শিশুমেলার গেট থেকে ফিরে যান দর্শনার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ (ডিএনসিসি) রাজধানীর বিনোদনকেন্দ্র শ্যামলীর ‘শিশুমেলা’ বন্ধ করে দিয়েছে। মেলা বা পার্কটি দ্রুত চালু করার কথা থাকলেও তা হয়নি। সময় গড়িয়েছে এক মাসের বেশি। তবে শিশুমেলা নিয়ে মানুষের আগ্রহ কমেনি। শিশুমেলার গেটের সামনে এসে শিশু, এমনকি বড়রাও উঁকিঝুঁকি মেরে দেখেন, ভেতরে যদি কিছু দেখা যায়।
গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে শিশুমেলার গেটে দেখা মেলে দক্ষিণ কেরানীগঞ্জের নাইমুর রহমানের সঙ্গে। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করেন। ছুটি থাকায় তিনি তাঁর নিজের ও ভায়রার পরিবারের সদস্য নিয়ে শিশুমেলায় বেড়াতে এসেছিলেন। জানতেন না শিশুমেলা বন্ধ করে দেওয়া হয়েছে। দুই পরিবারের মোট সদস্য সাতজন। এখন এই বিশাল বহর নিয়ে কোথায় যাবেন, তা-ই চিন্তা করছিলেন। পরিবারের ছোট সদস্যরা গেটের ফাঁকফোকর দিয়ে যতটুকু দেখা যায়, তা-ই দেখে নিচ্ছিল।
শিশুমেলার এক নম্বর কলাপসিবল গেটটি বন্ধ। পাশেই ছোট গেটটি ভেতর থেকে বন্ধ করা। সেখানে ছোট একটি ফাঁকা অংশ দিয়ে ভেতরে দায়িত্বরত একজন নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বললেন নাইমুর। কথা শেষ করে এসে প্রথম আলোকে বললেন, নিরাপত্তাকর্মী জানিয়েছেন, ৩০০ টাকা দিলে ভেতরে ঢুকতে দেবেন। এ কথা শুনে পাশ থেকে পরিবারের এক নারী সদস্য বললেন, শিশুমেলার ভিতরে কী আছে একটু দেখতাম! এ কথা শুনে নাইমুর বললেন, ‘খালি ভিতরে ঢোকার জন্য ৩০০ দিতে হবে, বাচ্চাকাচ্চারে কোনো রাইডে তুলতে পারব না, তাইলে আর ঢুকে কী লাভ?’
নাইমুর জাতীয় জাদুঘর, নাকি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যাবেন, তা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করতে করতে হাঁটা দিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নিরাপত্তাকর্মী নাইমুরের অভিযোগ অস্বীকার করলেন।
শিশুমেলার সামনে একসময় বাদাম বিক্রেতাসহ বিভিন্ন বিক্রেতার ভিড় লেগে থাকত। গতকাল একজন মাত্র বাদাম বিক্রেতা ছিলেন। তিনি উৎসুক হয়ে জানতে চাইলেন, মেলা আবার কবে থেকে খুলবে? মেলা বন্ধ থাকায় তাঁর বেচাকেনা একেবারে কমে গেছে।
কথা শেষ করে ফিরে আসার সময় দেখা গেল, শিশুমেলার টিকিট কাউন্টার বন্ধ। তার নিচেই এক মা বসে আছেন। পাশেই তাঁর ছেলে। সুযোগ পেলেই মেলার ভেতরের কিছু দেখার চেষ্টা করছে। এই মা জানালেন, চিকিৎসকের কাছ থেকে ফেরার পথে এখানে ফাঁকা দেখে একটু বিশ্রাম নিচ্ছেন।
এই মায়ের সঙ্গে যখন কথা বলছি তখন টিকিট কাউন্টারের ফাঁকা জায়গায় একটি বিড়াল বসে ছিল। বিড়ালের ভাব দেখে মনে হচ্ছিল, শিশুমেলায় শিশুরা না ঢুকতে পারলেও আমি ঢুকতে পেরেছি।
এক যুগেরও বেশি সময় ধরে পার্কটির ইজারা নিয়ে জটিলতা চলায় শিশুমেলাটি বন্ধ করে দেওয়া হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্র জানায়, ১ দশমিক ৪০ একর জমিতে এ শিশুপার্ক গড়ে উঠেছে। ১৯৮৫ সালে এটি পরিচালনার জন্য গণপূর্ত মন্ত্রণালয় সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করে। পরে নিজ খরচে আধুনিক খেলার যন্ত্রাংশ স্থাপন করার জন্য ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি পার্কটি ইজারা দেওয়া হয়। মেসার্স ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠানের কাছে তিন বছরের জন্য ইজারা দেয় সিটি করপোরেশন। এ চুক্তি আর নবায়ন করা হয়নি। এরপর সিটি করপোরেশন মেলটির ফটকে তালা ঝুলিয়ে দেয়।
শিশুমেলা আবার চালু করার বিষয়ে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান প্রথম আলোকে বলেন, পার্কটির বিষয়ে কয়েকটি সভা হয়েছে। এর সঙ্গে আইনগত বিষয় জড়িত। ইজারাদারের কাছ থেকে সিটি করপোরেশনের বকেয়া আদায়ে আলোচনা চলছে। খুব দ্রুত পার্কটি খুলে দিতে চেষ্টা করা হচ্ছে।