে টাকা চান। টাকা নেই জানালে, তাঁকে বেধড়ক মারপিট করেন। এতেও টাকা না পেয়ে ঘুমিয়ে থাকা ছেলে মোস্তাকিমকে তুলে চৌকির ওপর আছাড় মারেন। এতে মোস্তাকিমের নাক নিয়ে রক্ত বেরিয়ে যায় এবং সে কাঁদতে থাকে। এ সময় কান্না থামাতে তাঁর স্বামী ছেলে মোস্তাকিমের গলা টিপে ধরেন। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
প্রতিবেশী ইউনুস আলী জানান, রাতের ওই খুনের ঘটনা বাড়ির লোকজন চেপে যাওয়ার চেষ্টা করলেও সকালে তা জানাজানি হয়ে যায়। এরপর আশপাশের লোকজন কালু মণ্ডলকে ধরে স্থানীয় বাজারে নিয়ে যান এবং সেখানে গাছের সঙ্গে বেঁধে পিটুনি দেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত ওই শিশুর মা খাদিজা বেগম তাঁর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। কালু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ছেলেকে হত্যার কথা তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন।