শিশুর জন্মনিবন্ধন নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, শিশুর জন্মনিবন্ধন নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে৷ বাংলাদেশ ভূখণ্ডে যে শিশু জন্ম নিক না কেন, যে ধর্ম-বর্ণের হোক না কেন, তার নিবন্ধন হতেই হবে৷
রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার বিকেলে ‘সবার জন্মনিবন্ধন নিশ্চিত করা’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে মিজানুর রহমান এসব কথা বলেন৷ জাতীয় মানবাধিকার কমিশন ও জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) এ কর্মশালার আয়োজন করে৷
মিজানুর রহমান বলেন, নিবন্ধন বিষয়ে মানুষকে সচেতন করতে সরকারের সমাজসেবাসহ বিভিন্ন বিভাগকে আরও উদ্যোগী হতে হবে৷ তিনি নিবন্ধনের কাজটি সমন্বিতভাবে সম্পন্ন করার ওপর জোর দেন৷ ভাসমান মানুষদেরও নিবন্ধন নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রকে ভূমিকা নেওয়ার তাগিদ দেন তিনি৷ বিজ্ঞপ্তি৷