শিশুবিবাহ বন্ধে সমন্বিত উদ্যোগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩০ আগস্ট ২০১৪, প্রথম আলোর আয়োজনে ‘শিশুবিবাহ বন্ধে সমন্বিত উদ্যোগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো

.
.

আলোচনা

আব্দুল কাইয়ুম: ১৮ বছরের আগে বধূ নয়। এর কতকগুলো যুক্তি রয়েছে। কারণ, মা হওয়ার জন্য একজন কন্যাসন্তানের যথেষ্ট শারীরিক ও মানসিক প্রস্তুতি দরকার। কিন্তু ১৮ বছরের আগে আমাদের দেশের মেয়েদের সে ধরনের প্রস্তুতি থাকে না। অথচ ৬৬ শতাংশ নারীর ১৮ বছরের আগে বিয়ে হচ্ছে। অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে এই শিশুরা শিক্ষা, স্বাস্থ্য ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
শিশুবিবাহ এখন একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশ সরকার শিশুবিবাহ বন্ধে কিছু উদ্যোগ গ্রহণ করেছিল, কিন্তু তা যথেষ্ট নয়। ১০০ বছরের পুরোনো বাল্যবিবাহ আইনটি সংশোধনের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও নতুন আইন বা আইনের সংশোধন কোনোটিই এখনো হয়নি। এসব নিয়ে আজকের আলোচনা। এখন আলোচনা করবেন মেহের আফরোজ।

মেহের আফরোজ: বাংলাদেশে বিভিন্ন সমস্যা রয়েছে। কিছু সমস্যা দ্রুত সমাধান করতে পারছি। কোনো ক্ষেত্রে সময় লাগছে। কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি। এমডিজির অনেক লক্ষ্যমাত্রা ইতিমধ্যে অর্জন করেছি। শিশুর অধিকার রক্ষা হচ্ছে। মাতৃমৃত্যু অনেক কমে এসেছে। স্বাস্থ্যক্ষেত্রে বাংলাদেশ ভালো করছে। আমরা বিভিন্ন কাজের জন্য বিদেশে প্রশংসিত হচ্ছি। তবে দেশে এখনো ৬৬ শতাংশ মেয়ের ১৮ বছরের কম বয়সে বিয়ে হচ্ছে। শিশুবিবাহ সব ক্ষেত্রে বন্ধ করতে পারছি না। দেশের বাইরে বিভিন্ন সম্মেলনে এ ক্ষেত্রে আমাদের প্রশ্নের সম্মুুখীন হতে হয়। এমনকি ১৫ বছরের নিচেও মেয়েদের বিয়ে হচ্ছে। আমাদের বর্তমান আইনটি ১০০ বছরের পুরোনো। এ আইনে অনেক দুর্বলতা রয়েছে। আইনের ফঁাক দিয়ে এসব বিয়ে হচ্ছে। শিশুবিবাহ বন্ধে আমরা নতুন আইনের উদ্যোগ নিয়েছি। এ বছরের মধ্যে আইনটি পাস হবে বলে আশা করি। এ আইনে পুরোনো আইনের ফাঁকফোকর বন্ধ করা হয়েছে। শাস্তির আরও নতুন ধারার ব্যবস্থা করা হয়েছে। ওয়েবসাইট থেকে সবাই আইনটি দেখেত পাবেন। কিন্তু কেবল আইন দিয়ে সবকিছু হবে না। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। অনেকে আইন সম্পর্কে জানে না। এ ক্ষেত্রে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। আপনাদের আলোচনা থেকে অনেক পরামর্শ আসবে। আমরা সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেব।

