শিশুর ওজনের ১০ শতাংশের বেশি ভারী ব্যাগ বহন নয়

প্রাথমিক স্কুলের শিশুদের ওজনের ১০ শতাংশের বেশি ভারী স্কুলব্যাগ বহন নিষেধ করে একটি আইন প্রণয়ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রায়ের কপি পাওয়ার ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করতে আইনসচিব, শিক্ষাসচিবসহ বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশিস রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনাসহ রায় দেন।
অন্তর্বর্তীকালীন এ সময়ের জন্য তদারকি করতে নতুন করে একটি সার্কুলার জারি করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে বলেছেন উচ্চ আদালত। সার্কুলারে মনিটরিং সেল গঠন, শিশুদের ১০ শতাংশের বেশি ওজন বহন করানো হলে শাস্তিমূলক কী ব্যবস্থা থাকবে, তা উল্লেখ করে ওই পরিপত্র জারি করতে বলা হয়েছে। ৩০ দিনের মধ্যে পরিপত্র জারি করতে বলা হয়েছে।
প্রাথমিকের স্কুল ব্যাগ বহনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে তিন আইনজীবী ২০১৪ সালে একটি রিট করেন। এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়েছিলেন। রুলে প্রাথমিক স্কুলগামী শিশুদের শরীরে ১০ শতাংশের বেশি ওজনের ব্যাগ বহনের নিষেধে আইন প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। হাইকোর্ট এ রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দেন।
আদালতে রিট আবেদনকারী তিন আইনজীবী মামুন হাসান চৌধুরী, মো. জিয়াউল হক ও মো. আনোয়ারুল করিম উপস্থিত ছিলেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজিদ।