শিশুর অসাবধানতায় প্রাণ গেল আরেক শিশুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলতে খেলতেই প্রাণ গেল সাদ্দাম হোসেন (৭) নামের একটি শিশুর। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। সাদ্দাম ওই গ্রামের ওসমান আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাদ্দাম হোসেন প্রতিবেশী পাঁচ বছর বয়সী আরেকটি শিশুর সঙ্গে বাড়ির পাশে খেলা করছিল। খেলার একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া বাধলে প্রতিবেশী শিশুটি সাদ্দামের বুকে ধানকাটার কাঁচি দিয়ে আঘাত করে। এতে সাদ্দাম গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেয়। বিকেল পাঁচটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে সাদ্দাম মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায় প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত শিশুটির ধারালো অস্ত্রের আঘাতে অপর শিশুটি মারা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।