শিশুর কোলে শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম। গত শুক্রবার বিকেলে ওই গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় চোখে পড়ল, একটি শিশু আরেকটি শিশুকে কোলে নিয়ে কয়েকজনের সঙ্গে বসে আছে। কৌতূহলবশত শিশুটিকে জিজ্ঞেস করি, ‘বাচ্চাটি তোমার কে হয়?’ জবাব এল, ‘আমার ছেলে।’
কথা বলে জানা গেল, শিশুটির নাম সীমা আক্তার। পঞ্চম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা দেওয়ার সময় তার বিয়ে হয় জেলা শহরের সওদাগর পাড়ার আবদুলের ছেলে হাফিজুলের সঙ্গে। বিয়ের এক বছর পর তার কোলজুড়ে আসে একটি ছেলেশিশু। ছেলেটির বয়স এখন দেড় বছর। বিয়ে না হলে এখন সে সপ্তম শ্রেণীতে পড়ত।
সীমার কাছ থেকেই জানা গেল, ওই গ্রামের এমন অনেক শিশুরই বিয়ে হয়েছে। কয়েকজন অভিভাবক জানান, অসচ্ছলতা ও সামাজিক নিরাপত্তার অভাবে তাঁরা তাঁদের সন্তানদের কম বয়সে বিয়ে দিচ্ছেন। এলাকাবাসী জানান, তাঁদের গ্রামের প্রায় বাড়িতেই বাল্যবিবাহের ঘটনা ঘটছে।
এ গ্রামের মুক্তি বেগম (১৬) নামের এক কিশোরীর চার বছর আগে বিয়ে হয় পাশের চৌধুরীপাড়া গ্রামের সবুজের সঙ্গে। মুক্তি জানায়, সপ্তম শ্রেণীতে ভর্তি হওয়ার পরই তার বিয়ে হয়। বিয়ের পর পড়াশোনা বন্ধ হয়ে যায়। তার দুই বছরের একটি মেয়ে রয়েছে। স্বামীর নির্যাতনের কারণে সম্প্রতি তাদের বিবাহবিচ্ছেদ ঘটেছে। দুই মাস আগে পঞ্চম শ্রেণীর ছাত্রী ইয়াসমিনের বিয়ে দেওয়া হয়।
ইয়াসমিন বলে, ‘আমি পড়তে চাই। কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে পড়ার সুযোগ কম।’
ওই গ্রামে সীমা, ইয়াসমিন, মুক্তির মতো শিশু ও কিশোরীদের বিয়ে দেওয়ার ঘটনা প্রায়ই ঘটছে বলে এলাকাবাসী জানান। স্থানীয় কালীতলা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুধীর রায় বলেন, এখানে শিক্ষিত লোকের সংখ্যা খুব কম। দারিদ্র্যের কারণে অল্প বয়সে অভিভাবকেরা ছেলেমেয়েদের বিয়ে দিচ্ছেন।
ইটাখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রশীদ বলেন, শিক্ষার অভাব ও অজ্ঞতার কারণে তাঁর এলাকায় বাল্যবিবাহ হচ্ছে। বিয়ের আগে জানতে পারলে তাঁরা বিয়ে বন্ধ করে দেন। কিন্তু স্থানীয় কাজি-মৌলভিরা তাঁদের নিয়ন্ত্রণের বাইরে। তাঁরা গোপনে বাল্যবিবাহ পড়াচ্ছেন। স্থানীয় কাজি আবদুল আজিজ বলেন, অনেক কাজিরই সহকারী রয়েছে। সহকারীরা টাকার বিনিময়ে এসব বিয়ে পড়াচ্ছেন।
নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাইন বিল্লাহ বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে তাঁরা সভা-সেমিনারসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন।