বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার কমেছে। একই সঙ্গে মৃত্যুর কারণ বা ধরনেও পরিবর্তন এসেছে। শিশুমৃত্যুর এত দিনের অন্যতম বড় কারণ ডায়রিয়া বা উদরাময়কে পেছনে ফেলে দিয়েছে বার্থ অ্যাসফিক্সিয়াসহ (জন্মের সময় শ্বাস নিতে সমস্যা) বিভিন্ন জটিলতা ও পানিতে ডোবার মতো দুর্ঘটনা। ১৯৮৮ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ডায়রিয়ার কারণে পাঁচ বছরের কম বয়সী শিশুদের এক-পঞ্চমাংশ মারা যেত। বর্তমানে এ কারণে মারা যাচ্ছে মাত্র ২ শতাংশ। নিউমোনিয়া এখনো শিশুমৃত্যুর অন্যতম উল্লেখযোগ্য কারণ হিসেবে বিবেচিত। বিশেষজ্ঞরা বলছেন, জন্মের পরপর এবং ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু বুকের দুধ খাওয়ানোর হার বাড়া, পুষ্টি-পরিস্থিতির কিছুটা উন্নতি, মায়েদের শিক্ষা ও ক্ষমতায়নের হার বৃদ্ধিসহ বিভিন্ন কারণে শিশুমৃত্যুর কারণ বা ধরনে পরিবর্তন এসেছে। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০১১ অনুযায়ী, দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যু প্রতিরোধ এবং তাদের বেঁচে থাকার পরিস্থিতির উন্নয়ন ঘটেছে। এ বিষয়ে ২০১৫ সালের আগেই জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথেই আছে বাংলাদেশ। সর্বশেষ তথ্য অনুযায়ী (২০০৭-২০১১), এক হাজার জীবিত শিশু জন্মে মৃত্যুর হার ৫৩ (জন্ম ও পাঁচ বছর বয়সের মধ্যে মৃত্যু)। বাংলাদেশে গত ১০ বছরে গড়ে ৪ শতাংশ করে নবজাতকের মৃত্যুহার কমছে। বিডিএইচএস ২০১১-এর প্রতিবেদনে দেখানো হয়েছে, ১৯৯৩-৯৪ সালে শ্বাসতন্ত্রের সংক্রমণ রোগে (প্রধানত নিউমোনিয়া) বেশি শিশু মারা যেত। তার পরই ছিল ডায়রিয়া এবং জন্ম-পরবর্তী বিভিন্ন সমস্যা। ১৯৯৬-৯৭ সালে ডায়রিয়ার কারণে শিশুমৃত্যুর হার কিছুটা কমে। ২০০৪ সালের দিকে বার্থ অ্যাসফিক্সিয়া কারণটি সামনে চলে আসে। ২০১১ সালে এ কারণগুলোর সঙ্গে যুক্ত হয় পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি। ডায়রিয়ার হার কমেনি: ডায়রিয়ায় শিশুমৃত্যুর হার কমেছে, কিন্তু আক্রান্তের হার না কমায় ঝুঁকি থেকেই গেছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) পুষ্টি ও খাদ্যনিরাপত্তা কেন্দ্রের পরিচালক তাহমিদ আহম্মেদ প্রথম আলোকে বলেন, পাঁচ বছরের কম বয়সী শিশুদের ডায়রিয়া হলে খাওয়ার স্যালাইনের পাশাপাশি জিঙ্ক ট্যাবলেট দেওয়ার ফলে মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমেছে। তবে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার হার কমেনি। পানিতে ডুবে মৃত্যু: বিডিএইচএস ২০১১ অনুযায়ী, এক থেকে পাঁচ বছর বয়সী যেসব শিশুর মৃত্যু হচ্ছে, তার ৪৩ শতাংশই প্রাণ হারাচ্ছে পানিতে ডুবে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, শিশুমৃত্যুর এ কারণটি প্রতিরোধে তেমন কোনো কার্যক্রম নেই দেশে।গত বছর প্রকাশিত জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সহায়তায় দি অ্যালায়েন্স ফর সেফ চিলড্রেন (টিএএসসি) পরিচালিত জরিপ অনুযায়ী, বাংলাদেশ, কম্বোডিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ড—এ চারটি দেশে প্রতি চারটি শিশুমৃত্যুর (এক থেকে চার বছর বয়সী) মধ্যে একটি হচ্ছে পানিতে ডুবে। ওই জরিপ অনুযায়ী, শিশুমৃত্যুর এ সংখ্যা এখন হাম, পোলিও, হুপিংকাশি, ধনুষ্টংকার, ডিপথেরিয়া ও যক্ষ্মায় মৃত্যুর মোট সংখ্যার চেয়েও বেশি। নিউমোনিয়া ও অন্যান্য সংক্রমণ: নিউমোনিয়াসহ অন্যান্য সংক্রমণে আক্রান্ত শিশুদের চিকিৎসাব্যবস্থাপনা এখনো বিরাট একটি চ্যালেঞ্জ। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ২০১১ অনুযায়ী, এ ধরনের সমস্যায় আক্রান্ত মাত্র এক-তৃতীয়াংশ শিশু স্বাস্থ্যকেন্দ্র অথবা স্বাস্থ্যকর্মীর কাছে যেতে পারছে। ঢাকা শিশু হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক সমীর সাহা বলেন, নিউমোনিয়া প্রতিরোধে ২০০৯ সাল থেকে সরকার হেমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা টাইপ ‘বি’ (হিব) টিকা চালু করেছে। আশা করা হচ্ছে, আগামী জুলাই থেকে টিকাদান কর্মসূচিতে একটি নতুন টিকা অন্তর্ভুক্ত হবে। নবজাতকের মৃত্যু: দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর ৬০ শতাংশই ঘটে জন্মের প্রথম মাসে নবজাতক বয়সে। আর নবজাতকের মৃত্যুর ৮৮ শতাংশই হয়ে থাকে মারাত্মক সংক্রমণ, বার্থ অ্যাসফিক্সিয়া এবং যথাযথ সময়ের আগেই (অপরিণত) জন্মজনিত জটিলতায়। সেভ দ্য চিলড্রেনের হিসাব অনুযায়ী, বাংলাদেশে ২০১০ সালে ৮৩ হাজার নবজাতক মারা যায়। প্রতি দুই ঘণ্টায় ২০টি নবজাতকের মৃত্যু হচ্ছে।