শিশুর জন্য নিরাপদ আবাস গড়ে তোলার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘বঙ্গবন্ধুর জন্মদিন, বাংলাদেশের খুশির দিন’। সরকারিভাবে দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে উদ্যাপন করা হয়।
দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়। সভায় বক্তারা শিশুর জন্য নিরাপদ আবাস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে শহরের রেলওয়ে স্টেশন চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। পরে টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা হয়। বিভিন্ন বিদ্যালয়ে আলোচনা অনুষ্ঠান ছাড়াও শিশু-কিশোরদের ছবি আঁকা, কিরাত প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় দিবস উদ্যাপন কমিটির আয়োজনে ক্যাম্পাসের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ থেকে সকালে শোভাযাত্রা বের করা হয়। এটি বঙ্গবন্ধু স্মৃতিচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে উপাচার্য অধ্যাপক মো. আলী আকবরসহ নানা সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শেরপুরে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমান ও জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেনসহ অন্যরা। এখান থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের সড়কগুলো ঘুরে আসে। পরে একই চত্বরে শিশু সমাবেশ হয়।
সমাবেশে হুইপ আতিউর রহমান বলেন, বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন। শিশুদের সুশিক্ষায় গড়ে তুলতে ও তাদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
নালিতাবাড়ী পৌরসভার আয়োজনে সকাল ১০টায় নয়াবিল সড়কে দুই শতাধিক নিমগাছের চারা রোপণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান ও পৌর মেয়র মো. আবু বক্কর সিদ্দিকসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে কেক কাটা হয়।
সকাল ১০টার দিকে জামালপুর শহরের মুক্তমঞ্চের মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সেখান থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে পৌর পাবলিক হল মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটার পরে আলোচনা সভা হয়।
সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শোভাযাত্রা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ও দুস্থ ব্যক্তিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
নেত্রকোনায় সকাল পৌনে আটটায় শহরের মোক্তারপাড়া মাঠে মুক্তমঞ্চে প্রথমে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমানসহ অন্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।
সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে শিশু সমাবেশ হয়। সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘোরে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন সভাপতিত্ব করেন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে উপাচার্য মো. আলাউদ্দিনের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়।
সখীপুর উপজেলা মিলনায়তনে বেলা ১১টায় আলোচনা সভা হয়। এতে ইউএনও মৌসুমী সরকার রাখী সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার।
সকালে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে ৯৮ পাউন্ড ওজনের কেক কাটা হয়। অনুষ্ঠানে সরিষাদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোস্তাক নাদিম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শোনায়।