শিশুবিষয়ক লক্ষ্যগুলো সুনির্দিষ্ট করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এমডিজি (২০১৫) পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণে শিশুদের অবস্থান’ শীর্ষক গোলটেবিল বৈঠক গতকাল প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷ ছবিতে আলোচকেরা l প্রথম আলো
‘এমডিজি (২০১৫) পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণে শিশুদের অবস্থান’ শীর্ষক গোলটেবিল বৈঠক গতকাল প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷ ছবিতে আলোচকেরা l প্রথম আলো

আগামী উন্নয়ন-ভাবনায় শিশুবিষয়ক লক্ষ্যগুলো ছড়িয়ে-িছটিয়ে না রেখে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে৷ এতে শিশুর সার্বিক সুরক্ষা ও উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দিতে হবে৷ গতকাল রোববার ‘এমডিজি (২০১৫) পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণে শিশুদের অবস্থান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এ তাগিদ দেন৷
কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের আয়োজক ছিল প্রথম আলো এবং বেসরকারি সংগঠন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ৷ এতে মন্ত্রী ও সরকারি কর্মকর্তার পাশাপাশি শিশুদের নিয়ে কাজ করা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন৷ বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম৷
২০১৫ সালের মধ্যে এমডিজি বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পর ২০১৫-পরবর্তী উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করার জন্য জাতিসংঘ সদস্যদেশগুলোর মতামত চেয়েছে৷ বাংলাদেশ প্রস্তাব চূড়ান্ত করে তা বিবেচনার জন্য ২০১৩ সালের জুন মাসে জাতিসংঘে পাঠিয়েছে৷ বিভিন্ন দেশ থেকে পাঠানো মতামত, জাতিসংঘের মহাসচিবের প্রতিবেদনসহ বিভিন্ন ফোরামে হওয়া আলোচনার ভিত্তিতে বর্তমানে মোট ১৭টি লক্ষ্য নিয়ে আলাপ-আলোচনা চলছে৷
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান স্বাগত বক্তব্যে বলেন, বাংলাদেশ মা ও শিশুস্বাস্থ্যসহ অনেক সূচকে বেশ অগ্রগতি অর্জন করেছে৷ খ্যাতনামা অর্থনীতিবিদ অমর্ত্য সেন সব জায়গায় বাংলাদেশের এসব অর্জনের কথা তুলে ধরেন৷ অনেক ক্ষেত্রে বাংলাদেশ ভারতের চেয়েও এগিয়ে আছে বলে তিনি উল্লেখ করেন৷ মতিউর রহমান বলেন, শিশুদের আরও উন্নয়নের লক্ষ্যে ২০১৫-পরবর্তী উন্নয়ন লক্ষ্যমাত্রায় তাদের বিষয়টি যাতে আলাদা এবং সুনির্দিষ্টভাবে যুক্ত হয়, সে উদ্দেশ্য নিয়েই এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে৷
আলোচনায় অংশ নিয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সরকার নারী ও শিশুর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে৷ এবারের বাজেট বক্তৃতায়ও অর্থমন্ত্রী এ বিষয়ে গুরুত্ব দিয়েছেন। এতে শিশুদের সার্বিক উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে৷ মন্ত্রী আরও বলেন, বাজেট বরাদ্দের সময় সরকারের বিভিন্ন সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই চলমান প্রকল্পে সহায়তার পাশাপাশি পিছিয়ে পড়া বা ঝুঁকির মুখে থাকা শিশুসহ অন্যদের কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। নারী, শিশুসহ দেশের সার্বিক উন্নয়নে কাজ হচ্ছে৷ সরকার বসে নেই৷ তবে জাতীয় অর্থনীতির অবস্থা ভালো না হলে এবং শিক্ষা না থাকলে অনেক সমস্যারই সমাধান করা সম্ভব হবে না।
