শিশুবিবাহ প্রতিরোধ শীর্ষক গোলটেবিল বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৭ সেপ্টেম্বর ২০১৪, মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সেভ দ্য চিলড্রেনের অায়োজনে ‘শিশুবিবাহ প্রতিরোধ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত  হলো।

সহযোগিতায় মেহেরপুর জেলা প্রশাসন

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠক
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠক

আলোচনা

ফারুক হোসেন: শিশুবিবাহ প্রতিরোধ বিষয়ে গোলটেবিল বৈঠকে সবাইকে আমন্ত্রণ। বাংলাদেশ সরকার শিশুবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসনও এ ব্যাপারে তৎপর। আমরা যদি মেহেরপুর জেলায় শিশুবিবাহ প্রতিরোধ করার জন্য পদক্ষেপ নিই, তাহলে হয়তো অচিরেই এই জেলায় শিশুবিবাহের হার কমে যাবে। তাই আজকের এ বৈঠকের উদ্দেশ্য হবে তি​নটি। এগুলো হলো আন্তবিভাগীয় সম্পর্ক সমন্বয় করা, প্রয়োজনীয় পদক্ষেপ বা কাজ চি‌হ্নিত করা এবং পরবর্তী সময়ে এসব বিষয়ে ইউনিয়ন পর্যায়ে কাজ করা। এ বিষয়ে সবার সুচি‌ন্তিত মতামত আশা করছি। বৈঠকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি ডা. শাহানা নাজনীনকে।

শাহানা নাজনীন: আজকে আমরা শিশুবিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন, বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুরে শিশুবিবাহের হার অনেক বেশি। আর শিশুর সামগ্রিক বিকাশে শিশুবিবাহ একটি বড় প্রতিবন্ধকতা। এ ক্ষেত্রে আমরা যদি সবাই একসঙ্গে উদ্যোগ নিই, তাহলে হয়তো শিশুবিবাহ প্রতিরোধ করতে পারব। এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্যই আজকের এই আয়োজন। আশা করছি, সবাই তাঁদের বক্তব্যের মধ্যে শিশুবিবাহ বন্ধে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেবেন।

ইসমাইল ফারুক: আজকের বৈঠকের উদ্দেশ্য কীভাবে বাল্যবিবাহ ঠেকানো যায়, এ বিষয়ে আলোচনা করা। এ বিষয়ে প্রশাসন কাজ করছে। সাংবাদিক ও উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধিরাও কাজ করছেন। আরও কাজ করতে হবে। তবে কিছু বিষয়ে আমরা এখনো সমস্যা নিরসন করতে পারিনি। আমরা মাতৃমৃত্যু কমিয়ে কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ে আসতে পারিনি। আর এই মাতৃমৃত্যুর একটি বড় কারণ বাল্যবিবাহ। বর্তমানে প্রতি লাখে ১৯টি শিশু জন্মের সাত দিনের মধ্যেই মারা যাচ্ছে। এর কারণও বাল্যবিবাহ। আবার অনেক সময় শিশু কম ওজন নিয়ে জন্মায়, সেটাও হচ্ছে বাল্যবিবাহের কারণে। একজন মা নিজে শিশু, সে কীভাবে একটি পরিপুষ্ট শিশুর জন্ম দিতে পারে। তাই এ বিষয়ে আরও পদক্ষেপ নিতে হবে। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মতিউর রহমান: শিশুবিবাহের কারণে সামাজিক ব্যবস্থা ভেঙে পড়ছে। এই জেলায় শিশুবিবাহের হার বেশি। আমরা কিশোরেরা শিশুবিবাহের কুফলগুলো বাবা-মা, পাড়া-প্রতিবেশীর সামনে তুলে ধরতে পারি। আবার সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নাটকের মাধ্যমে শিশুবিবাহের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন করতে পারি। আবার ইভ টিজিং বন্ধে সবাইকে সচেতন করে তুলতে পারি। আর এসব কাজ সবাইকে সঙ্গে নিয়েই করতে হবে।

তাসরিফুন লিজা: দারিদ্র্য ও অভিভাবকদের অসচেতনতার জন্য শিশুবিবাহ হচ্ছে। আমরা সবাইকে এ ব্যাপারে সচেতন করতে পারি। মানসম্মত শিক্ষা না পাওয়ার কারণেও শিশুবিবাহগুলো ঘটে। দেখা যায়, স্কুলের শিক্ষার মান তেমন ভালো নয়। আবার শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে শিক্ষকেরা পরীক্ষায় নম্বর কম দেন। পরীক্ষার ফলাফল এত খারাপ হয় যে বাবা–মা ওই কন্যাশিশুকে আর পড়াতে উৎ​সাহী হন না। তাকে বিয়ে দিয়ে দেন।

মিজানুর রহমান: মেহেরপুরে শিশুবিবাহের হার কমিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছি। তবে কিছু সমস্যা রয়ে গেছে। যেমন কোথাও শিশুবিবাহ হচ্ছে শুনলে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসককে জানাই। তিনি উদ্যোগ নিয়ে সেই বিয়ে বন্ধ করেন। শিশুবিবাহ বন্ধে কাজিদেরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

আশাদুজ্জামান সেলিম: আমরা শিশুবান্ধব পরিবেশ তৈরি করতে পারছি না। এটা বাল্যবিবাহের অন্যতম কারণ। আমরা গণস্বাক্ষরতা জরিপে দেখেছি, যেমন প্রবাসী ছেলেরা দেশে এসে অল্পবয়সী মেয়েদের বিয়ে করে। এ ক্ষেত্রে ছেলের মা-বাবাও রাজি থাকেন। সমাজের অনেকেই বাল্যবিবাহের কুফল জানে না। আমরা বাল্যবিবাহের কুফল নিয়ে জরিনার সংসার নামে একটি নাটক নির্মাণ করেছি। আমরা যদি প্রান্তিক পর্যায়ে নাটকটি দেখাতে পারি, তাহলে হয়তো জনগণ এ বিষয়ে সচেতন হবে।

মাজেদুল হক মানিক: শিশুবিবাহ মেহেরপুরের একটি বড় সমস্যা। আর এটা মোকাবিলায় এখনই প্রয়োজন স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের একযোগে কাজ করা। সবাই একযোগে সমন্বিতভাবে কাজ করলে অচিরেই শিশুবিবাহ বন্ধ হবে বলে আশা করি।

মোহাই মিনুর রহমান: আমাদের সংগঠন শিশুবিবাহ প্রতিরোধে কাজ করছে নিয়মিতভাবে। প্রান্তিক পর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি, অভিভাবকেরা তাঁদের কন্যাশিশুদের নিয়ে দুশ্চিন্তা করেন। কারণ, এখনো ইভ টিজিংয়ের মতো সমস্যা রয়ে গেছে। আর অভিভাবকেরা মনে করেন, এর থেকে পরিত্রাণের জন্য কন্যাশিশুকে বিয়ে দিলেই সমস্যা মিটে যাবে। তাই আমরা যদি এই সমস্যাগুলো নিরসনে কাজ করি, তাহলে হয়তো শিশুবিবাহের হার অনেকটাই কমবে।

মুজাহিদ মুন্না: ইভ টিজিং মেহেরপুরের একটি বড় সমস্যা। আর এর অন্যতম কারণ কেব্‌ল নেটওয়ার্কের স্থানীয় চ্যানেলে অল্পবয়সী মেয়েশিশুদের দিয়ে নাচ-গান করানো হচ্ছে। এই স্থানীয় চ্যানেলগুলোতে কুরুচিপূর্ণ নাচ-গান বন্ধ হলে ইভ টিজিং অনেকটাই কমবে।

আব্দুল হামিদ: আমরা শিশুবিবাহ বন্ধে কঠোর অবস্থান নিয়েছি। কিন্তু দেখা যায়, কোনো শিশুর বিয়েতে বাধা দিলে সেই বিয়েগুলো পরে রাতে অনুষ্ঠিত হচ্ছে। এ ব্যাপারে জেলা প্রশাসক পদক্ষেপ নিলে এ অবস্থার নিরসন সম্ভব। সেই সঙ্গে শিশুবিবাহ বন্ধে স্থানীয় মসজিদের ইমামের কঠোর অবস্থানও জরুরি।

মোশাররফ হোসেন: বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন, উপজেলা ও জেলায় শোভাযাত্রা করতে পারি। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো যেতে পারে। এ ছাড়া পাঠ্যপুস্তকে বাল্যবিবাহের কুফল-সম্পর্কিত লেখা সন্নিবেশ করলে বাল্যবিবাহের হার কমে আসতে পারে। প্রতিটি এলাকায় শিশু ও নারী নির্যাতন কমিটি আছে, সেখানেও বাধ্যতামূলকভাবে বাল্যবিবাহ বন্ধে এজেন্ডা থাকতে হবে।

সোয়ালিহীন ফাতেমা: জাতিসং​ঘ শিশু অধিকার সনদ অনুযায়ী ১৮ বছরের কম বয়সে সংঘটিত বিয়ে শিশুবিবাহ বলে গণ্য করা হয়। শিশুবিবাহ কিন্তু ক্ষতিকর একটি প্রথা। ইউনিসেফের সর্বশেষ তথ্যমতে (সেপ্টেম্বর ২০১৪), দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে শিশুবিবাহের হার সর্বোচ্চ। ​কন্যাশিশু তথা নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এর বড় কারণ। শিশুবিবাহ বন্ধে একটি জনগোষ্ঠীর বিবাহ অঞ্চলের বিস্তৃতি চিহ্নিত করা জরুরি এবং সেই সম্পূর্ণ অঞ্চলের জনগণকে সম্পৃক্ত করা প্রয়োজন।

গোলাম সিদ্দিক: এশিয়ার মধ্যে বাংলাদেশে বাল্যবিবাহের হার বেশি। আবার বাংলাদেশের মধ্যে মেহেরপুরে বাল্যবিবাহের হার আশঙ্কাজনক হারে বাড়ছে। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখানে এনসিটিএফ শিশুবিবাহ বন্ধে কাজ করছে। তাদের গোপন খবরের ভিত্তিতেই অনেক বিয়ে ভেঙে দেওয়া হয়েছে। তাদের আরও বেশি গতিশীল হতে হবে এবং প্রা‌ন্তিক পর্যায়ে এনসিটিএফের কার্যক্রম বাড়াতে হবে। তাহলে বাল্যবিবাহের হার অনেকাংশে কমবে।

মাসুদুল হাসান মালিক: অনেক সময় দেখা যায়, কোনো এলাকায় বাল্যবিবাহ হয়ে যাওয়ার পর আমরা হাল ছেড়ে দিই। কিন্তু সেটা না করে যদি যে পরিবারে বাল্যবিবাহের ঘটনা ঘটে, সেই পরিবারগুলোকে বিভিন্ন সুযোগ-সুবিধা যেমন: সরকারি রিলিফ, শিশুদের উপবৃত্তির মতো সুবিধা থেকে বঞ্চিত করা হয়, তাহলে হয়তো অভিভাবকেরা বাল্যবিবাহে নিরুৎসাহিত হবেন।

রফিকুল আলম: সবাইকে বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হতে হবে। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ কারণে সবাই মিলে সামাজি​ক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর এই প্রতিরোধ প্রান্তিক পর্যায় থেকে শুরু কর​েত ​হবে।

আশরাফুজ্জামান: শিশুবিবাহের ফলে আমরা শিক্ষকেরাও বেশ অসহায়বোধ করি। দেখা যায়, যে কন্যাশিশু ষষ্ঠ শ্রেণিতে এসে ভর্তি হয়, তিন দিন পর অভিভাবকেরা মেয়েটিকে বিয়ে দিয়ে দেন। এর ফলে শিশুটির জীবনে চরম দুর্ভোগ নেমে আসে। একই সঙ্গে শিক্ষাজীবনের সেখানেই ইতি ঘটে। এ অবস্থা নিরসনে অভিভাবকদের সঙ্গে নিয়মিত বৈঠক করা জরুরি। তাহলে শিশুবিবাহ অনেকাংশেই কমে যাবে।

আনোয়ার হোসেন: এই এলাকায় স্কুলগুলোতে শিশুদের ঝরে পড়ার হার অনেক বেশি। ২০১০ সালে সপ্তম শ্রেণিতে পড়ত, এর মধ্যে ছাত্র ছিল এক হাজার ৮৩৭ জন। আর ছাত্রী এক হাজার ৮৬৪ জন। পরবর্তী সময়ে এসএসসি পরীক্ষা দেয় ছাত্র ৭৯৫ জন আর ছাত্রী ৯৫৭ জন। তার মানে প্রায় অর্ধেক ছাত্রী এই তিন বছরেই ঝরে পড়েছে। এর বড় কারণ বাল্যবিবাহ। আমরা বিগত তিন-চার বছরে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবকদের দিয়ে শপথবাক্য পাঠ করিয়েছি। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বাল্যবিবাহ বন্ধ হয়নি। বাল্যবিবাহের একটি বড় কারণ দারিদ্র্য। আরেকটি কারণ সামাজিক নিরাপত্তার অভাব। তাই এ অবস্থা নিরসনে সচেতনতা যেমন বৃদ্ধি করতে হবে, তেমনি কন্যাশিশুদের সামাজিক নিরাপত্তারও ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে প্রশাসনকে এগিয়ে আসতে হবে।

জাভেদ আখতার: এই অঞ্চলের শিশুরা বিদ্যালয়ে যে উপবৃত্তি পাচ্ছে, তার হার ৪৫ শতাংশ। সেটা যদি ৯০ শতাংশ করা যায়, তাহলে অভিভাবকেরা শিশুদের বিদ্যালয়ে পাঠাতে উৎসাহী হবেন। আর তাতে করে ঝরে পড়ার হারও কমবে। এ ব্যাপারে জেলা প্রশাসক ব্যবস্থা নিতে পারেন।

এম এ কে খায়রুল বাশার: কাজি সমিতির মাসিক সভায় আমরা বাল্যবিবাহের সংকট নিয়ে আলোচনা করি। এসব সভায় বলা হয়, কোনো কাজি এ ধরনের বিয়ে পড়াবেন না। কারও বিরুদ্ধে যদি এ ধরনের অভিযোগ পাওয়া যায়, তবে কাজি সমিতি এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। মেহেরপুর জেলায় বেশির ভাগ বিয়েই পড়ান স্থানীয় ইমামরা। সে জন্য বিয়ে পড়ানোর সঙ্গে রেজিস্ট্রির সম্পৃক্ততা কম। তবে কাজিদের আরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

এ কে এম শাহীন কবির: প্রতি শুক্রবার জুমার নামাজে খুতবার আগে উপস্থিত মুসল্লিদের আমরা বাল্যবিবাহ পড়ানো থেকে বিরত থাকতে আহ্বান করি। একই সঙ্গে বয়সের প্রমাণপত্র না পেলে যেন কোনো বিয়ে না পড়ান, এ ব্যাপারেও মুসল্লিদের অনুরোধ করি। একই সঙ্গে বাল্যবিবাহের ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করি।

তাজুল ইসলাম: আমরা মার্চ থেকে জুন মাস পর্যন্ত চারটি বাল্যবিবাহের সংবাদ পেয়েছি। প্রশাসনের সহায়তায় সেই বিয়েগুলো ভেঙে দিই। পরবর্তী সময়ে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত একটি বাল্যবিবাহের সংবাদ পেয়েছি। দেখা যাচ্ছে, বিয়ে বন্ধ করে দেওয়ার ফলে বাল্যবিবাহের হারও অনেক কমে গেছে। এভাবে কাজ করলে আশা করি বাল্যবিবাহ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবে এ ব্যাপারে বাল্যবিবাহ ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।

