শিশুবান্ধব নগর গড়ার প্রতিশ্রুতি
নির্বাচিত হলে ঢাকাকে শিশুবান্ধব নগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থীরা। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এক মতবিনিময় সভায় তাঁরা এই অঙ্গীকার করেন।
গতকাল মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থীদের নিয়ে এই সভার আয়োজন করে অপরাজেয়-বাংলাদেশ নামের একটি বেসরকারি সংগঠন। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
ঢাকার উভয় অংশের ৩৬ জন মেয়র প্রার্থীর মধ্যে সভায় ১৬ জন অংশ নেন, অন্যজন ছিলেন দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। আফরোজাসহ ঢাকা দক্ষিণের প্রার্থীদের মধ্যে ছিলেন: দিলীপ ভদ্র, বাহারাইনে সুলতান বাহার, বজলুর রশিদ ফিরোজ, গোলাম মওলা রনি, জাহিদুর রহমান, রেজাউল করিম, মশিউর রহমান, আইয়ুব হোসেন, এস এম আকরাম ও শাহিন খান। উত্তরের প্রার্থীদের মধ্যে ছিলেন: আবদুল্লাহ আল ক্বাফী, জোনায়েদ সাকি, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, আনিসুর রহমান, শহিদুল ইসলাম ও নাদের চৌধুরী। সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু।
সভায় মহানগরের সুবিধাবঞ্চিত শিশু, তাদের অভিভাবক ও একাধিক বেসরকারি সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, নির্বাচনী ইশতেহারে শিশু অধিকারের বিষয়টি উপেক্ষিত হয়েছে। আয়োজকেরা প্রার্থীদের কাছে রাজনৈতিক কর্মসূচিতে, ঝুঁকিপূর্ণ কাজে, মাদক-সংক্রান্ত বিষয়ে শিশুদের যুক্ত না করার দাবি জানান।
অনুষ্ঠানে প্রত্যেক প্রার্থীকে পাঁচ মিনিট করে সময় দেওয়া হয়। নির্ধারিত সময়ে কেউ বক্তব্য শেষ করতে পারেননি, তাদের থামাতে হয়। নির্বাচিত হলে শিশুদের বিশেষত অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে কী তার প্রতিশ্রুতি দেন সব প্রার্থী।
সভার শুরুতে এসএসসি পরীক্ষার্থী সৈকত হোসেন ও দশম শ্রেণির শিক্ষার্থী নাজমিন আক্তার মেয়র প্রার্থীদের উদ্দেশে বলেন, শিশুরা যেন ছিন্নমূল হয়ে পথে পথে না থাকে, তারা যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।
প্রতিক্রিয়ায় আফরোজা আব্বাস বলেন, মির্জা আব্বাস নির্বাচিত হলে তিনি যেন খেলার মাঠ সংস্কারসহ শিশু অধিকার রক্ষায় কাজ করেন সে কথা আফরোজা তাঁর স্বামীকে বলবেন।
আবদুল্লাহ আল ক্বাফী বলেন, ঢাকা শহরের শতকরা ৩৫ ভাগ মানুষ বস্তিতে বা ফুটপাতে বসবাস করেন। অত্যন্ত অমানবিক তাঁদের জীবনযাত্রা। তিনি মানবিক নগর গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনী প্রচারে।
দক্ষিণের বজলুর রশিদ ফিরোজ বলেন, শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা না গেলে দেশ ও জাতির ভবিষ্যৎ ভালো হবে না। সিটি করপোরেশনের আওতায় যে সুযোগ আছে শিশুদের কল্যাণে তা সর্বোত্তম ব্যবহারের নিশ্চয়তা দেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, শিশুরা যাতে প্রকৃতই তাদের শৈশব ফিরে পায় এবং শিক্ষা থেকে বঞ্চিত না হয় তিনি সেই ব্যবস্থা করবেন।
নাদের চৌধুরী শিশুদের জীবনের একটি লক্ষ্য ঠিক করে দৃঢ় মনোবল নিয়ে তা অর্জনের জন্য পরিশ্রম করার কথা বলেন।