মাদারীপুরের রাজৈর উপজেলার হাসানকান্দি গ্রামে একটি পুকুর থেকে গতকাল শুক্রবার শিশু জিহাদের (৮) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। অপহরণের ২৫ দিন পর একটি মজা পুকুরের কচুরিপানার নিচে চাপা দিয়ে রাখা লাশটি কুকুর টেনে তুললে তা এলাকাবাসীর নজরে আসে। লাশের গায়ে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।নিহতের পারি-বারিক সূত্রে জানা গেছে, রাজৈরের হাসানকান্দি গ্রামের ইতালিপ্রবাসী নূরুল আমিন বেপারির একমাত্র ছেলে জিহাদ বেপারি গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির পাশের একটি বিয়ের অনুষ্ঠান থেকে অপহূত হয়। অপহরণকারী চক্র মুঠোফোনে জিহাদের পরিবারের কাছে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে জানায়। জিহাদের পরিবার এত টাকা দিতে না পেরে বিষয়টি রাজৈর থানা পুলিশকে জানালে মুঠোফোনের সূত্র ধরে গত ৩০ ডিসেম্বর রাজৈর থানা পুলিশ রাসেল (২৬) ও শাহিনকে (২৮) খুলনার রেলগেট এলাকা থেকে আটক করে।রাজৈর থানা সূত্রে জানা গেছে, আদালতের মাধ্যমে পুলিশি রিমান্ডে রাসেল ও শাহিন অপহরণের সঙ্গে তাঁদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তবে তাঁরা জিহাদের সন্ধান দিতে পারেননি। রিমান্ডে তাঁরা জানান, অপহরণকারী চক্রের মূল হোতা মাদারীপুর সদর উপজেলার বল্লভদী গ্রামের ইকবাল হোসেন। ইকবাল পাশের শিরখাড়া এলাকায় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক জনি বাড়ৈকে অপহরণের পর কুপিয়ে হত্যা মামলার আসামি।জিহাদের মামা আবুল বাশার জানান, চার মাস আগে জিহাদের ফুপু মণি আক্তার তাঁর স্বামী ইকবাল হোসেনের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটান। এ ঘটনার পর থেকেই ইকবাল ক্ষিপ্ত ছিলেন। সুযোগ বুঝে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। ইকবালকে পুলিশ এখনো আটক করতে পারেনি।রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে জানান, রাজৈর থানায় দায়ের করা অপহরণ মামলাটি খুনের মামলায় পরিবর্তন করা হবে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।