শিশুবিয়ে রোধে চাই সমন্বিত পদক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক ১৯২৯ সালের আইনটি যুগোপযোগী করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে তিনি বেসরকারি এবং দাতাগোষ্ঠীর কাছ থেকে সহযোগিতা চান।

গতকাল শনিবার প্রথম আলো আয়োজিত ‘পারিবারিক সহিংসতা: শিশুবিয়ের অন্যতম নেতিবাচক ফল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সচিব এসব কথা বলেন।

বৈঠকে বলা হয়, ১৯২৯ সালের আইনটি বিদ্যমান থাকলেও তার বাস্তবায়ন নেই। অন্যদিকে আইনটি বর্তমানের জন্য উপযোগীও নয়। আলোচকেরা বলেন, সরকার, বেসরকারি সংগঠন এবং দাতা সংস্থা বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে চলেছে। তার পরও বাল্যবিবাহের হারের দিক থেকে বিশ্বে নাইজার এবং চাদের পরই বাংলাদেশের অবস্থান। দেশের ৬৬ শতাংশই বাল্যবিবাহের শিকার। এ পরিস্থিতিতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত পদক্ষেপ নিতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে শুধু কন্যা বা নারীদের সচেতন করলেই হবে না, ছেলেশিশু ও পুরুষদেরও সচেতন করতে হবে।

ইউএসএআইডির অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বাস্তবায়িত প্রটেক্টিং হিউম্যান রাইটস প্রোগ্রাম বা পিএইচআর প্রকল্পের সহযোগিতায় কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পিএইচআর প্রকল্পের ভারপ্রাপ্ত উপ চিফ অব পার্টি ফারহানা আফরোজ বৈঠকে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি এক জরিপের তথ্য উল্লেখ করে জানান, বিয়ের সময় ৬৫ শতাংশ নারীর কোনো মতামত নেওয়া হয় না।

বৈঠকে আলোচকেরা বলেন, কন্যাশিশুকে বিয়ে দেওয়ার পর তার ঘাড়ে দায়িত্ব পড়ে বড় সংসার সামলানোর। কিন্তু এ কাজে শিশুর শারীরিক ও মানসিক সক্ষমতার অভাবে প্রতি পদে দ্বন্দ্ব তৈরি হয়। আলোচকদের মতে, বাল্যবিবাহের ফলে শুধু পারিবারিক সহিংসতা নয়, রাষ্ট্রীয় পর্যায়েও ক্ষতি হচ্ছে।

বৈঠকের সঞ্চালক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ইউএসএআইডি বাংলাদেশের গণতন্ত্র ও সুশাসন দপ্তরের পরিচালক অ্যামবার ব্রুকসের পাঠানো লিখিত বক্তব্যের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো পড়ে শোনান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান শাহনাজ হুদা জানালেন, তিনি আইনটি পর্যালোচনা করছেন। তিনি বলেন, কন্যাশিশুর বিয়ে দেওয়ার বিষয়টিই একটি নির্যাতন। নোটারি পাবলিক কারও বয়সের সনদ দিতে পারে না, দুই পক্ষের উপস্থিতিতে শুধু হলফনামা দিতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন বলেন, কন্যাশিশু, নারীদের দায় মনে করে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়। কন্যা এবং নারীও যে সুযোগ পেলে সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—এ ধরনের চিন্তা-চেতনার অভাবই বাল্যবিবাহের অন্যতম কারণ।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক আবুল হোসেন বলেন, ঝালকাঠি সদরের ইমাম সমিতির সভাপতি নিজের এবং অন্যদের সহায়তায় তিন বছর ধরে এলাকায় কোনো বাল্যবিবাহ হতে দিচ্ছেন না। এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভারপ্রাপ্ত দেশীয় পরিচালক এলেনা আহমেদ বলেন, বাল্যবিবাহ নিয়ে একেক সংগঠন একেকভাবে কাজ করছে। এসব কাজে সফলতা বা সমস্যাগুলো কোথায় আছে, সেসব অভিজ্ঞতা ‘থিউরি অব চেঞ্জ’-এর মাধ্যমে সমন্বয় করতে হবে।

পিএইচআর প্রকল্পের চিফ অব পার্টি হেনরি অল্ডারফার জানান, ১০২টি ইউনিয়নে পরিচালিত প্রকল্পটিতে সুশীল সমাজ, স্থানীয় সরকার প্রতিনিধিসহ সবার অংশগ্রহণে ১০২টি ‘সোশ্যাল প্রোটেকশন গ্রুপ’ তৈরি করা হয়েছে। এ দলটি যৌন হয়রানি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে জোরালো ভূমিকা রাখছে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) জ্যেষ্ঠ প্রোগ্রাম অফিসার শামিমা পারভিন বলেন, যারা বাল্যবিবাহের শিকার, অন্যদের তুলনায় তাদের পারিবারিক সহিংসতার ঝুঁকি তিন গুণ বেড়ে যায়। এদের মাতৃমৃত্যুর ঝুঁকিও বেশি। অন্যান্য নির্যাতনের পাশাপাশি অর্থনৈতিকভাবেও নির্যাতনের শিকার এরা। পরিবারের সিদ্ধান্ত গ্রহণেও তাদের মতামত নেওয়া হয় না।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি পরিচালক চন্দন জেড গোমেজ বলেন, বাল্যবিবাহ একই সঙ্গে নাগরিক ও শিশু অধিকার লঙ্ঘন করছে। আইন কবে যুগোপযোগী হবে সে আশায় বসে না থেকে বাল্যবিবাহ বন্ধে সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে নির্দেশনা দেওয়ার সুপারিশ করেন তিনি।

ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির প্রোগ্রাম প্রধান হাবিবুর রহমান বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রকল্প সমন্বয়কারী মিতালি জাহান বলেন, কন্যাশিশু বা কিশোরীদের নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না। বাল্যবিবাহ প্রতিরোধ করতে গেলে অভিভাবকেরা জানতে চান তাঁর মেয়ের নিরাপত্তা কে দেবে? তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, ‘আমরা যদি বিশ্বাস করতে শিখি—নারী-পুরুষ সমান, নারীদের সম্মান করতে হয়; সমাজের প্রতিটি স্তরের মানুষের মনে যদি আমরা এই বোধ তৈরি করতে পারি, তবে বাল্যবিবাহ বন্ধ হবে। এ ক্ষেত্রে সাহিত্য, পাঠ্যপুস্তক ও গণমাধ্যম বড় ভূমিকা পালন করতে পারে।’