সাবিরা নুপুর: আমরা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও জাতীয় মানবাধিকার কমিশন যৌথভাবে বছরব্যাপী একটি প্রচারাভিযান বাস্তবায়ন করেছি। এ অভিযানের নাম ছিল ‘১৮ বছরের আগে বধূ নয়’। এক বছরে প্রচার থেকে কতটুকু অর্জন হলো, সেটি তুলে ধরার চেষ্টা করব। গার্লস নট ব্রাইডের তথ্যমতে, ২০১০ সালে বিশ্বে ১৩ দশমিক ৫ মিলিয়ন নারীর বিয়ে হয় ১৮ বছরের নিচে। এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিলে ২০৩০ সালের মধ্যে ১৮ বছরের আগে শিশুদের বিয়ের সংখ্যা দঁাড়াবে ১৫ দশমিক ৪ মিলিয়ন। বাংলাদেশে প্রতি তিনজন বিবাহিত কন্যাসন্তানের একজনের বয়স ১৮ বছরের নিচে।
১৮ বছরের নিচে কন্যাসন্তানের বেশি বিয়ে হয়, এমন ২০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। অর্থাৎ, আফ্রিকার দেশ চাদ ও মালির সঙ্গে আমাদের অবস্থান। এটা মোটেই সম্মানজনক নয়। কারণ, এসব দেশ আমাদের তুলনায় সবদিক থেকে পিছিয়ে। অথচ শিশুবিবাহের ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের তুলনা করা হচ্ছে। আমাদের দেশে ১৮ বছরের নিচে ৬৬ শতাংশ ও ১৫ বছরের নিচে ৩২ শতাংশ কন্যাসন্তানের বিয়ে হচ্ছে। প্রচারাভিযানের সময় শিশু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে িশশুবিবাহের কারণ জানার চেষ্টা করেছি। বিভিন্ন কারণের মধ্যে একটি উল্লেখযোগ্য হলো প্রত্যন্ত অঞ্চলে এমন কোনো উদাহরণ নেই যে একটি মেয়ে শিশু বয়সে বিয়ে না করে শিক্ষা, চাকরিসহ সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। ফলে, মা–বাবা সাহস পান না কন্যাকে বিয়ে না দিয়ে ঘরে রেখে লেখাপড়া শেখাতে। এ ছাড়া রয়েছে মেয়েদের চরম নিরাপত্তাহীনতা। স্কুলে যাওয়া-আসার পথও ঝুঁকিপূর্ণ। শিশুবান্ধব শিক্ষা উপকরণের অভাব। অভিভাবকেরা কন্যাশিশুকে বোঝা মনে করেন। ইউনিয়ন ও উপজেলা পরিষদ শিশুবিবাহ বন্ধে তেমন কোনো কার্যকর ভূমিকা রাখছে না। বিভিন্ন ক্ষেত্রে ন্যায়বিচারের অভাবসহ অনেক কারণ রয়েছে। আমাদের প্রচারাভিযানের উদ্দেশ্য ছিল শিশুবিবাহ বন্ধে কার্যকর একটি নতুন আইন প্রণয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রভাবিত করা।
মানুষের মধ্যে, বিশেষ করে কিশোর-কিশোরী ও কমিউনিটির প্রধানদের সচেতন করা, যাতে তঁারা শিশুবিবাহ বন্ধে কাজ করেন। শিশুবিবাহ মানবাধিকার লঙ্ঘন, সেটাও মানুষকে জানাতে চেয়েছি। নতুন আইন হলেই শিশুবিবাহ বন্ধ হবে তা না। আইন বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকতে হবে। শিশুবিবাহ বন্ধে কমিউনিটির লোকজনকে সম্পৃক্ত করে সামনের দিকে এগোতে হবে।

তানিয়া হক: শিশুবিবাহ এখন পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যায় পরিণত হয়েছে। আইনের ১০০ বছর পরও সমস্যা নিয়ে গোলটেবিল বৈঠক করতে হচ্ছে। দারিদ্র্য, যৌন হয়রানি, নিরাপত্তাহীনতা, অপসংস্কৃতি, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থাসহ বিভিন্ন কারণে শিশুবিবাহ হয়। এ ছাড়া আরও কিছু কারণ রয়েছে যেগুলো গুরুত্বের সঙ্গে সামনে আসছে না। যেমন: পাহাড়ি, উপকূলীয় ও সীমান্ত এলাকায় যে কারণে শিশুবিবাহ হয়, সমতলভূমিতে সে কারণে হয় না। আবার দুর্যোগপ্রবণ এলাকায় যে জন্য শিশুবিবাহ হয়, দুর্যোগমুক্ত এলাকায় সে কারণে হয় না।
সমাজের স্তরবিন্যাসের বৈষম্য রয়েছে, এটি এখনো সামনে আনতে পারিনি। তাই শিশুবিবাহ নিরসন করা সম্ভব হচ্ছে না। নীতিনির্ধারণী পর্যায়ে যঁারা কাজ করেন, তঁারা সবকিছুকে একভাবে দেখেন। এ কারণে সমস্যার সমাধান হয় না। শিশুবিবাহের কারণে দারিদ্র্য বৃদ্ধি পাচ্ছে, সমস্যা বাড়ছে। অনুৎপাদনশীল জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এভাবে নারী হচ্ছেন দ্বিতীয় শ্রেণির নাগরিক। প্রতি ক্ষেত্রে নারী সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। নারীর সমস্যা টেকসই রূপ ধারণ করেছে। সমাজের বিভিন্ন স্তর, এলাকা ও অঞ্চলভিত্তিক পার্থক্যের আলোকে সমাধান করতে হবে। তা না হলে ১০০ বছর কেন, কখনোই সমস্যার সমাধান হবে না। নারীর সাফল্যকে সমাজে তুলে আনতে হবে। জেন্ডার সংবেদনশীল সমাজের কোনো বিকল্প নেই। প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিশু সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।

