শিশুবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা নেওয়ার দাবি
মেহেরপুরে মোট বিয়ের শতকরা ৮০ ভাগই শিশুবিবাহ। এই শিশুবিবাহ প্রতিরোধের জন্য কার্যকর ভূমিকা নেওয়া দরকার।
গতকাল বুধবার সেভ দ্য চিলড্রেন আয়োজিত মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘শিশুবিবাহ প্রতিরোধ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা ওই দাবি জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মাহমুদ হোসেন বলেন, শিশুবিবাহ সবচেয়ে বেশি খুলনা বিভাগে। বিভাগের ৭৫ ভাগ বিয়েই শিশুবিবাহ। আর মেহেরপুরে মোট বিয়ের শতকরা ৮০ ভাগ শিশুবিবাহ। পারিবারিক অসচেতনতা ও দারিদ্র্যের কারণে কেবল দরিদ্র পরিবারের শিশুরাই এর শিকার হচ্ছে। তাই ১৫ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত শিশুবিবাহ প্রতিরোধ আইন কঠোরভাবে প্রয়োগসহ সামাজিক সচেতনতা সৃষ্টি করে আগামী ছয় মাসের মধ্যে মুজিবনগর উপজেলাকে এবং এক বছরের মধ্যে পুরো জেলাকে শিশুবিবাহমুক্ত করা হবে।
অনুষ্ঠানে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন ঝড়ে পড়া শিক্ষার্থীদের পরিসংখ্যান দিয়ে বলেন, ঝরে পড়া এই শিক্ষার্থীদের ৯০ ভাগ শিশুবিবাহের শিকার হয়ে পড়াশোনা ছেড়েছে। তিনি শিশুবিবাহ প্রতিরোধে জেলায় এখনই কার্যকর ভূমিকা নেওয়ার দাবি জানান।
মেহেরপুর সেভ দ্য চিলড্রেনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা সেভ দ্য চিলড্রেনের শিশু সুরক্ষা প্রকল্প ব্যবস্থাপক সোয়ালেহীন ফাতেমা। সেভ দ্য চিলড্রেন ঢাকার প্রোগ্রাম পরিচালক সাহানা নাজনীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলার সিভিল সার্জন ইসমাইল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ আহমেদ, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা এনজিও সমিতির সভাপতি ও পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেন, জেলা বিবাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি আবুল বাশার, জেলা শিশু কর্মকর্তা সিদ্দিকুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন কার্যালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বক্তাদের অধিকাংশই অভিযোগ করে বলেন, পারিবারিক চাপ, দারিদ্র্যের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রার ও ইমামদের কর্তব্যে অবহেলা এবং অসততার কারণে মেহেরপুরে শিশুবিবাহের হার ক্রমেই বেড়ে চলেছে। তাই গুটি কয়েক বিবাহ রেজিস্ট্রার ও ইমামদের বিরুদ্ধে আইনের কঠোর শাস্তি প্রয়োগ করা হলে জেলায় শিশুবিবাহ কমে যাবে।