খাগড়াছড়িতে আঞ্চলিক সম্মেলনে বক্তারা
শিশুর জ্ঞানভান্ডার তৈরি করতে মাতৃভাষায় শিক্ষার বিকল্প নেই
শিশুর জ্ঞানের ভান্ডার তৈরি করতে মাতৃভাষায় শিক্ষার বিকল্প নেই। ‘মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা: অগ্রগতি ও অংশীজনদের ভূমিকা’ শীর্ষক আঞ্চলিক সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তারা এ কথা বলেন।
গতকাল সোমবার বিকেলে খাগড়াছড়ি পর্যটন মোটেলে আঞ্চলিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বিশেষ অতিথি ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক শাহনাজ পারভিন ও মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।
অনুষ্ঠানে এনসিটিবির সদস্য আবদুল মান্নান খাগড়াছড়িতে স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং পরিচালিত মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষার (এমএলই) একটি প্রি-স্কুল পরিদর্শন শেষে বলেন, এ স্কুলের শিশুরা মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করছে। নিজস্ব ভাষার বর্ণমালার সঙ্গে পরিচিত হচ্ছে, লিখছে—এটা বিশাল পাওয়া। ২০১৫ সাল থেকে দেশের পাঁচটি আদিবাসী ভাষায় এমএলই শিক্ষা শুরু করার কথা আছে। এটা নানা কারণে একটু দেরি হতে পারে।
শাহনাজ পারভিন বলেন, সরকার তৃতীয় শ্রেণী পর্যন্ত এমএলই চালু করবে। এ ব্যাপারে সামর্থ্য সীমিত হলেও সরকারের আন্তরিকতার অভাব নেই।
এর আগে সম্মেলনে অংশগ্রহণকারীরা স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং পরিচালিত বিভিন্ন এমএলই প্রি-স্কুল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রাঙামাটির কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিনয় চাকমা বলেন, এমএলই স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে পাঠদান দেওয়ার উপযোগী করে গড়ে তোলা হয়। কিন্তু বেতন কম হওয়ায় শিক্ষকেরা অন্যত্র চলে যান। এতে শূন্যতার সৃষ্টি হয়।
খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক সুসময় চাকমা বলেন, এমএলই বিজ্ঞানভিত্তিক শিক্ষা। শিশুদের শিক্ষার ক্ষেত্রে এটা খুবই সহায়ক।
সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা বিষয়ে এই আঞ্চলিক সম্মেলন শুরু হয় গত রোববার। সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে আছে প্রথম আলো।