মেহেদি হাসান: ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে চাইল্ড ফোরাম গঠন করেছি। যাদের ছোটবেলায় বিয়ে হয়, তাদের সংসারে সব সময় ঝগড়াবিবাদ লেগে থাকতে দেখি। এদের সন্তানেরা রোগাক্রান্ত হয়। অপুষ্টিতে ভোগে। আমরা এলাকায় শিশুবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ করি। ইতিমধ্যে চারটি শিশুবিবাহ বন্ধ করেছি। ইউনিয়ন ও উপজেলা পরিষদ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় না। এলাকার জনপ্রতিনিধিরা এ ক্ষেত্রে ভূমিকা রাখেন না। তঁারা মনে করেন, এসব করতে গেলে তঁাদের ভোট কমে যাবে। আমরা চাইল্ড ফোরামের উদ্যোগে শিশুবিবাহ বন্ধের ক্ষেত্রে ভূমিকা রাখছি। এলাকায় মোটামুটি এর একটা প্রভাব পড়তে শুরু করেছে।

সরদার কাজল: আমাদের এলাকা দুর্যোগকবলিত। এ জন্য কন্যাশিশুরা স্কুলে যেতে পারে না। তা ছাড়া স্কুলে যাওয়ার পথে বখাটে ছেলেরা ভীষণভাবে মেয়েদের বিরক্ত করে। এসব কারণে মেয়েরা বাড়িতে থাকে। মা-বাবা এদের বোঝা মনে করেন। আমি নিজেই বিবাহিত কন্যাশিশুদের বিকলাঙ্গ সন্তান হতে দেখেছি। অসুখবিসুখ লেগেই থাকে। সংসারে ঝগড়াবিবাদ, শারীরিক, মানসিক নির্যাতন চলতেই থাকে। যৌতুকের জন্য অত্যাচার করা হয়ে থাকে এবং অধিকাংশ ক্ষেত্রে বিবাহবিচ্ছেদ ঘটে। আমরা প্রশাসনের সঙ্গে বসি, তারা শিশুবিবাহ বন্ধে সহযোগিতা করার কথা বলে। যখন তাদের আসতে বলি, বিভিন্ন অজুহাতে তারা আসে না। সাংসদদের কাছে অনুরোধ, তঁারা যেন প্রশাসনকে শিশুবিবাহ বন্ধে ভূমিকা নিতে বলেন।

সুরঞ্জনা সানা: আমাদের এলাকাও দুর্যোগকবলিত হওয়ায় আতঙ্কের মধ্যে থাকতে হয়। এখানে শিশুবিবাহের প্রবণতা বেশি। শিশুবিবাহ বন্ধ করতে গেলে অভিভাবকেরা বলেন, ‘তোমরা শিশু, তোমরা কী বোঝো? মেয়ের কিছু হলে তোমরা সে দায়িত্ব নেবে?’ এ ক্ষেত্রে আমাদের আর কিছু বলার থাকে না। কিন্তু ছোটবেলায় বিয়ে হলে সংসারে অশান্তি লেগে থাকে। সন্তান জন্ম দেওয়ার সময় অল্পবয়সী মেয়েদের অনেক সমস্যা হয়। অনেকের মৃত্যুও হয়। অনেকেরই শেষ পর্যন্ত স্বামীর সঙ্গে সংসার করা হয় না। আবার মা–বাবার কাছে এসে বোঝা হয়। দ্বিতীয়বারের বোঝা মা-বাবার কাছে অনেক কষ্টকর হয়। অধিকাংশ শিশু তত দিনে এক-দুই সন্তানের মা হয়।

নাসিমা আক্তার: ২০০০ সাল থেকে ১৭৮টি দেশীয় ও আন্তর্জাতিক সংগঠন একসঙ্গে কাজ করছে। আমি এ সংগঠনে কাজ করি। আমাদের প্রধান কাজ হলো শিশুবিবাহ বন্ধ। শিশুবিবাহ জাতি, রাষ্ট্র, সমাজ, পরিবার ও শিশুর শত্রু। এটা কন্যাশিশুদের মানবাধিকার লঙ্ঘন। শিশুবিবাহ শিক্ষা, স্বাস্থ্য ও উৎপাদনশীলতাকে ক্ষতিগ্রস্ত করে। সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে এটা কম ক্ষতিকর না। নীরব ঘাতক হিসেবে শিশুবিবাহ আমাদের সমাজকে ক্ষতি করে যাচ্ছে। শিশুবিবাহের শিকার কন্যাসন্তানেরা বেশি নির্যাতনের কবলে পড়ে। নির্যাতনের কারণে চিকিৎসার ব্যয়ভার কখনো স্বামীর পরিবার বহন করে না। কন্যার মা-বাবাকে এ খরচ চালাতে হয়। এক হিসাবে দেখা গেছে, নির্যাতিত শিশুদের চিকিৎসার ব্যয় পরিবারপ্রতি বছরে প্রায় ১২ হাজার টাকা। ২০১০ সালে দেশের মোট নির্যাতিত শিশুর চিকিৎসায় ব্যয় হয়েছে ১৪ হাজার ৩৫৮ কোটি টাকা। এটা আমাদের মোট জিডিপির ২ দশমিক শূন্য ৫ শতাংশ। এ বিষয়টা হয়তো চোখে পড়ে না। কিন্তু এটাই বাস্তবতা। ১০০ বছর পর হলেও আমরা খুশি যে একটি নতুন আইন হতে যাচ্ছে। মন্ত্রী এখানে উপস্থিত আছেন। মন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব, আইনটির নাম যেন ‘বাল্যবিবাহ নিরোধ আইন’ না হয়ে ‘শিশুবিবাহ নিরোধ আইন হয়’। কারণ, আইনের সংশোধন করতে হয়তো আবার ১০০ বছর লাগবে। আইনটি যেন দ্রুত চূড়ান্ত করা হয়। আগের আইনের কোনো একটি শাস্তি কার্যকর হয়েছে, এমন কোনো উদাহরণ নেই। সমাজে রোল মডেল থাকা দরকার।
স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিবাহ রেজিস্ট্রার, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। ডিজিটাল জন্মনিবন্ধন থাকলে বয়স বাড়ানোর সুযোগ বন্ধ হবে। সমাজে সচেতনতা বাড়াতে হবে। ইউনিয়নে একটি ওয়ার্ড সভা হয়। এখানে এলাকার ২০ শতাংশ ভোটারকে উপস্থিত থাকতে হয়। চেয়ারম্যান, মেম্বারদের মাধ্যমে ওয়ার্ড সভা থেকে এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করতে হবে।

