শিশুর জন্মগত ত্রুটি এড়াতে সচেতনতার বিকল্প নেই
শিশুর জন্মগত ত্রুটি এড়াতে এর কারণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে ব্যাপক প্রচারণা প্রয়োজন। এ ব্যাপারে সমাজের সব স্তরের মানুষকে সচেতন ও সতর্ক করার কোনো বিকল্প নেই। যত বেশি লোক এই সম্পর্কে জানতে পারবে, তত এর প্রকোপ কমে আসবে। প্রচারণার ব্যাপারে জনপ্রতিনিধি, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
বিশ্ব জন্মগত ত্রুটি দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের শ্রেণিকক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। হাসপাতালের শিশু সার্জারি বিভাগ এই সভার আয়োজন করে। সভা সঞ্চালনা করেন বিভাগের প্রধান অধ্যাপক তাহমিনা বানু।
হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান তাহমিনা বানু জানান, ২০১৫ সালে ভর্তি হওয়া ছয় হাজার শিশুর মধ্যে প্রায় তিন হাজার ২৫০ শিশুর জন্মগত ত্রুটি ছিল। চিকিৎসা দেওয়ার পর ৬০ শতাংশ শিশু ভালো হয়েছে। তবে ১০ শতাংশ শিশু মারা গেছে। বাকি ৩০ শতাংশ শিশুর জন্মগত ত্রুটি রয়ে গেছে।
হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যা বিভাগের প্রধান শাহান আরা চৌধুরী বলেন, এই দেশে পরিকল্পিত গর্ভধারণ নেই। পরিকল্পনা করে গর্ভধারণ করলে জন্মগত ত্রুটি অনেকাংশে প্রতিরোধযোগ্য। কেউ গর্ভধারণের পরিকল্পনা করলে তিন মাস আগে থেকেই তাঁর চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
শাহান আরা চৌধুরী বলেন, একজন গর্ভবতী নারীর গর্ভধারণের প্রথম তিন মাস খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই সময়ে শিশুর শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ ঠিক হয়। ওই সময়ে একবার চিকিৎসকের কাছে আসা অবশ্যই প্রয়োজন। চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিতে হবে, কী করা যাবে আর কী করা যাবে না। শাহান আরা চৌধুরী পরামর্শ দিয়ে বলেন, গর্ভবতী নারীকে অবশ্যই গর্ভধারণের পাঁচ মাসের মাথায় বাচ্চার শারীরিক ত্রুটি আছে কি না তা পরীক্ষা করে দেখতে হবে। আর কারও আত্মীয়-স্বজনের মধ্যে জন্মগত ত্রুটির ইতিহাস থাকে, তাহলে তাঁকে অবশ্যই পরিকল্পিত গর্ভধারণ করতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রভাষক সুনন্দা বৈদ্য বলেন, জন্মগত ত্রুটি এড়ানোর জন্য আত্মীয়দের মধ্যে বিয়ে বন্ধ করা উচিত। গর্ভবতী নারীরা যাতে অপচিকিৎসার শিকার না হন সে দিকেও নজর দিতে হবে।
শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান প্রণব কুমার চৌধুরী বলেন, দেশে শিশু মৃত্যুর ২০-৪০ শতাংশ হয়ে থাকে জন্মগত ত্রুটির কারণে। তাই জন্মগত ত্রুটি এড়াতে হলে গর্ভবতী মায়ের স্বাস্থ্যের সঠিক যত্ন নিতে হবে। কম বয়সে কোনোভাবে মা হওয়া যাবে না।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার, হাসপাতালের সহকারী পরিচালক দিদারুল আলম, সাবেক উপপরিচালক শেখ শাহাবুদ্দিন, শিশু সার্জারি বিভাগের অধ্যাপক মো. আকবর হুছাইন ভূঁইয়া, সাংবাদিক শামসুল হক হায়দরী, ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষিকা জাহান আক্তার হোসেন, মসজিদের ইমাম আবদুর রহমান, ভুক্তভোগী দুই শিশুর মা নাজমা আক্তার ও শামসুন নাহার প্রমুখ।