শিশুমেলার বকেয়া ইজারা ৫০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যামলীতে অবস্থিত শিশুমেলা বিনোদনকেন্দ্রটির বকেয়া ইজারা নির্ধারণ করা হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক সভায় এই হার নির্ধারণ করা হয়েছে। ১২ বছরের বেশি সময় ধরে কোনো রকম ইজারা না দিয়েই বিনোদনকেন্দ্রটি পরিচালিত হচ্ছিল। গত শনিবার এটি সিলগালা করে দেয় ডিএনসিসি।
ডিএনসিসি সূত্রে জানা যায়, নিজ খরচে আধুনিক খেলার যন্ত্রাংশ স্থাপন করার লক্ষ্যে ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি পার্কটি ইজারা দেওয়া হয়। মেসার্স ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠানের কাছে তিন বছরের জন্য ইজারা দেয় সিটি করপোরেশন। তিন বছরের ইজারামূল্য ছিল ১ লাখ ৪৫ হাজার ৭৫৬ টাকা। এ চুক্তি আর নবায়ন করা হয়নি।
২০০৫ সালে ইজারা চুক্তি বাতিল করে শিশুপার্কটিতে উচ্ছেদ কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন। ওই বছরের একটি রিট পিটিশন মামলায় নিষেধাজ্ঞা থাকায় উচ্ছেদ কার্যক্রম আর সম্ভব হয়নি। পরে রিট পিটিশন মামলাটি নিষ্পত্তি হয়। কিন্তু ইজারাদার ২০০৯ সালে আরেকটি রিট পিটিশন করেন। মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত আছে। তবে পার্কটির বিষয়ে কোনো নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ না থাকায় গত শনিবার ডিএনসিসি পার্কটি বন্ধ করে দেয়।
পার্কটি অবিলম্বে খুলে দেওয়ার বিষয়ে এবং ইজারাদারের কাছে বকেয়া পাওনা নির্ধারণ করতে ইতিমধ্যে ডিএনসিসির কর্মকর্তারা সভা করেছেন। ডিএনসিসি সূত্র জানায়, এক যুগের বেশি সময়ের পাওনা ইজারার পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ইজারাদারকে বকেয়া পরিশোধের জন্য চিঠি দেওয়া হবে।
ডিএনসিসির আইন কর্মকর্তা এস এম মাসুদুল হক প্রথম আলোকে বলেন, বকেয়া ইজারা নির্ধারণের কাজ চলমান আছে। এক যুগের বেশি সময় ধরে ইজারাদার সিটি করপোরেশনকে কোনো টাকা না দিয়ে ব্যবসা চালিয়ে গেছেন। পার্ক পরিচালনা করার সময় ইজারাদার পার্কের ভেতরে অবৈধভাবে ১২টি দোকান বসিয়ে ভাড়া আদায় করেছেন।