ছবি আঁকার ঝোঁকটা সেই ছোটবেলা থেকেই ছিল তাঁর। ষাটে এসেও সেই ঝোঁক, সেই নেশা ছাড়তে পারেননি এখনো। এখনো তিনি শিখছেন, দাবি এই বয়োবৃদ্ধ তরুণের। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই তাঁর। আছে কল্পনা, নিরলস চর্চা আর শিল্পবোধ। সেই বোধ থেকেই মাটি ও মানুষের শিল্পী হয়ে উঠেছেন দক্ষিণের সাগর পাড়ের জেলা বরগুনার মোশাররফ হোসেন। তাঁর এই সৃষ্টিশীলতা নিজের মাঝে সীমাবদ্ধ নেই আর। ছড়িয়ে দিচ্ছেন শিশুদের মাঝে। প্রতি শুক্রবার তিনি শিশুদের ছবি আঁকা শেখান। তাও নিখরচায়। প্রায় ১৩ বছর ধরে কাজটি তিনি নিরলসভাবে করে চলেছেন। শিল্পী মোশাররফের ভাষায়, শিল্পবোধ কম থাকায় মানুষের নৈতিকতাশক্তি ক্ষয়ে যাচ্ছে। ভালোমন্দ, বিচার-বুদ্ধি লোপ পাচ্ছে। মানুষ প্রকৃতি থেকে দূরে সরে গিয়ে মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। এই অবক্ষয় থেকে উত্তরণের একমাত্র পথ হলো শিল্পবোধ জাগ্রত করা। সেই বোধ শিশুমনে সহজেই জাগিয়ে তোলা যায়। তাই তাঁর এই প্রয়াস। শিল্পী মোশাররফের জন্ম ১৯৫১ সালের জানুয়ারিতে, বরগুনা সদর উপজেলার লবণগোলা গ্রামে। বাবা মোহাম্মদ হোসেন ছিলেন ক্ষুদ্র কৃষক। মা হাসিনা বেগম গৃহিণী। টানাপোড়েনের সংসার ছিল তাঁদের। এখনো তা-ই আছে। হাতে যখন স্লেট-পেনসিল ওঠে মোশাররফ তখন বর্ণমালা লিখেননি; এঁকেছিলেন ফুল, ফল ও জীবজন্তুর ছবি। এঁকে এঁকে হাতেখড়ি চিত্রকলায়। লেখাপড়া বাদ দিয়ে এসব করায় মায়ের কাছ থেকে বকুনিও খেতে হয়েছে এন্তার। কিন্তু বাবার উৎসাহে কাজ করেছেন নতুন উদ্যমে। মোশাররফ যখন পঞ্চম শ্রেণীর ছাত্র, তখন তাঁর বাবা মারা যান। বাবার মৃত্যুর পর দুই ভাই ও দুই বোনকে নিয়ে মা পড়েন দৈন্যদশায়। একসময় তাঁরা চলে আসেন বরগুনা শহরের উপকণ্ঠ লাকুরতলা গ্রামে। এখনো সেখানেই আছেন মোশাররফ ও তাঁর পরিবার। এসএসসির পর পড়াশোনা আর বেশি দূর এগোয়নি। সংসারের হাল ধরতে হয়েছে মোশাররফকে। একাত্তরে দেশমাতৃকার টান উপেক্ষা করতে পারেননি। নিজের জীবন বিপন্ন হতে পারে ভেবেও মুক্তিযুদ্ধ চলাকালে তিনি প্রথম বরগুনায় স্বাধীন বাংলার জাতীয় পতাকা এঁকেছেন। ২০০টির মতো পতাকা তৈরি করে বিলিয়েছেন মুক্তিযোদ্ধা ও স্বাধীনচেতা মানুষের মাঝে।শিল্পী মোশাররফের স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েকে নিয়ে সংসার। সারা জীবন শিল্প ভাবনায় আচ্ছন্ন থাকা এ মানুষটি সংসারেও তেমন সচ্ছলতা আনতে পারেননি। সাইনবোর্ড লিখে যে সামান্য আয় হতো, তা দিয়ে কোনো রকম চলেছে সংসার। বরগুনা শহরের কাঁচা বাজার এলাকায় তাঁর ছোট্ট একটি দোকান আছে। দোকানটির নাম ‘আর্ট গ্যালারি’। এর দ্বিতীয় তলার একটি কক্ষে সাজানো আছে তাঁর আঁকা সব চিত্রকর্ম। আর এখানে বসেই তিনি শিশুদের ছবি আঁকা শেখান। বর্তমানে এখানে ২৭ জন শিক্ষার্থী আছে। শিক্ষার্থী মুনিমের বাবা বরগুনা থিয়েটারের সভাপতি মুনিরুজ্জামান বলেন, মোশাররফ ভাইয়ের নির্মোহ জীবন, অপরিসীম শিল্পবোধ সত্যি যে কাউকে মুগ্ধ করে। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসেও তিনি স্বীকৃতির ধার ধারেননি। বরং এঁকেই গেছেন অবিরাম। কিন্তু তাঁর শিল্পকর্মের কোনো স্বীকৃতি আজও আসেনি।