শিশুবান্ধব পরিসরে বেড়ে উঠছে রোহিঙ্গা শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের শিশুবিষয়ক তহবিলের (ইউনিসেফ) তথ্যমতে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুর সংখ্যা এখন প্রায় ৩ লাখ ২০ হাজার। রোহিঙ্গা শিশুরা উখিয়া ও টেকনাফের শরণার্থীশিবিরে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা শরণার্থীদের মধ্যে অনেক শিশু আছে, যারা মা-বাবাকে হারিয়েছে। এসব শিশু সেখানের যে ভয়াবহ পরিস্থিতি ও বর্বরতা দেখে এসেছে, সেটি তাঁদের ওপর মানসিক প্রভাব ফেলেছে।

শিশুদের সুস্থ বিকাশ ও মনোবল গড়ে তুলতে কুতুপালং শরণার্থী শিবিরে সামাজিক ও মানব উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে বিভিন্ন দেশি-বিদেশি সাহায্য সংস্থা। এ জন্য উখিয়ার কুতুপালং ও শরণার্থী ক্যাম্পে গড়ে উঠেছে বেশ কিছু শিশুবান্ধব পরিসর। রোহিঙ্গা শিশুদের জন্য শিক্ষা ও বিনোদনমুখী কার্যক্রম পরিচালনা করছে এসব কেন্দ্র। সেখানে তারা খেলাধুলার সুযোগ ও স্বেচ্ছাসেবকদের আদর-যত্ন পাচ্ছে।

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের পাশে ইউনিসেফের অর্থায়নে তৈরি করা হয়েছে এমন একটি ‘শিশুবান্ধব পরিসর’। ইউনিসেফের এই প্রকল্প বাস্তবায়ন করছে কোডেক নামের একটি এনজিও সংস্থা। কোডেকের কর্মকর্তা ফেরদৌস আলম প্রথম আলোকে বলেন, বাংলাদেশি ও রোহিঙ্গা শিক্ষকদের মাধ্যমে রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। এ কেন্দ্রে এসে শিশুরা সময় কাটাচ্ছে। রোহিঙ্গা শিশুদের বিনোদনের ব্যবস্থাসহ প্রাথমিক শিক্ষার সুযোগ থাকছে।

রোহিঙ্গা শিশুদের প্রতি বাড়তি মনোযোগ দেওয়া প্রয়োজন উল্লেখ করে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে ব্র্যাকের নির্বাহী পরিচালক মুহাম্মাদ মুসা বলেন, ‘আসলে শরণার্থী শিবিরের শিশু ও তরুণদের দিকে বাড়তি মনোযোগ থাকা জরুরি বলে আমি মনে করি। কারণ, তাদের সঠিক পথে পরিচালিত না করতে পারলে বা কর্মক্ষম করে তুলতে না পারলে তারা আমাদের জন্য সামনে বড় সমস্যার কারণ হতে পারে। আমরা ব্র্যাকের পক্ষ থেকে কিছু “শিশুবান্ধব পরিসর” তৈরি করেছি। সেখানে আমাদের স্বেচ্ছাসেবক রয়েছেন, আমরা রোহিঙ্গাদের মধ্য থেকেও লোকজন নিয়ে প্রশিক্ষণ দিচ্ছি। শিশুদের মানসিক চাপ দূর করার ক্ষেত্রে এ ধরনের জোনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’

সম্প্রতি ইউনিসেফ পরিচালিত এ ধরনেরই একটি ‘শিশুবান্ধব পরিসর’-এ সরেজমিনে গিয়ে দেখা যায়, ছনের চাল ও বাঁশের বেড়া দিয়ে তৈরি একটি ঘরে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আঞ্চলিক গান, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। দেয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছে শিশুদের আঁকা ছবি। ঘরের ভেতরে-বাইরে নানা রঙের বেলুন দিয়ে সাজিয়ে উৎসবের আমেজ তৈরি করা হয়েছে। কয়েক মিটার জায়গায় শিশুরা মেঝেতে ঠাসাঠাসি করে বসে আছে। সবারই চোখে-মুখে উচ্ছ্বাস। শেষ কবে ওদের জীবনে এমন আনন্দ এসেছিল বা আদৌ হয়তো আসেনি। তাই হয়তো বা ওদিন অমন বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ছিল ওরা।

সপ্তাহব্যাপী নানা আয়োজনে বাঙালি শিশুসহ মোট ১০০ শিশু এতে অংশ নেয়। রোহিঙ্গা শিশুরা বাংলা, ইংরেজি ও বর্মিজ ভাষায় ছড়া-কবিতা আবৃত্তি এবং গান পরিবেশন করে। এদের কেউ একজন আবার বিশ্বসংগীতের পপ সেনসেশন জাস্টিন বিবারের জনপ্রিয় ‘আই নো ইউ লাভ মি’ গানটি গেয়ে শোনায়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রত্যেককে পুরস্কার দেওয়া হয়।

রোহিঙ্গা শিশুদের মানসিক চাপ দূর করতে এ ধরনের ‘শিশুবান্ধব পরিসর’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।