শিশুবিবাহ একটি ব্যাধি
বিচারপতি মো. ইমান আলী বলেছেন, ১৮ বছরের নিচে সবাই শিশু। আর শিশুবিবাহ একটি মারাত্মক ব্যাধি। শিশুবিবাহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ১৬ বছরের একটা শিশুর পক্ষে আরেকটি শিশু জন্ম দেওয়া, লালন-পালন করা অসম্ভব। ১৪-১৫ বছরে বিয়ে দিলে সেই শিশু কোনো কিছু শিখতে পারবে না, পরবর্তী সময়ে পারিবারিক সিদ্ধান্তও নিতে পারবে না।
গতকাল মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি আয়োজিত শিশুবিবাহ প্রতিরোধ বিল-২০১৪ এবং মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন বিল-২০১৪-এর ওপর মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিচারপতি মো. ইমান আলী বলেন, অনেকে বলেন, মা-চাচিদের অল্প বয়সে বিয়ে হয়েছিল, কোনো ক্ষতি হয়নি। কিন্তু খোঁজ নিলে দেখা যাবে হাজার হাজার মহিলা স্বাস্থ্য সমস্যায় ভুগছে। অল্প বয়সে বিয়ে দিলে মেয়েরা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। শিক্ষা ছাড়া নারীর ক্ষমতায়ন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জন করা সম্ভব নয়।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি এবং জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ফাওজিয়া করিম ফিরোজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।