শহিদ উল্লাহ আজিম: শিশুবিবাহ বাংলাদেশে সামাজিক সমস্যার মধ্যে অন্যতম। আইনের থেকেও বড় বিষয় হলো মানুষকে সচেতন করা ও আইনের বাস্তবায়ন। বাংলাদেশের পোশাকশিল্প তিন দশক ধরে নারী উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখছে। আগে দরিদ্র মা–বাবা স্বপ্ন দেখতেন, ১৪ থেকে ১৫ বছর বয়সে তঁাদের মেয়েদের বিয়ে দেবেন। আজ তঁারা স্বপ্ন দেখেন, ১৭ থেকে ১৮ বছর বয়সে তঁাদের মেয়ে শহরে যাবে। চাকরি করবে। পরিবারে কিছু টাকা দেবে। নিজের পায়ে দঁাড়াবে—এমন অনেক কিছু।
একটি মেয়ে আমাদের প্রতিষ্ঠানে কাজ শুরুর সময় সব মিলিয়ে আট হাজার টাকার বেশি পায়। ধীরে ধীরে বেতন বাড়তে থাকে। শিশুবিবাহ বন্ধ হচ্ছে। এখন পরিবারে মেয়েরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। পোশাকশিল্পে প্রায় ৪১ লাখ শ্রমিক আছেন, এর ৮০ শতাংশ নারী। আমাদের এখানে নারীশ্রমিকদের বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে। আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে। এখানে নারীরা স্বাস্থ্যসেবা নিতে পারেন। শিশুবিবাহের ক্ষতি সম্পর্কে জানতে পারেন। বাংলাদেশের মাতৃ ও শিশুমৃত্যু কমার পেছনে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শিশুবিবাহ বন্ধে ধর্মীয় প্রতিষ্ঠানসহ সামাজিক প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগাতে হবে। সরকার, এনজিও, দাতা সংস্থা সবাইকে এগিয়ে আসতে হবে।

জান্নাতুল ফেরদৌস: শিশুবিবাহ, না বাল্যবিবাহ, এটা নিয়ে মত-দ্বিমত নিরসন করতে হবে। পারিবারিক, সামাজিক ও নীতিনির্ধারণী কোনো পর্যায়ে কন্যাশিশুদের সুযোগ-সুবিধা রক্ষিত হচ্ছে না। যেমন দেশের অধিকাংশ পরিবার কন্যাশিশুদের বোঝা মনে করছে। তারা যে শিক্ষায় সমৃদ্ধ হয়ে আয়-উপার্জন করে সমাজে প্রতিষ্ঠিত হবে, এমন ইতিবাচক ধারণা অনেক অভিভাবক করেন না। সরকার ও এনজিওগুলো শিশুদের জন্য কাজ করছে। তার পরও কি খুব বেশি পরিবর্তন এসেছে? পাশাপাশি দুই বাড়ির দুটি কন্যাশিশুর মধ্যে একজনের বিয়ে হলে অন্য কন্যাশিশুটিকে পাশের মানুষেরা ভালো চোখে দেখছে না। মেয়েটির কোনো সমস্যা আছে কি না, কেন বিয়ে হচ্ছে না ইত্যাদি বিষয় নিয়ে সমালোচনা হয়। সমাজের মানুষের এই মানসিকতা পরিবর্তন করতে হবে। ওয়ার্ল্ড ভিশন, প্ল্যান ও সেভ দ্য চিলড্রেন নামে আমরা এলাকাভিত্তিক শিশু সংগঠন তৈরি করেছি, এ সংগঠন শিশুবিবাহ প্রতিরোধে কাজ করছে। কিন্তু এদের তো বিয়ে বন্ধ করার আইনি কোনো ভিত্তি নেই। তাই সব ক্ষেত্রে তারা শিশুবিবাহ বন্ধ করতে পারে না। নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে অন্যরাও যাতে শিশুবিবাহ বন্ধ করতে পারে, তেমন একটি ব্যবস্থা করতে হবে। ধর্মীয়, পারিবারিক ও বিবাহ নিরোধ আইনের মধ্যে সমন্বয় আনতে হবে। অবিবাহিত শিশুদের সঙ্গে বিবাহিত শিশুদের পুনর্বাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। শিশুবিবাহ নিরোধের জন্য আইন, স্বাস্থ্য, শিক্ষা এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করতে হবে।

