শিশুর ওপর পাশবিক নির্যাতন
রাজশাহীর বাগমারায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে তাকে কুপিয়ে জখম করা হয়েছে। শিশুটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাড়িয়া ইউনিয়নের ওই মেয়েটি গতকাল শুক্রবার দুপুরে বাড়ির পাশের ভুট্টাখেতে ঘাস তুলছিল। এ সময় তাকে একা পেয়ে সাকোয়া গ্রামের আবদুল জব্বার (৪০) ধর্ষণের চেষ্টা চালান। শিশুটি নিজেকে রক্ষার চেষ্টা করলে জব্বার তার কাছে থাকা কাস্তে কেড়ে নিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকেন। একপর্যায়ে শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে পালিয়ে যান জব্বার। বেলা আড়াইটার দিকে মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।শিশুটির মামা জানান, তাঁর ভাগ্নির সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।বাগমারা থানার ওসি আবদুল হামিদ জানান, এ ঘটনার পরই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।বাগমারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শিশুটির চিকিৎসা চলছে।