পরিকল্পনা কমিশনের সদস্য (সাধারণ অর্থনীতি বিভাগ) শামসুল আলম বলেন, ২০১৫-পরবর্তী টেকসই উন্নয়ন-ভাবনায় বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘে যে প্রস্তাব পাঠানো হয়েছে, তাতে ১১টি লক্ষ্য, ৫৮টি লক্ষ্যমাত্রা এবং ২৪১টি সূচক রয়েছে৷ একাধিক লক্ষ্যের মধ্যে বিভিন্ন লক্ষ্যমাত্রা আকারে শিশুদের বিষয়টি প্রতিফলিত হয়েছে৷
শিশুদের জন্য আলাদা একটি লক্ষ্য নির্ধারণের সুযোগ এখনো রয়েছে বলে উল্লেখ করেন ইউএনডিপির সহকারী দেশীয় পরিচালক পলাশ কান্তি দাস৷ ২০১৫-পরবর্তী লক্ষ্য নির্ধারণে জাতিসংঘের বিভিন্ন পদ্ধতির কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন দেশের মতো জাতিসংঘের উচ্চপর্যায়ের প্যানেলেও এ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে৷ কার্যকর কৌশল নিয়ে সমন্বিতভাবে সামনের দিকে অগ্রসর হতে হবে।
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জাহেরিন বলেন, বাংলাদেশে প্রকল্পভিত্তিক কার্যক্রম বেশি৷ এটি শিশুর সুরক্ষার ক্ষেত্রে বড় ধরনের অন্তরায়৷ সরকার, বেসরকারি সংগঠন ও দাতাগোষ্ঠীর মধ্যে সমন্বয়ের অভাব আছে৷ গত ১৫ বছরে বিভিন্ন কার্যক্রমে প্রচুর বিনিয়োগ করা হয়েছে৷ তবে বিনিয়োগের ফল কী পাওয়া যাচ্ছে, তার নজরদারি হচ্ছে না।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেশীয় পরিচালক স্টিফেন কে হালদার বলেন, দেশের মোট জনসংখ্যার ৪৫ ভাগই শিশু৷ অথচ বিশাল এই

জনগোষ্ঠীর জন্য আলাদা একটি লক্ষ্য নির্ধারণ করা হবে না, তা হতে পারে না৷
ওয়ার্ল্ড ভিশনের অ্যাডভোকেসি ম্যানেজার সাবিরা নূপুর গোলটেবিল বৈঠকের মূল বক্তব্য তুলে ধরেন৷ তিনি উল্লেখ করেন, ২০১৫-পরবর্তী উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করার জন্য আলাপ-আলোচনা চলছে৷ আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিষয়গুলো উত্থাপন করা হবে৷ তখন দেশগুলো এসব বিষয়ে ভোট দেওয়ারও সুযোগ পাবে৷
ওয়ার্ল্ড ভিশনের শিশু ফোরামের দুই শিশু সদস্য শম্পা ইসলাম ও নিজাম শাহীন উন্নয়ন পরিকল্পনা তৈরিতে শিশুদের মতামত নেওয়ার বিষয়টিতে গুরুত্ব দেয়৷
২০১৫-পরবর্তী উন্নয়ন-ভাবনায় শিশুর সার্বিক সুরক্ষা ও উন্নয়নের বিষয়টিতে গুরুত্ব দিতে হবে বলে মত দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম৷ তিনি বলেন, ‘শিশুদের প্রতি সহিংসতার মাত্রা দিন দিন বেড়েই চলেছে৷ তাই বাল্যবিবাহ, যৌন নির্যাতন বা রাজনীতিতে শিশুর ব্যবহার কত দিনের মধ্যে কীভাবে বন্ধ করা হবে, তা সুনির্দিষ্ট করে সামনে এগোতে হবে এবং নজরদারি বাড়াতে হবে৷’
শাহীন আনাম আরও বলেন, এমডিজির বিভিন্ন লক্ষ্যমাত্রা থেকে মানবাধিকারের বিষয়টি বাদ পড়ে গেছে৷ তাই ২০১৫-পরবর্তী উন্নয়ন-ভাবনায় মানবাধিকারের বিষয়টি সম্পৃক্ত করা না হলে শিশু, দলিত, যৌনকর্মীসহ প্রান্তিক জনগোষ্ঠী আবার বাদ পড়ে যাবে৷
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি দেশীয় পর্যায়ে তা বাস্তবায়নে সরকারের সদিচ্ছা, আইনি কাঠামো ও সচেতনতা বাড়ানোর মতো বিষয়গুলোতে গুরুত্ব দেন৷
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন এমরানুল হক চৌধুরী বলেন, জেন্ডার বাজেটের মতো শিশুদের জন্যও কোন খাতে কত টাকা বরাদ্দ, তা কীভাবে খরচ হবে ইত্যাদি বাজেটে তুলে ধরতে হবে৷ শিশুদের জন্য আলাদা একটি অধিদপ্তরের দাবি তোলা হলেও তা আলোর মুখ দেখছে না৷ এমরানুল হক শিশুদের জন্য ‘ন্যায়পাল’ গঠনেরও সুপারিশ করেন৷
প্ল্যান ইন্টারন্যাশনালের উপদেষ্টা (শিশু অধিকার) সৈয়দ মতলুবর রশীদ বলেন, কত শিশু নির্যাতনের শিকার, তার সঠিক বা সুনির্দিষ্ট তথ্য নেই৷ শিশু সুরক্ষায় সুনির্দিষ্ট তথ্য থাকতে হবে৷