শিশুবিষয়ক সাংবাদিকতার নীতিমালা হলো বিচারবুদ্ধি প্রয়োগের পথনকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সত্য খোঁজা ও প্রকাশের পাশাপাশি জনস্বার্থ, দেশের নিরাপত্তা এবং নারী-শিশুর স্বার্থ দেখাও গণমাধ্যমের কাজ। সাংবাদিকতার সঙ্গে দায়বদ্ধতা ও সচেতনতার বিষয় জড়িত। আর শিশু-সংক্রান্ত সাংবাদিকতার নীতিমালা হলো বিচারবুদ্ধি প্রয়োগের পথনকশা।

গতকাল মঙ্গলবার দুপুরে মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ ‘শিশু-সংক্রান্ত বিষয়ে সাংবাদিকতার নীতিমালা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন। নীতিমালাটি তৈরি করেছে বেসরকারি প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। এতে সহযোগিতা করেছে জাতীয় মানবাধিকার কমিশন ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)।

এমআরডিআই, জাতীয় মানবাধিকার কমিশন ও ইউনিসেফ আয়োজিত সেমিনারে তথ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নীতিমালার মোড়ক উন্মোচন করেন।

হাসানুল হক ইনু বলেন, বর্তমানে দু-একটি ককটেল ফুটলেও বিভিন্ন রাষ্ট্র রেডএলার্ট জারি করছে, যাতে রাজনীতির গন্ধ পাওয়া যাচ্ছে। এ ছাড়া গণমাধ্যমকর্মীরা প্রায়ই ৫৭ ধারা নিয়ে টিটকারি দিলেও এ পর্যন্ত কতজন সাংবাদিক এ ধারায় আটক আছেন, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। ইনু বলেন, সরকার সম্প্রচার নীতিমালা করেছে, সম্প্রচার আইনও করবে।

সেমিনারে সভাপতির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন বিবিসি, সিএনএন, আল-জাজিরাকে অনুসরণ করার কিছু নেই। দেশের মাটি থেকে পাওয়া মূল্যবোধ থেকেই নির্ধারিত হবে সাংবাদিকতার নীতি-নৈতিকতা। তিনি আরও বলেন, শিশু সৌরভকে যখন গুলি করা হয় তখন বিভিন্ন গণমাধ্যম প্রাধান্য দেয় আওয়ামী লীগের সাংসদ শিশুকে গুলি করেছে। পরিচয়টি মুখ্য হয়েছে। কিন্তু আওয়ামী লীগ নিশ্চয়ই শিশুকে গুলি করতে বলেনি।

আলোচনায় সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার বলেন, ‘শিশুদের বিষয়ে যে নীতিমালা হয়েছে তার সঙ্গে আমরা একমত। তবে তা আমরা নিজেরাই কতটা অনুসরণ করি তা-ও নজরদারির আওতায় আনা প্রয়োজন।’ শরণার্থী শিশু আইলানের লাশ ছাপানো হবে কি হবে না, বিষয়টি গণমাধ্যমের সামনে একটি বিশেষ পরিস্থিতি হিসেবে উপস্থিত হয় বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, নীতিমালা মেনে সাংবাদিকতা করলে তা ওই প্রতিষ্ঠানকে উচ্চমাত্রায় নিয়ে যায়। তিনি এ নীতিমালা সর্বজনীন কাজের অংশ হিসেবে বাস্তবায়নের আহ্বান জানান।

প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম এক গণমাধ্যমকর্মীর প্রশ্নের উত্তরে বলেন, প্রথম আলো অনলাইন ও প্রিন্ট একই ধরনের নীতিমালার আওতায় পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমআরডিআইয়ের অঙ্গপ্রতিষ্ঠান ইনফোকাসের প্রধান নির্বাহী ফরিদ হোসেন। এতে নীতিমালা তৈরির প্রেক্ষাপট বর্ণনা করে এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, নীতিমালা করার আগে ঢাকা ও ছয়টি বিভাগীয় শহরে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও অন্যান্য পেশার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হয়েছে।