শিশুর কান্নায় অপহরণকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুটির নাম সেজান হোসেন (৫)। গত রোববার তাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা শিশুটির বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণও দাবি করে। কিন্তু শেষ পর্যন্ত শিশুটির কান্নায় মুক্তিপণ তো নেওয়াই হয়নি, উল্টো ধরা পড়েছে এক অপহরণকারী। নিরাপদে উদ্ধার করা হয়েছে সেজানকে।সেজানকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার খামিরদিয়া গ্রাম থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাকে এনে পাবনার ফরিদপুর উপজেলার বিয়েলবাড়ী ইউনিয়নের আরকান্দি গ্রামের এক বাড়িতে আটকে রাখে। আরকান্দি গ্রামবাসী জানান, রোববার রাত থেকে গ্রামের হাসান আলীর (৪০) বাড়ি থেকে শিশুর কান্না শোনা যাচ্ছিল। গতকাল সোমবার সকালে কান্নার মাত্রা বাড়লে তাঁরা হাসানের কাছে শিশুটির পরিচয় জানতে চান। কিন্তু কথাবার্তায় সন্দেহ হওয়ায় গ্রামবাসী শিশুসহ হাসানকে আটক করে পুলিশে দেন। পুলিশের কাছে হাসান শিশুটিকে অপহরণের কথা স্বীকারও করেন। গতকাল দুপুরে শিশুটির বাবা আমজাদ আলী এসে ফরিদপুর থানা থেকে ছেলেকে বাড়িতে নিয়ে যান। এ সময় তিনি জানান, সকালে বাড়ির উঠানে খেলতে থাকাবস্থায় হঠাৎই নিখোঁজ হয় সেজান। রাতে অপহরণকারীরা মুঠোফোনে তাঁর কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। না দিলে সেজানকে হত্যার হুমকি দেয়। মরিয়া হয়ে তিনি যখন টাকা জোগাড়ে ব্যস্ত, তখন পুলিশের মাধ্যমে ছেলে উদ্ধারের খবর পান। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র এর সঙ্গে জড়িত। অন্যদের ধরতে সন্ধান চলছে।