মাওলানা মো. আবদুল কাদের: বিয়ে পড়াতে গেলে যখন দেখি পাত্র-পাত্রী অপ্রাপ্তবয়স্ক, তখন আমরা বিয়ে না পড়িয়ে ফিরে আসি। কিন্তু পরবর্তী সময়ে স্থানীয় ইমামরা বিয়ে পড়িয়ে দেন। এ ব্যাপারে যদি স্থানীয় প্রশাসন কঠোর হয়, তাহলে হয়তো অবস্থার পরিবর্তন হবে।

আরেকটি বিষয় হচ্ছে, বিয়ের ক্ষেত্রে দেখা যায়, মেহেরপুরে ৪০০ থেকে পাঁচ হাজার টাকা দেনমোহরে বিয়ে পড়ানো হয়। যেটা কখনোই ঠিক নয়। বর্তমান বাজারমূল্যে অন্তত ৫০ থেকে ৬০ হাজার টাকা দেনমোহর হওয়া উচিত। এ ব্যাপারে যদি সমাজ ও প্রশাসন এগিয়ে আসে, তাহলে তালাকের হার অনেকাংশে কমে যাবে।

সিরাজউদ্দীন: প্রা‌ন্তিক পর্যায়ের অভিভাবকদের সচেতন হতে হবে। শিশুবিবাহের ফলে কী ধরনের সংকট হতে পারে, এ ব্যাপারে তাঁদের অবগত করতে হবে। সাবালক না হওয়া পর্যন্ত শিশুদের বিয়ে দেওয়া যাবে না। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

আমিরুল ইসলাম: ইউনিয়ন পরিষদে এখনো আমরা জন্মসনদ দিতে পারছি। অনলাইনে জন্মসনদ দেওয়ার ব্যবস্থা প্রক্রিয়াধীন। অনলাইনের মাধ্যমে জন্মসনদ প্রদান প​দ্ধতি বাল্যবিবাহের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ব্যবস্থা। আমাকে কোনো মেয়ের বাবা যখন বলেন আমার মেয়ের বয়স ১৫, বিয়েটা দিয়ে দেন। আমি নেতিবাচক মনোভাব দেখালে অন্য আরেকজন উৎ​সাহিত ​হন। এখানে স্থানীয় রাজনৈতিক বিষয় জড়িত। তিনি ভাবেন, যেহেতু চেয়ারম্যান বিয়েটা দেননি অন্য কেউ বিয়েটা দিলে কন্যাশিশুর বাবা লোকটির অধীনে থাকবে। আধিপত্য বিস্তারের জন্য সে বিয়েগুলো হয়ে থাকে। বাল্যবিবাহ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তুহিন অারন্য: অধিকাংশ শিশুবিবাহ সংঘটিত হয় নিম্নবিত্ত পরিবারে। তাই এই শ্রেণির জনগণকে নিয়ে কাজ করতে হবে। একটি শক্তিশালী মনিটরিং সেল করতে হবে; যেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, শিক্ষকেরা থাকবেন। এই মনিটরিং সেল, লক্ষ রাখবে কোথায় শিশুবিবাহ সংঘটিত হচ্ছে। আরেকটি ব্যাপার দেখা যায় যে শিশুরা জানে না, শিশুবিবাহ প্রতিরোধে রাষ্ট্র কী আইন করেছে। যে কারণে তারা নিজেরাও কঠোর অবস্থান নিতে পারে না। তাদের সঙ্গে শিশুবিবাহের কুফল ও শিশুবিবাহ প্রতিরোধে যে আইনটি কার্যকর আছে, তা নিয়ে আলোচনা করতে হবে।

মারুফ আহাম্মদ বিজন: গ্রামভিত্তিক বাল্যবিবাহ নিরোধ কমিটি করতে হবে। এই কমিটিতে ইউনিয়ন পরিষদের মেম্বার, মসজিদের ইমাম, মহিলা ইউপি সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ আট থেকে দশজন থাকবেন। পাড়ায় পাড়ায় উঠান বৈঠকের আয়োজন করতে হবে, যেখানে বাল্যবিবাহের ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করা হবে। এরপর তাঁরা গ্রামে প্রতি সপ্তাহে মাইক, চোঙা, ঢোল বাজিয়ে লোক জমায়েত করে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বলবেন।

হেমায়েত হোসেন: বাল্যবিবাহের ক্ষেত্রে বিয়ে হয়ে গেলে আর কোনো শাস্তি হয় না। এ ক্ষেত্রে বাল্যবিবাহের সঙ্গে জড়িত সবাইকে শাস্তির ব্যবস্থা করতে হবে। গণমাধ্যমকর্মীরাও নিজেদের অবস্থান থেকে সাহায্য করতে পারেন। আমরা আশা প্রকাশ করছি, ছয় মাসের মধ্যে এই জেলা বাল্যবিবাহমুক্ত হবে।

মাহমুদ হোসেন: বাল্যবিবাহ সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন। নারীর উন্নয়নে একটি বড় ধরনের প্রতিবন্ধকতা। এটি একটি সামাজিক অন্যায়। অশিক্ষা, দারিদ্র্য, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামির কারণে বাল্যবিবাহ হয়ে থাকে। এ ক্ষেত্রে কন্যাশিশুদের সুশিক্ষায় শি‌ক্ষিত করতে হবে। কন্যাশিশুদের সুশিক্ষিত করে মানবসম্পদে পরিণত করতে পারলে মানবাধিকার ও নারী–পুরুষের সমানাধিকার নিশ্চিত হবে। বাল্যবিবাহের হার প্রায় ৬০ শতাংশ। বাল্যবিবাহের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে তৃতীয় আর এশিয়ায় প্রথম। আর বাংলাদেশে সবচেয়ে বেশি বাল্যবিবাহের ঘটনা ঘটে খুলনা বিভাগে। আর খুলনা বিভাগের মেহেরপুর জেলায় এর হার অনেক বেশি। বাল্যবিবাহের সঙ্গে মায়ের পুষ্টি, মাতৃমৃত্যু, শিশুমৃত্যু, কম ওজনের শিশু জন্ম নেওয়া, প্রতিবন্ধী শিশুর জন্মসহ অনেকগুলো সমস্যা ওতপ্রোতভাবে জড়িত। এ ক্ষেত্রে সামাজিক আন্দোলন জরুরি। একই সঙ্গে নারীদেরও প্রতিবাদী হতে হবে। বিদ্যালয়ের সহপাঠীদের বাল্যবিবাহ বন্ধে ভূমিকা পালন করতে হবে। বাল্যবিবাহের ফলে তালাক, মানব পাচার ও আত্মহত্যার মতো ঘটনাও ঘটছে। বাল্যবিবাহ প্রতিরোধে ব্যাপক প্রচারণা প্রয়োজন। নিকাহ রেজিস্ট্রারদের দায়িত্ব অনেক। বর্তমান আইনের আওতায় অভিভাবকসহ রেজিস্ট্রারদের শাস্তির কথা বলা হয়েছে। অভিভাবক সমাবেশ করতে হবে নিয়মিতভাবে। প্রতিটি ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে কমিটি করতে হবে। ওয়ার্ড পর্যায়ের জনপ্রতিনিধিদের আহ্বায়ক করে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি করতে হবে।

লিফলেট, সাইনবোর্ডের মাধ্যমে প্রচারণা চালাতে হবে। সামাজিকভাবে এগিয়ে এলে বাল্যবিবাহের হার কমে যাবে। সেই সঙ্গে আমরা মেহেরপুর জেলাকে বাল্যবিবাহমুক্ত জেলা ঘোষণা করতে চাই। এই কাজের ধারাবাহিকতায় প্রথমেই আমরা মুজিবনগরকে নির্দিষ্ট করতে পারি। আমরা ঘোষণা করছি, আগামী ২৬ মার্চ ২০১৫ সালের মধ্যে মুজিবনগরকে বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করব। এ জন্য তৃণমূল পর্যায় থেকে আমরা সবাই কাজ করব। আর এই কাজগুলো সম্পন্ন করতে পারলে একটি সুন্দর সমাজ গঠন করতে পারব বলে আশা করছি।

