শিশুর অধিকার রক্ষায় প্রথম আলোর সঙ্গে ইউনিসেফের চুক্তি সই
শিশুর অধিকার রক্ষায় প্রথম আলো ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) মধ্যে চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী এ দুটি সংস্থার যৌথ অংশীদারির ভিত্তিতে প্রথম আলো পত্রিকায় শিশুর অধিকারের বিষয়ে প্রতি মাসে দুটি বিশেষ পাতা বের হবে।প্রথম আলোর কার্যালয়ে গতকাল মঙ্গলবার ওই চুক্তি সই হয়। ইউনিসেফ বাংলাদেশের প্রধান প্যাসকাল ভেলনোভ এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান চুক্তিতে সই করেন।প্যাসকাল ভেলনোভ বলেন, শিশুর অধিকার রক্ষায় শিশুমৃত্যুর হার কমানোসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে উন্নতির সঙ্গে সঙ্গে নতুন চ্যালেঞ্জও দেখা দিয়েছে। শিশুর অপুষ্টি, শিশুদের পানিতে ডুবে মারা যাওয়াসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরিতে প্রথম আলো উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে।মতিউর রহমান বলেন, নারী ও শিশুর অধিকার নিয়ে কাজ করা প্রথম আলোর কাজের অগ্রাধিকার তালিকার অন্যতম। প্রথম আলো এ ধরনের কাজ নিয়মিতই করে। তবে ইউনিসেফের সঙ্গে চুক্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে চলমান ও মূলধারার কাজের অংশ হিসেবেই শিশুর অধিকারের বিষয়টি যাতে গুরুত্ব পায়, প্রথম আলোর সে চেষ্টা অব্যাহত থাকবে।অনুষ্ঠানে প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, ফিচার সম্পাদক সুমনা শারমিন, জ্যেষ্ঠ সহ-সম্পাদক রোকেয়া রহমান, জ্যেষ্ঠ প্রতিবেদক মানসুরা হোসাইন এবং ইউনিসেফের যোগাযোগ বিভাগের প্রধান সীমা ইসলাম ও যোগাযোগ ব্যবস্থাপক আরিফা এস শারমিনসহ অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।