অবশেষে শিশুটির কাছে যাচ্ছেন মা

গুলিবিদ্ধ শিশুটির কাছে যাচ্ছেন মা নাজমা বেগম। সঙ্গে বাবাও। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন দুজনই। মায়ের পেটে থাকা অবস্থায় গুলিবিদ্ধ কন্যা শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক শফিউর রহমান বলেন, ‘সন্তানের কাছে মা যাচ্ছেন। সব দিক দিয়েই এটি ভালো।’ মা নাজমা বেগমকে ওই হাসপাতালের সামনে দাঁড়ানো অ্যাম্বুলেন্সে তোলা হয় ট্রলিতে করে।
শিশুটির বাবা বাচ্চু ভূঁইয়া বলেন, শিশু মেয়েটিকে পাঠানোর সময় একবার দেখেছিলেন। আর দেখেননি। এখন শিশুর কাছে যাচ্ছেন। এ জন্য তিনি আনন্দিত।
তাঁর গতকালের ভাষ্য, ‘আমরা গরিব মানুষ। চিকিৎসা করানোর সামর্থ্য নাই। এসপি সাহেব আমাকে বলেছেন, ‘বাচ্চাটাকে এখানে রেখে কি মেরে ফেলবেন?’ পরে তিনি ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু বাচ্চার মাকে কেন নেওয়া হয়নি, তা আমি জানি না।’
মাগুরার পুলিশ সুপার (এসপি) এ কে এম এহ্সান উল্লাহ গতকাল বলেন, ‘আমি শিশুটিকে ঢাকায় পাঠিয়েছি। তবে মায়ের অবস্থা ভালো বলে তাঁকে পাঠানো হয়নি।’ এ নিয়ে আজ প্রথম আলোতে ‘শিশুটির সুস্থতার জন্য মাকে বড় প্রয়োজন’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।
এদিকে আজ যখন শিশুটির মাকে ঢাকায় পাঠানো হচ্ছিল তখন এ ঘটনায় নিহত ব্যক্তির হত্যাকারীদের শাস্তির দাবিতে মাগুরা সদর উপজেলা পরিষদের পাশে মাগুরা-ঝিনাইদহ সড়কে মানববন্ধন করেন এলাকাবাসী। দুপুর ১২টার দিকে তাঁরা সড়কে দাঁড়ালেও পুলিশ বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি।
মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় গত বৃহস্পতিবার (২৩ জুলাই) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম (৩৫)। গুলি মায়ের পেটে শিশুর শরীরও এফোঁড়-ওফোঁড় করে ফেলে। ওই সময় গুলি ও বোমায় আহত হন নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়াও। কিন্তু পরদিন তিনি মারা যান। শিশুটির ক্ষতস্থানে গতকাল অস্ত্রোপচার করেছেন চিকিৎসকেরা। সময়ের আগে কম ওজন নিয়ে জন্মানো শিশুটি পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় বলে মনে করছেন চিকিৎসকেরা। তাঁরা বলেছেন, এখন শিশুটির সুস্থ হয়ে উঠতে সবচেয়ে বেশি প্রয়োজন তার মাকে।
ঢাকা মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কানিজ হাসিনা শিশুটির সুস্থতার জন্য তার মাকে ঢাকায় আনার পরামর্শ দেন। তিনি বলেন, শিশুটি অপরিণত অবস্থায় জন্মেছে। ওর শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা কম। সাত দিনের এই শিশুটির মায়ের দুধের কোনো বিকল্প নেই। তাড়াতাড়ি সুস্থ হতে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে ওর মাকে দ্রুত ঢাকায় আনা দরকার। ওর পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু তাঁরা বলছেন, শিশুটির মাকে ঢাকায় এনে চিকিৎসা করানোর সামর্থ্য তাঁদের নেই।
গোলাগুলির ঘটনার পরদিন নিহত মমিন ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া ১৬ জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেন। মামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনকে (৩২) প্রধান আসামি করা হয়। সেন সুমন জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলামের আস্থাভাজন হিসেবে পরিচিত। এ ছাড়া আজিব্বর শেখ ও মুহম্মদ আলীসহ মামলার অন্য আসামিরা সবাই ছাত্রলীগের সাবেক নেতা-কর্মী। সংগঠনের পদ-পদবিতে না থাকলেও এঁরা বিভিন্ন সময়ে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নিয়ে থাকেন। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি সুমন ও সুবহানকে গ্রেপ্তার করেছে। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্য আসামিদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।
জানতে চাইলে এসপি এ কে এম এহ্সান উল্লাহ প্রথম আলোকে বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
আরও জানতে পড়ুন
শিশুটি শ্বাস নিচ্ছে, কাঁদছে