খালেদা আকতার: দীর্ঘ সময় সেভ দ্য চিলড্রেনে কাজ করছি। আমার কর্মএলাকার অভিজ্ঞতা থেকে দেখেছি, বিয়ে-পরবর্তী কন্যাসন্তানেরা শিশুবিবাহকে যৌন হয়রানিমূলক কাজ মনে করে। বিবাহিত শিশুরা আমাদের বলে, তারা স্বামী-স্ত্রীর সম্পর্কে যাওয়ার জন্য কোনোভাবে প্রস্তুত না। এ ধরনের বিয়ে তাদের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন। একটি মেয়ে তার বাবাকে বলছে, ‘বাবা, যার সঙ্গে বিয়ে দিতে যাচ্ছ, তার দিকে তাকালে তোমার কথা মনে হয়। আমি পড়াশোনা করতে চাই, এ বিয়ে করতে পারব না।’ যাদের শিশুবিবাহ হয়েছে, তারা বিবাহিত জীবন ও এর আগের জীবনের সঙ্গে তুলনা করেছে। তারা বলেছে, বিবাহিত জীবন চরম হতাশা, দুঃখ ও যন্ত্রণার। তাদের আগের জীবন অনেক ভালো ছিল। এসব বিবেচনা করে আমরা জ্ঞান ও আচরণ পরিবর্তনের কাজ করি। আমরা এদের জন্য একটা কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছি।
রাষ্ট্রীয়ভাবে শিশুবিবাহের নেতিবাচক ফলাফল তুলে ধরতে হবে। তাহলে মানুষের মধ্যে এর একটা প্রভাব পড়বে। আমরা সরকারের সঙ্গে দীর্ঘ সময় যুক্ত থেকে শরীর সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করতে পেরেছি। এটি প্রাথমিক পর্যায় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত থাকা জরুরি।

চন্দন জেড গোমেজ: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রায় দুই লাখ শিশুকে নিয়ে কাজ করছে। এদের মধ্যে ৪৮ হাজার শিশুকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরা সরাসরি শিশুবিবাহ প্রতিরোধে কাজ করে। এদের সার্বিকভাবে সমর্থন দিতে হবে, যাতে শিশুরাই শিশুবিবাহ প্রতিরোধ করতে পারে। ওয়ার্ল্ড ভিশনসহ আরও যারা শিশুদের নিয়ে কাজ করে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে তাদের যেন সব রকম সহযোগিতা দেওয়া হয়।
বিজিএমইএর মতো অন্য করপোরেট ও ব্যক্তি খাতকে এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। ইউনিসেফ ও যুক্তরাজ্য সরকারের উদ্যোগে গার্লস সামিট হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী সেখানে বলেছেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশে ১৫ বছরের ও ২০৪১ সালের মধ্যে ১৮ বছরের আগে মেয়েদের বিবাহ বন্ধ হবে।’ বাংলাদেশের জনগোষ্ঠীর ৫১ শতাংশ নারী। প্রধানমন্ত্রী নারীনীতির ওপর বিশেষ জোর দিয়েছেন। শিশুবিবাহ নিয়ে কাজ করবে, এমন ১২টি দেশ নিয়ে একটি ফোরাম করা হয়েছে। বাংলাদেশ তাদের মধ্যে একটি।
আমাদের জন্ম-মৃত্যু ও বিবাহ নিবন্ধনের সঠিক সংখ্যা না থাকায় শিশুর জন্ম–মৃত্যু ও বিবাহ নিবন্ধনের সঠিক তথ্য জানা সম্ভব হয় না। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ৫০ হাজার দরিদ্র নারীকে বৃত্তি দিয়ে স্বাবলম্বী

