শিশুবান্ধব বাংলাদেশ গড়তে চায় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ বিতরণ করেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ বিতরণ করেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার এমন বাংলাদেশ নির্মাণ করতে চায়, যেখানে প্রতিটি শিশু যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। তারা আধুনিক শিক্ষা পাবে; অত্যাধুনিক সব প্রযুক্তিতে সমৃদ্ধ হবে। গতকাল শনিবার গণভবনে একটি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। খবর বাসস ও ইউএনবির।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট জাতির পিতার ৯২, ৯৩, ৯৪ ও ৯৫তম জন্মদিন উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করে। বঙ্গবন্ধুর ছোট মেয়ে ও ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শেখ রেহানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু জাদুঘরের সভাপতি শিল্পী হাশেম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেমোরিয়াল ট্রাস্টের সদস্যসচিব শেখ হাফিজুর রহমান ও ট্রাস্টের নির্বাহী কর্মকর্তা মাসুরা হোসেন।
প্রধানমন্ত্রী প্রতিযোগিতায় বিজয়ী ১৫০ জনের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন। ট্রাস্টের সভাপতির পদে থাকা শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশকে আমরা এমনভাবে গড়ে তুলতে চাই, যেখানে শিশুরা আধুনিক শিক্ষা পাবে। তারা দেশকে এগিয়ে নিতে শিক্ষায় মেধাবী, নৈতিক গুণাবলিসমৃদ্ধ ও অত্যাধুনিক সব প্রযুক্তির জ্ঞানে নিজেদের সমৃদ্ধ করবে।’
দেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর, উন্নত ও শান্তিপূর্ণ পরিবেশ উপহার দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের মাঝে একটি স্বাধীন মর্যাদাসম্পন্ন ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে তাঁর সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে এবং যাবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তাঁর গোটা জীবন অত্যন্ত সরল জীবনযাপন করেছেন। এমনকি দেশের প্রেসিডেন্ট হয়েও কড়া নিরাপত্তায় তাঁর সরকারি বাসভবনের পরিবর্তে ধানমন্ডির নিজ বাড়িতে বাস করেছেন। খুনিরা তাঁর এই সরলতার সুযোগ নিয়েছে এবং নির্মমভাবে এই বাড়িতে তাঁকে হত্যা করেছে। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা পাকিস্তানি দখলদারি শক্তির সঙ্গে হাত মিলিয়েছিল এবং যুদ্ধাপরাধীরা ওই হত্যাকাণ্ডের পেছনে ভূমিকা রেখেছিল।
প্রধানমন্ত্রী বলেন, তিনি ও তাঁর বোন শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান। এরপর দেশে ফিরে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের কাজ করার জন্য তাঁর ধানমন্ডির বাড়িটি জাদুঘরে পরিণত করেন এবং মেমোরিয়াল ট্রাস্টকে দান করেন। তিনি উল্লেখ করেন, এই ট্রাস্ট শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ দেশের লোকজনকে বিভিন্ন সহযোগিতা দিয়ে আসছে। পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে ট্রাস্ট যৌথভাবে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। শেখ হাসিনা বলেন, ‘আমরা এই হাসপাতাল থেকে কিছুই নিচ্ছি না। আমরা হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বলেছি, তারা যেন দরিদ্র মানুষকে চিকিৎসা-সুবিধা দেয়।’