শাহানা নাজনীন: শিশুবিবাহ বন্ধে সবাই এগিয়ে এলে এই জেলা থেকে অচিরেই শিশুবিবাহ বন্ধ হবে। আমরা খুবই আনন্দিত এ কারণে যে জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন, অচিরেই মেহেরপুরকে শিশুবিবাহমুক্ত জেলা হিসেবে ঘোষণা করবেন।

যাঁরা অংশ নিলেন

মাহমুদ হোসেন                 :    জেলা প্রশাসক, মেহেরপুর

হেমায়েত হোসেন              :    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মেহেরপুর

ইসমাইল ফারুক               :    সিভিল সার্জন, মেহেরপুর

গোলাম সিদ্দিক                 :    জেলা শিশুবিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমী, মেহেরপুর

মাসুদুল হাসান মালিক            :    উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, মেহেরপুর

জাভেদ আখতার                :    সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মেহেরপুর

এ কে এম শাহীন কবির          :    সহকারী পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, মেহেরপুর

আনোয়ার হোসেন               :    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মেহেরপুর সদর

তাজুল ইসলাম                 :    উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা, মুজিবনগর, মেহেরপুর

মারুফ আহাম্মদ বিজন           :    চেয়ারম্যান, সদর উপজেলা, মেহেরপুর

আমিরুল ইসলাম               :    চেয়ারম্যান, মুজিবনগর উপজেলা, মেহেরপুর

সিরাজউদ্দীন                    :    আইনজীবী, সহসভাপতি, মেহেরপুর জেলা আইনজীবী সমিতি

মাওলানা মো. আবদুল কাদের      :    সভাপতি, কাজি সমিতি, মেহেরপুর

এম এ কে খায়রুল বাশার       :    সাধারণ সম্পাদক, জেলা কাজি সমিতি, মেহেরপুর

আশরাফুজ্জামান                 :    প্রধান শিক্ষক, আর আর মাধ্যমিক বিদ্যালয়

আশাদুজ্জামান সেলিম                :    নির্বাহী প্রধান, মানব উন্নয়ন কেন্দ্র

মোশাররফ হোসেন              :    নির্বাহী পরিচালক, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতি

মুজাহিদ মুন্না                   :    জেলা প্রতিনিধি, আজকের পত্রিকা

আব্দুল হামিদ                   :    অভিভাবক, হরিরামপুর, মেহেরপুর

রফিকুল আলম                 :    সাংবাদিক, দ্য ইনডিপেন্ডেন্ট

তুহিন আরন্য                   :    জেলা প্রতিনিধি, প্রথম আলো

মাজেদুল হক মানিক             :    সাংবাদিক, দৈনিক মাথাভাঙ্গা

মিজানুর রহমান                 :    সাংবাদিক, দৈনিক দেশ তথ্য

মোহাই মিনুর রহমান            :    এনসিটিএফ, উপজেলা সদর, মেহেরপুর

তাসরিফুন লিজা                 :    সভাপতি, বাগোয়ান ইউনিয়ন, এনসিটিএফ

মতিউর রহমান                 :    সহায়ক, কৈশোর কেন্দ্র, দাড়িয়াপুর, মুজিবনগর

সোয়ালিহীন ফাতেমা            :    ম্যানেজার, শিশু সুরক্ষা, সেভ দ্য চিলড্রেন

শাহানা নাজনীন                 :    প্রোগ্রাম ডিরেক্টর, শিশুদের জন্য কর্মসূচি, সেভ দ্য চিলড্রেন।

আরও যাঁরা অংশ নিয়েছেন     

লাল মিয়া                      :    সভাপতি, এনসিটিএফ, মেহেরপুর জেলা

ইয়াদুল মোমিন                 :    বার্তা সম্পাদক, মেহেরপুর নিউজ ডট কম

মেহেরআমজাদ                :    সাংবাদিক, দৈনিক আন্দোলনের বাজার

মুরাদ আলী                     :    চেয়ারম্যান, গাংনী উপজেলা, মেহেরপুর

সঞ্চালক

ফারুক হোসেন                 :    সিনিয়র ম্যানেজার, সেভ দ্য চিলড্রেন, মেহেরপুর