করার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এই বৃত্তির আওতা আরও বাড়ানো দরকার। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মাতৃদুগ্ধ পান করার ব্যাপারে ইমামদের সম্পৃক্ত করেছিল। ইমামরা ১১ হাজার মসজিদে পবিত্র কোরআনের আলোকে প্রায় ১২ লাখ মানুষকে এ বিষয়ে বলেছেন। ইমামদের কথা সবাই শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছে। মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী তঁার নির্বাচনী এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বলেছেন, তঁারা যেন ৩০ মিনিট কথা বললে ১০ মিনিট নারী, শিশু, শিশুবিবাহ, মাতৃদুগ্ধ, ডায়রিয়া ইত্যাদি নিয়ে কথা বলেন। তঁার এলাকার চেয়ারম্যানরা সেটা করছেন। এলাকায় এর প্রভাব পড়ছে। সারা বাংলাদেশে এ উদ্যোগ নেওয়া হলে সমাজ বদলে যাবে।

মনজুর হোসেন: প্রায় ১০০ বছর আগে আইন ছিল, কাজ করেনি। নতুন আইন হলেও কি কাজ করবে? আলোচনায়ও বিষয়টি এসেছে। আমাদের মূল কাজ হলো আইনটি যাতে কার্যকর হয়, সে জন্য যা করা দরকার, সেটা করা। শিশুরা মা-বাবার দারিদ্র্যের শিকার। শিশুবিবাহের অধিকাংশ সমস্যা মানুষের তৈরি। এগুলো সমাধান করা সম্ভব। আমরা স্থানীয় সরকার স্তরে দুভাবে কাজ করি। গ্রামীণ ও শহুরে অবকাঠামো নির্মাণ করি। স্থানীয় সরকারের মধ্যে রয়েছে ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি ও সিটি করপোরেশন। স্থানীয় সরকারের মাধ্যমে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করি। এ কাজের প্রতিশ্রুতি আপনাদের কাছে দিচ্ছি।
দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রে নেওয়ার জন্য ৬০০টি সাইক্লোন শেল্টার আছে। আরও এক হাজারটি সাইক্লোন শেল্টার হবে। ধীরগতিতে হলেও জন্মনিবন্ধনের কাজটি আমরা করছি। ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সভায় জন্মনিবন্ধন, শিশুবিবাহ, শিশু নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা বলা আছে। তবে এটা ঠিক যে চেয়ারম্যান-মেম্বারদের টিআর, জিআর যেভাবে আন্দোলিত করে, সেভাবে এ বিষয়গুলো নাড়া দেয় না। তার পরও কাজ হচ্ছে। আমরা ইউপি চেয়ারম্যান ও সচিব, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পঁাচজন কর্মকর্তাকে এ বিষয়ে বিভিন্ন রকম প্রশিক্ষণ দিচ্ছি। কাজটিতে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। কারণ, এটা আচরণ পরিবর্তনের একটি বিষয়। আর মানুষের আচরণ সহজে পরিবর্তন হয় না। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় যদি শিশুবিবাহ বন্ধে কোনো নির্দেশনা দেয়, আমরা সেভাবে কাজ করব। আমাদের অর্থনীতিতে অনেক ইতিবাচক পরিবর্তন আসছে। অনেক কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। এখন মেয়েরা আরও জোরালোভাবে শিশুবিবাহের বিরুদ্ধে রুখে দঁাড়াবে। জন্মনিবন্ধনসহ স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানকে আরও সক্রিয় করে এসব কাজ করে যাব। অনেক কাজ করার মতো আর্থিক সামর্থ্য আমাদের আছে।

কাজী রিয়াজুল হক: তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে এ আইনের খসড়া তৈরি করেছি। এ খসড়ায় পুরোনো আইনের অকার্যকারিতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেছি। নতুন আইনের খসড়ায় আমাদের সুপারিশ প্রায় সবই অন্তর্ভুক্ত করা হয়েছে। এ জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। পুরোনো আইনের নিকাহ রেজিস্ট্রারের পরিবর্তে বিবাহ রেজিস্ট্রার করার সুপারিশ করেছি, সেটা হয়েছে। আগের আইনে বর্ধিত পরিবার বলে কিছু ছিল না, নতুন আইনে বর্ধিত পরিবারের বিষয়টি এসেছে। আগের আইনের এক মাস শাস্তি ও এক হাজার টাকা জরিমানার পরিবর্তে দুই বছর শাস্তি ও এক লাখ টাকা জরিমানার বিষয়টি এসেছে।
তদন্তের জন্য ৬০ থেকে ৯০ দিন এবং ৮০ কর্মদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করার বিষয়টি এ আইনে এসেছে। যদি শিশুবিবাহ হয়েই যায়, সে ক্ষেত্রে কী হবে? জালিয়াতি, প্রতারণা, জোরপূর্বক ও ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা বাতিল হবে। উভয়ের সম্মতিতে বিয়ে হলে ধর্মীয় অনুভূতিকে সম্মান জানানো হবে। এ বিষয়ও আইনে এসেছে। শিশুবিবাহের ক্ষেত্রে শিশুদের মা–বাবাকে দায়বদ্ধ করে এ আইনে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এটি খুবই উল্লেখযোগ্য একটি দিক। শিশুবিবাহ নিরোধ আইন না হয়ে কীভাবে এর নাম ‘বাল্যবিবাহ আইন-২০১৪’ হলো, এটি বুঝতে পারছি না। কোন বয়স পর্যন্ত শিশু বলা হবে, এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। শেষ পর্যন্ত জাতিসংঘের সনদের সঙ্গে মিল রেখে ১৮ বছর নির্ধারণ করা হয়েছে। সে জন্য এ আইনের নাম ‘শিশুবিবাহ প্রতিরোধ আইন’ হওয়া উিচত। স্থানীয় সরকার মন্ত্রণালয়কে খুব সতর্কতা ও দ্রুততার সঙ্গে জন্মনিবন্ধনের কাজটি করতে হবে। প্রতিটি ইউনিয়নে বিবাহ রেজিস্ট্রার তঁার সহকারীদের মাধ্যমে ছেলেমেয়ের সম্মতি ছাড়াই বিবাহ রেজিস্ট্রেশন করেন। এটা খুবই দুঃখজনক কাজ। সচেতনতার কাজটি করতে হবে। কারণ, শিশুরা না জেনেই অপরাধ করে। সবার কাজের মধ্যে সমন্বয় আনতে হবে।

