শিশুর অপরাধে বিকল্প পন্থায় সংশোধন নিশ্চিতের দাবি

আইনের সঙ্গে সংঘাতে আসা শিশুকে বিকল্প পন্থায় সংশোধনের সুযোগ নিশ্চিত করতে হবে। বিকল্প পন্থায় সংশোধনের মডেল তৈরি করতে হবে। আদালতে আনার আগে পরিবার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে অভিযুক্ত শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।
আজ সোমবার অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর ডেইলি স্টার ভবনের এএস মাহমুদ কনফারেন্স হলে ‘শিশু আইন ২০১৩ অনুযায়ী বিকল্প পন্থা: যশোর ও খুলনার অভিজ্ঞতা’ শীর্ষক জাতীয় পর্যায়ে এই অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অপরাধে অভিযুক্ত শিশুর সুরক্ষায় জাগ্রত যুব সংঘ (জেজেএস) ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ বলেন, শিশুর স্বার্থ সবার আগে দেখতে হবে। বিচারকদের উদ্দেশে তিনি বলেন, শিশু অপরাধ মামলা সামলানোর ক্ষেত্রে আইনের মধ্যে থেকে শিশুর স্বার্থ কীভাবে রক্ষা করা যায়, তা ভাবতে হবে। জামিনের ক্ষেত্রে শিশুর সামাজিক ও পারিপার্শ্বিক পরিমণ্ডল বিবেচনা করতে হবে। শিশু আইনেও কিছু সমস্যা আছে, যা সংশোধনে কাজ করা হচ্ছে। বিকল্প পন্থা শুধু পুলিশ করবে তা নয়, বিচারকেরাও মামলার রায় দেওয়ার আগে বিকল্প পন্থার কথা বলতে পারেন।
বিশেষ অতিথির বক্তব্যে ইউনিসেফের শিশু সুরক্ষাবিষয়ক প্রধান জিন লিবে বলেন, ‘এই শিশুরাই আমাদের দেশের ভবিষ্যৎ। প্রত্যেকেরই দ্বিতীয় কিংবা তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত। আমাদের এই শিশুদের সহযোগিতা করা উচিত।’
খুলনার অতিরিক্ত মেট্রোপলিটন সেশন জজ দিলরুবা সুলতানা বলেন, ‘আমরা চাই না কোনো শিশুকে বিকল্প পন্থায় সুরক্ষার সুযোগ না দিয়ে আদালতের সামনে উপস্থিত করা হোক।’
যশোর সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মো. শাহাবুদ্দিন বলেন, ২০১৩ সাল থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত ৯৮ জন শিশু-কিশোর পরিবারের মাধ্যমে থানা থেকে বিকল্প পন্থায় মুক্তি পেয়েছে। আর বিজ্ঞ আদালতের সম্মতিক্রমে ৩৮ জন বিকল্প পন্থায় মুক্তি পেয়েছে। অধিকাংশ শিশুই এখন ভালো আছে।
খুলনা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা সফিকুল আলম বলেন, আইনে আছে প্রত্যেক জেলায় শিশুর জন্য আলাদা আদালত করার কথা, তা এখনো বাস্তবায়ন করা হয়নি।
খুলনার শিশু সুরক্ষা কমিটির সদস্য আনজিরা খাতুন বলেন, অনেক শিশুকে থানা থেকে বিকল্প পন্থায় এনে এখন তাঁরা স্বাভাবিক জীবন যাপন করছে অথচ আগে তারা চুরি, মাদক সেবন করত।
খুলনার সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ও শিশুবিষয়ক কর্মকর্তা ফারজানা ববি বলেন, ‘একটি শিশু যখন থানায় আসে, তখন সে ভীতিকর ও ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে। তখন তাকে আশ্বস্ত করে কথা বলার চেষ্টা করি। পরিবার ও সমাজকর্মীদের সঙ্গে বসে শর্তসাপেক্ষে তাকে বিকল্প পন্থায় সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়।’
জাগ্রত যুব সংঘের নির্বাহী পরিচালক এ টি এম জাকির হোসেন বলেন, ছোট বা বড় অপরাধে অভিযুক্ত শিশুর জন্য দেশের প্রত্যেক থানায় শিশু হেল্প ডেস্ক এবং জেলা ও দায়রা জজ আদালতে শিশুর জন্য শিশু কোর্টের ব্যবস্থা রাখতে হবে।
অভিজ্ঞতা বিনিময় সভায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসরিন বেগম, যশোর অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. মঞ্জুরুল হক প্রমুখ বক্তব্য দেন।