শিশুর জন্য মায়ের পাস্তুরিত দুধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের বুকের দুধ পাস্তুরিত করা সম্ভব। পাস্তুরিত দুধ আট ঘণ্টা পর্যন্ত শিশুকে খাওয়ানো যাবে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) বিজ্ঞানীরা মায়ের দুধ পাস্তুরিত করার প্রযুক্তি পোশাক কারখানায় ব্যবহার করছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরের কুনিয়া বড়বাড়ী এলাকায় ভিয়েলাটেক্স গ্রুপের ইন্টারফ্যাব শার্ট ম্যানুফেকচারিং লিমিটেডের হলরুমে ‘প্রিজারভিং মাদারস মিল্ক: সাপোর্টিং ওয়ার্কিং মাদার’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মায়ের দুধ পাস্তুরিত করার প্রযুক্তির কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এই কাজে নেতৃত্ব দিয়েছেন আইসিডিডিআরবির পুষ্টিবিদ সাবৃনা রশিদ।
অনুষ্ঠানে আইসিডিডিআরবির কর্মকর্তারা বলেন, কর্মজীবী নারীরা শিশুদের সময়মতো বুকের দুধ দিতে পারেন না। ফলে শিশু অপুষ্টিতে ভোগে। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ ও আইসিডিডিআরবি যৌথভাবে সমস্যাটি সমাধানের পথ খুঁজে বের করেছে। প্রথমে মায়ের দুধ চিপে বের করে বোতলে রাখতে হবে। ওই বোতল একটি বিশেষ যন্ত্রে রাখলে তা পাস্তুরিত হবে। সাধারণ তাপমাত্রায় আট ঘণ্টা পর্যন্ত তা জীবাণুমুক্ত থাকবে। পরে মায়ের অনুপস্থিতিতে অন্য কেউ শিশুকে ওই দুধ খাওয়াবে।
সাবৃনা রশিদ প্রথম আলোকে বলেন, প্রকল্পের আওতায় ৪৫ জন নারী শ্রমিককে যন্ত্র ব্যবহার ও দুধ সংরক্ষণের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রত্যেক মা বুকের দুধ বের করে একটি নির্দিষ্ট বোতলে তাঁর নাম ও পরিচিতি নম্বর লিখে সংরক্ষণ করেন। পরে আট ঘণ্টা পর্যন্ত ওই দুধ তাঁদের সন্তানকে খাওয়ানো হয়। কারখানা কর্তৃপক্ষও বিষয়টিকে সন্তোষজনকভাবে গ্রহণ করেছে। মালিকপক্ষ তাদের অন্যান্য কারখানাতেও এই প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা করছে।
অনুষ্ঠানের পর কারখানার সুইং শাখার শ্রমিক ফজিলা খাতুন প্রথম আলোকে বলেন, তাঁর ১১ মাসের একটি সন্তান রয়েছে। সকালে বুকের দুধ খাওয়ানোর পর শিশুর জন্য বোতলে করে দুধ কারখানার ডে কেয়ার সেন্টারে রেখে যান। সেন্টারের দায়িত্বে থাকা ব্যক্তিরা শিশুকে ওই দুধ খাওয়ান। কারখানা শ্রমিক ফাতেমা খাতুন, শিরিন আক্তার ও নাজনিনও এই পদ্ধতি ব্যবহার করে তাঁদের সন্তানকে নিয়মিত বুকের দুধ খাওয়াতে পারছেন বলে জানান।
অনুষ্ঠানে ভিয়েলাটেক্সের ভাইস চেয়ারম্যান আহসান কবির খান, পরিচালক আমিনা সেলিমা খান, আইসিডিডিআরবির জ্যেষ্ঠ ব্যবস্থাপক এস কে আবদুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সাবৃনা রশিদ জানান, এই বিশেষ যন্ত্রটি টরন্টো বিশ্ববিদ্যালয় তাঁদের তৈরি করে দিয়েছে। প্রতিটির দাম পড়েছে ৪০০ ডলার (প্রায় ৩২ হাজার টাকা)। কিন্তু আরও কম দামে যন্ত্রটি পাওয়া যাবে বা তৈরি করা সম্ভব হবে। তিনি বলেন, ‘প্রযুক্তির এই ব্যবহার সরাসরি মায়ের দুধ খাওয়ানোর সমান বা বিকল্প হিসেবে আমরা বিবেচনা করছি না। তবে শিশুকে অভুক্ত রাখা বা অন্য খাবার খাওয়ানোর চেয়ে নিশ্চয়ই এটা ভালো।’