মেহের আফরোজ: প্রায় ২৫ বছর মাঠপর্যায়ে কাজ করেছি। নিজের চোখে শিশুদের বিয়ের ভয়ানক পরিণতি দেখেছি। তখন ভাবতাম, যদি কোনো দিন সুযোগ হয় এ সমস্যা সমাধান করার চেষ্টা করব। আজ এ সুযোগ এসেছে। শিশুবিবাহ বন্ধ করার জন্য আমাদের মন্ত্রণালয় থেকে যা করা দরকার, তার সবটাই করব। প্রধানমন্ত্রীও গার্লস সামিটে এই প্রথম শিশুবিবাহ বন্ধের কথা বলেছেন। দায়িত্বের বাইরে থেকে অনেক কিছু ভাবা সহজ হয়। কিন্তু দায়িত্বে থেকে সবকিছু সহজে করা যায় না।
আমাদের দেশের বাস্তবতা অন্য দেশের থেকে অনেকটা ভিন্ন। দেশের দুর্যোগপূর্ণ, উপকূলীয় অঞ্চলের বাস্তবতা সমতল এলাকা থেকে ভিন্ন। আবার শহর ও গ্রামাঞ্চলের বাস্তবতা ভিন্ন। এসব বিবেচনা করেই প্রধানমন্ত্রী ২০২১ সালের মধ্যে ১৫ বছরের আগে এবং ২০৪১ সালের মধ্যে ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে বন্ধের কথা বলেছেন। দুর্যোগের সময় দরিদ্র মা-বাবার পক্ষে ১৬ থেকে ১৮ বছরের মেয়েদের কাছে রাখা চরম ঝুঁকিপূর্ণ। থাকা-খাওয়া ও স্কুলে যাওয়ার সুযোগ থাকে না। আশ্রয়কেন্দ্রে নারী-পুরুষ গাদাগাদি করে একসঙ্গে থাকতে হয়। চারপাশে খারাপ মানুষের বিচরণ। এ অবস্থায় ওসব অভিভাবকের কন্যাসন্তানকে বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তঁাদের সন্তানদের বিয়ে বন্ধ করাটাই যেন অমানবিক বলে মনে হয়।
শহরের অধিকাংশ মেয়ে ১৮ বছর পর্যন্ত শিশুসুলভভাবে কাটিয়ে দিতে পারে। গ্রামের একটি মেয়েকে ১৪ থেকে ১৫ বছর বয়সে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। এই বয়সে গ্রামের অধিকাংশ মেয়ে ঘর-সংসারের প্রায় সব কাজ করে। তার মায়ের সন্তান লালনপালন করে। তাকে শিশু বললে তার মা–বাবা রেগে যান। কোনোভাবেই তঁাদের বোঝানো যায় না তঁার মেয়েটি শিশু। তার বিয়ে বন্ধ করতে গেলে এই মেয়ের সব দায়দায়িত্ব বিবাহ বন্ধকারীকে নিতে বলবেন। এসব বাস্তবতাকে অস্বীকার করলে চলবে না।
মা-বাবা যেসব সমস্যার জন্য শিশুদের বিয়ে দেন, আমরা সেসব সমস্যা সমাধানের চেষ্টা করছি। আমি ব্যক্তিগতভাবে শিশুবিবাহের ঘোর বিরোধী। দেশে শিশুবিবাহ না হলে অনেক সমস্যার সমাধান হবে। যেমন: শিশু ও মাতৃমৃত্যু হ্রাস পাবে, জনসংখ্যা হ্রাস পাবে, দারিদ্র্য কমবে, নির্যাতন কমবে। মানুষের জীবনমান উন্নত হবে ইত্যাদি। শিশুবিবাহ বন্ধে গুরুত্বসহকারে কাজ করেছি। সবার সহযোগিতা থাকলে খুব দ্রুতই লক্ষ্যে পেঁৗছাতে পারব।

