শিশুবিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিশু একাডেমীতে একজন প্রশিক্ষক সপ্তাহে দুই দিন পাঠদান করেন। তাঁকে কর্মস্থলে সাত দিনই উপস্থিত থাকতে হয়, তবে বেতন পান দুই দিনের। শিশুবিষয়ক কর্মকর্তার মৌখিক নির্দেশে এই নিয়ম চালু রয়েছে।জানা গেছে, শিশু একাডেমীতে নার্সারি থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি করা হয়। এখানে সব শিক্ষার্থী একই পাঠ্যক্রমের আওতায় শেখে ও পরীক্ষা দেয়। একাডেমীতে শিক্ষার্থী ধারণক্ষমতা এক হাজার ১০০ জন। কিন্তু ভর্তি করা হয়েছে দুই হাজার ৭০০ জন। জানুয়ারিতে ভর্তি শেষ করার নিয়ম থাকলেও এখনো ভর্তি চলছে। এখানে শিশুদের আবৃত্তি, গিটার, চিত্রাঙ্কন, আরবি, কম্পিউটার বিষয়ে শিক্ষা দেওয়া হয়।অভিভাবকদের অভিযোগ, সবাইকে একসঙ্গে পাঠদান করা হয়। ফলে দেড়-দুই ঘণ্টা শ্রেণীকক্ষে থেকেও নার্সারির শিশুরা তাদের কী শেখানো হয়েছে, তা বলতে পারে না। বাধ্য হয়ে পরে শ্রেণীশিক্ষক থেকে জেনে তাদের নতুন করে পড়তে হয়। এসব না জানলে শিক্ষার্থীরা পরীক্ষায় অকৃতকার্য হবে।চট্টগ্রাম শিশু একাডেমীর শিশুবিষয়ক কর্মকর্তা জি এম আবদুস সালাম প্রথম আলোকে বলেন, শিক্ষকদের পরামর্শেই সবাইকে একসঙ্গে পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহের সাত দিন শিক্ষকদের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রীরা চট্টগ্রামে এলে অনুষ্ঠান করতে শিক্ষক ও শিক্ষার্থীদের আসতে হয়। তাই এই ব্যবস্থা। এখনো ভর্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘স্থানীয় লোকজনের অনুরোধ ফেলতে পারছি না।’অভিযোগ পাওয়া গেছে, শিশুবিষয়ক কর্মকর্তার সঙ্গে বিরোধের কারণে দুই মাসে তিনজন প্রশিক্ষক পদত্যাগ করেছেন। তাঁরা হলেন তাসকিয়াতুন নূর, মিসফাক রাসেল ও কুতছিয়া বেগম। গত ২০ মার্চ তাসকিয়াতুন নূর বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালককে পাঠানো পদত্যাগপত্রে শিশু কর্মকর্তার বিরুদ্ধে অশ্লীল আচরণের অভিযোগ আনেন। তবে আবদুস সালাম অভিযোগ অস্বীকার করে বলেন, ওই তিনজন শিক্ষক হিসেবে যোগ্য নন। তাই তাঁদের বাদ দেওয়া হয়েছে। অভিভাবকেরা অভিযোগ করেন, একাডেমীর ভর্তি ফরমের দাম এক হাজার টাকা হলেও নেওয়া হয় দুই হাজার ৫০০ টাকা। ভর্তির রসিদে ৮৫০ টাকার স্থলে নেওয়া হয় ৯০০ টাকা। তবে আবদুস সালাম এসব অভিযোগ সত্য নয় দাবি করে বলেন, তিনি চট্টগ্রাম শিশু একাডেমীতে যোগ দেন ২০০৭ সালের ১১ জুন। তাঁর পূর্বসূরি ২৭ বছর চাকরি করেছেন।