শিশুমৃত্যুর বড় কারণ এখনো নজরের বাইরে

পানিতে ডুবে মৃত্যুতে বাংলাদেশ বিশ্বে ২২তম। প্রথম আফ্রিকার গায়ানা। বাংলাদেশ ছাড়া প্রথম ২২টির ১৯টিই আফ্রিকার দেশ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

সুনামগঞ্জ জেলায় চলতি জুলাই মাসের প্রথম ২২ দিনে পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এদের সবার বয়স আট বছরের নিচে। তবে বাংলাদেশে শিশুমৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া। সুনামগঞ্জেও তা-ই। কিন্তু গত ২২ দিনে এই জেলায় নিউমোনিয়ায় মৃত্যুর তেমন তথ্য নেই।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর পানিতে ডুবে সাড়ে ১৪ হাজার শিশু মারা যায়। এদের বয়স ১ থেকে ১৮ বছরের মধ্যে। এই বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম কারণ এখন পানিতে ডুবে মারা যাওয়া।

দেশে শিশুমৃত্যু রোধে বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সরকার নানা প্রচেষ্টা নিয়েছে এবং তাতে সুফলও মিলেছে। কিন্তু পানিতে ডুবে মৃত্যু রোধে সরকারি প্রচেষ্টা খুব কম। স্বাস্থ্য খাতের নীতি দলিলে এই মৃত্যু রোধের বিষয়ে গুরুত্বও কম।

এ অবস্থায় আজ রোববার পালিত হচ্ছে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধসংক্রান্ত আন্তর্জাতিক দিবস। এবারই প্রথম এই দিবস পালিত হচ্ছে। চলতি বছরের গত ২৮ এপ্রিল জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২৫ জুলাই এ দিবস পালনের সিদ্ধান্ত হয়।
শিশু বিশেষজ্ঞ ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান (বিএমডিসি) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা প্রথম আলোকে বলেন, ‘ডায়রিয়ায় মৃত্যু রোধে এবং এর ব্যবস্থাপনায় আমরা বিশ্বে এক নম্বর। গণটিকা দেওয়ার কারণে ডিফথেরিয়া বলতে গেলে নেই। ধনুষ্টঙ্কার একদম নিয়ন্ত্রণে। কিন্তু পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ করতে পারছি না আমরা। এ নিয়ে দেড় যুগ ধরে আলোচনা চলছে। কিন্তু নীতিনির্ধারণী পর্যায়ে সুদৃষ্টির অভাব আছে।’

কীভাবে, কত শিশুর মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পানিতে ডুবে মৃত্যুসংক্রান্ত বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়নশীল ও মধ্যম আয়ের দেশগুলোতে পানিতে ডুবে মৃত্যুর সঠিক পরিসংখ্যান পাওয়া দুষ্কর। এরপরও ডুবে মৃত্যুর ৯১ শতাংশ ঘটে বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২০’-তে দেশে বিভিন্ন রোগে মৃত্যুর চিত্র তুলে ধরা হয়। তাতে দেখা যায়, ৫ বছরের কম বয়সী ৪৪ শতাংশ শিশুর মৃত্যুর কারণ নিউমোনিয়া। এরপরই পানিতে ডুবে মৃত্যুর স্থান। এটি প্রায় ৯ শতাংশ। এরপর আছে শ্বাসতন্ত্রের জটিলতা, অপুষ্টি, নানা ধরনের জ্বর, জন্ডিস ও জটিল ডায়রিয়া।

# পানিতে ডুবে মৃত্যুর ৮০ শতাংশই ঘটে পুকুরে
# ৮০ ভাগ পানিতে ডুবে মরার ঘটনা ঘটে বাড়ি থেকে ২০ গজের মধ্যে
# ৬০ শতাংশ মৃত্যুর ঘটনা ঘটে সকাল নয়টা থেকে বেলা একটার মধ্যে

২০১৬ সালে করা বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভে অনুযায়ী, দেশে ১ থেকে ১৮ বছর বয়সী শিশুমৃত্যুর (আঘাতজনিত) ৩৭ শতাংশই হয় পানিতে ডুবে। সে হিসাবে বছরে সাড়ে ১৪ হাজার শিশু ডুবে মারা যায়।

বিবিএসের ভাইটাল স্ট্যাটিসটিকসে ডুবে মারা যাওয়ার পরিসংখ্যানে শিশুর বয়স নির্দিষ্ট করা হয়নি। ফলে স্বাস্থ্য মন্ত্রণায়ের অধীন বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভের তথ্যের সঙ্গে বিবিএসের তথ্যের ফারাক আছে। পানিতে ডুবে মৃত্যুর তথ্য বলছে, ১ মাস থেকে ১২ মাস বয়সীদের ক্ষেত্রে এটা সচরাচর ঘটে না। ১২ মাস থেকে ৫ বছর বয়সীদের মধ্যে এটা বেশি হয়। হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভে অনুযায়ী, এই বয়সী শিশুদের মধ্যে প্রতি ১ লাখে ৭১ দশমিক ৭ জন ডুবে মারা যায়। ৬ থেকে ৯ বছরের শিশুর ক্ষেত্রে এটা লাখে ২৮ দশমিক ১ জন।

প্রতিরোধে কী পদক্ষেপ

শিশুমৃত্যু রোধ, পুষ্টি ইত্যাদি খাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বড় বিনিয়োগ থাকলেও পানিতে ডুবে মৃত্যু রোধে তৎপরতা একেবারেই কম। যা-ও হয়, তা কিছু পাইলট কর্মসূচি। যেমন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আছে দুটি কর্মসূচি। দুটোই শিশুদের সাঁতার শেখানোর। এর মধ্যে একটি কর্মসূচি গত জুন মাসে শেষ হয়েছে। এ কর্মসূচির লক্ষ্য ছিল তিন লাখ শিশুকে সাঁতার শেখানোর। শেখানো হয়েছে ২ লাখ ৯৮ হাজার শিশুকে। এ তথ্য দিয়েছেন কর্মসূচি দুটোর পরিচালক পাপিয়া ঘোষ। আরেকটি কর্মসূচিতে দুই লাখ শিশুকে সাঁতার শেখানো হবে। দুই প্রকল্পের জন্য বাজেট ৫ কোটি করে ১০ কোটি টাকা। দুটো কর্মসূচিরই বাস্তবায়ন এলাকা ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও নড়াইল জেলা। কর্মসূচি বাস্তবায়ন করেছে স্থানীয় এনজিওগুলো।

কিন্তু দেশে সবচেয়ে বেশি পানিতে ডুবে মৃত্যু হয় বরিশাল বিভাগে। জাতীয় পর্যায়ে যেখানে লাখে ১১টি শিশুর মৃত্যু হয়, সেখানে বরিশাল বিভাগে এ সংখ্যা ৩৪। দুই কর্মসূচির একটিও বরিশাল বিভাগে নেওয়া হলো না কেন, জানতে চাইলে পাপিয়া ঘোষ বলেন, ‘যেসব এনজিও প্রস্তাব নিয়ে আসে, তাদেরই কাজ দেওয়া হয়। এখানে এনজিওগুলোই কাজ পাওয়ার ব্যাপারে সক্রিয়।’

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা অর্থায়ন কৌশল ২০১২-৩১-এ পানিতে ডুবে মৃত্যুর বিষয়ে কিছু উল্লেখ নেই। আবার ‘অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য বহু খাতভিত্তিক কর্মপরিকল্পনা ২০১৮-২৫’-এ ১০ দফা লক্ষ্যমাত্রা তুলে ধরা হয়েছে। তাতেও পানিতে ডুবে মৃত্যু রোধে কোনো লক্ষ্য নির্ধারণ করা হয়নি।

স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আবদুল হামিদ বলেন, পানিতে ডুবে মৃত্যুর ঘটনা এত বেশি হলেও তা রোধ করতে সরকারি তৎপরতা একেবারে নগণ্য।

মৃত্যু কেন কমছে না

পানিতে ডুবে মৃত্যু নিয়ে দেড় দশকের বেশি সময় ধরে কাজ করছে বেসরকারি সংগঠন সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিআইপিআরবি)। প্রতিষ্ঠানটির উপনির্বাহী পরিচালক আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আশপাশের পুকুর-ডোবা যে সন্তানের জন্য মৃত্যুফাঁদ হয়ে আছে, বিষয়টি নিয়ে সচেতনতা কম। আবার সাঁতার শেখানো বা প্রশিক্ষিত উদ্ধারকর্মীর অভাব প্রকট। ফলে কমছে না মৃত্যু।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা পানিতে ডুবে মৃত্যু রোধে ১০টি প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলেছে তাদের নির্দেশিকায়। এগুলোর মধ্যে পুকুর-ডোবায় বেড়া দেওয়া এবং স্কুলগামী শিশুদের সাঁতার শেখানোর কথা বলা আছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, প্রাথমিক স্কুলের পাঠ্যসূচিতে পানিতে ডুবে মৃত্যুর বিষয়ে সচেতনতামূলক লেখা আছে। তবে বাস্তবে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ঘাটতি আছে।

শিশুমৃত্যু কমাতে প্রসূতিদের জরুরি স্বাস্থ্যসেবা দেওয়া হয়। আছে শিশুদের টিকাদানের বিষয়টিও। ঠিক এ সময়ে স্বাস্থ্য পরিচর্যার বিষয়ে নানা পরামর্শের সঙ্গে প্রাতিষ্ঠানিকভাবে পানিতে ডুবে যাওয়ার বিষয়টি যুক্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের।

সাফল্যের সূত্র বাংলাদেশেই আছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই মৃত্যু প্রতিরোধে ১০টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। এর তিনটিই বাংলাদেশের সাফল্যের অভিজ্ঞতা থেকে নেওয়া। এগুলো হলো পুকুরপাড়ে বেড়া দেওয়া, শিশু দিবাযত্ন কেন্দ্র ও সাঁতার শেখানো।

অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, ‘ডুবে যাওয়া প্রতিরোধে কী করতে হবে, তা আমরা জানি। এখন এই কর্মসূচিকে ব্যাপক পরিসরে বাস্তবায়ন করতে হবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর মোহাম্মদ রোবেদ আমিন জানান, তিন বছর আগে ‘ডুবে মৃত্যু প্রতিরোধে জাতীয় কৌশলপত্র’ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। কৌশলপত্রটি পরিমার্জন করে কাজে লাগাতে হবে।