আব্দুল কাইয়ুম: শিশুবিবাহের সঙ্গে মাতৃমৃত্যু, শিশুমৃত্যু, পুষ্টি, স্বাস্থ্য, জনসংখ্যা সমস্যাসহ বিভিন্ন বিষয় জড়িত। শিশুবিবাহ বন্ধ হলে এসব সমস্যার সমাধান সহজ হবে। শিশুবিবাহ বন্ধে সরকার ও এনজিওগুলো কাজ করছে। সবার কাজের মধ্যে সমন্বয় জরুরি।
শিশুবিবাহের কারণগুলো দূর করার চেষ্টা করতে হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ ক্ষেত্রে খুবই আন্তরিক। দুর্যোগ মোকাবিলার সক্ষমতা অর্জন ও দারিদ্র্য দূর করতে পারলে শিশুবিবাহ সমস্যার অনেকটাই সমাধান করা যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা করি। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৮ বছরের আগে বধূ নয়
পৃথিবীব্যাপী বাল্যবিবাহের হার
দেশ বাল্যবিবাহের হার
নাইজার ৭৫%
চাদ ৭২%
বাংলাদেশ ৬৬%
গুইনিয়া ৬৩%
রিপাবলিক আফ্রিকা ৬১%
মালি ৫৫%
মোজাম্বিক ৫২%
নেপাল ৫১%
মালাওয়ি ৫০%
সূত্র: www.girlsnotbrides.com

বাল্য বিবাহ কী
বাংলাদেশের সব ধর্ম ও সম্প্রদায়ের জন্য বিয়ের আইনি বয়স মেয়েদের ক্ষেত্রে ১৮ আর ছেলেদের ক্ষেত্রে ২১ বছর। সুতরাং, ১৮ ও ২১ বছর বয়সের নিচে কোনো মেয়ে ও ছেলেশিশুর মধ্যে বিয়ে হলে তা বাল্যবিবাহ হিসেবে পরিগণিত হবে।
সূত্র:
বাল্যবিবাহ নিরোধ আইন–১৯২৯
১৮ বছরের আগে নারীর বিয়ে হচ্ছে ৬৬%
১৮ বছরের আগে বধূ নয়। আমাদের দেশের মেয়েদের সে ধরনের প্রস্তুতি থাকে না। অল্প বয়সে বিয়ের জন্য শিশুরা শিক্ষা, স্বাস্থ্য ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

আলোচনায় সুপারিশ
 বাল্যবিবাহ নিরোধ আইন যত দ্রুত সম্ভব অনুমোদন এবং বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক
 প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা কারিকুলামে শিশু সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে
 ইউনিয়ন ও উপজেলা পরিষদকে শিশুবিবাহ বেন্ধ আরও কার্যকর উদ্যোগ নিতে হবে
 স্থানীয় সরকার মন্ত্রণালয়কে খুব সতর্কতা ও দ্রুততার সঙ্গে জন্মনিবন্ধনের কাজটি করতে হবে
 মন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব, আইনটির নাম যেন ‘বাল্যবিবাহ নিরোধ আইন’ না হয়ে ‘শিশুবিবাহ নিরোধ আইন’ হয়


সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

যঁারা অংশ নিলেন
মেহের আফরোজ : সাংসদ, প্রতিমন্ত্রী, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়
কাজী রিয়াজুল হক : সদস্য, জাতীয় মানবাধিকার কমিশন
মনজুর হোসেন : সচিব, স্থানীয় সরকার বিভাগ
শহিদ উল্লাহ আজিম : সহসভাপতি, বিজিএমইএ
চন্দন জেড গোমেজ : অ্যাডভোকেসি ডিরেক্টর, ওয়ার্ল্ড ভিশন
তানিয়া হক : সভাপতি, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
জান্নাতুল ফেরদৌস : উপদেষ্টা, শিশু সুরক্ষা, প্ল্যান ইন্টারন্যাশনাল
খালেদা আকতার : ব্যবস্থাপক, শিশু সুরক্ষা, সেভ দ্য চিলড্রেন
নাসিমা আক্তার : জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
সরদার কাজল : রজনীগন্ধা শিশু ফোরাম, সাতক্ষীরা
সুরঞ্জনা সানা : শতদল শিশু ফোরাম, আশাশুনি, সাতক্ষীরা
মেহেদি হাসান : কচিকণ্ঠ শিশু ফোরাম, মিঠাপুকুর, রংপুর
সাবিরা নুপুর : অ্যাডভোকেসি ব্যবস্থাপক, ওয়ার্ল্ড ভিশন
সঞ্চালক
আব্দুল কাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথম আলো