শিশুর পায়ে কড়া
সবুজ প্রামাণিক। বয়স নয় বছর। পায়ে তার শিকল বাঁধা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক সর্বানন্দ গ্রামের এক দরিদ্র পরিবারে তার জন্ম। সরেজমিনে ১৭ মার্চ বিকেলে দেখা গেছে, গাইবান্ধা শহর থেকে ২১ কিলোমিটার উত্তরে গাইবান্ধা-সাদুল্যাপুর-নলডাঙ্গা-রংপুর সড়কসংলগ্ন তালুক সর্বানন্দ গ্রাম। চার শতাংশ বসতভিটায় দুটি টিনের ঘর ও একটি খড়ের তৈরি রান্নাঘর। রান্নাঘরের একটি বাঁশের খুঁটির সঙ্গে সবুজ প্রামাণিককে পায়ে কড়া লাগিয়ে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। শিশুটি ওই বাঁধন খোলার জন্য নানাভাবে চেষ্টা করছে। প্রায়ই খুঁটি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে। পাশেই তার মা সাংসারিক কাজ করছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বসতভিটা ছাড়া সম্পদ বলতে কিছু নেই। সড়কের ধারে সবুজের বাবা লাল মিয়ার জরাজীর্ণ চায়ের দোকান। দোকানের আয় দিয়ে কোনোমতে সংসার চলে। মা সাহেজা বেগম গৃহিণী। পাঁচ ভাইবোনের মধ্যে সবুজ সবার ছোট। বোন লাইজু ও লাভলীর বিয়ে হয়েছে। বড় ভাই শাহজাহান দিনমজুরের কাজ করে। ছোট ভাই শাহিন বাবার কাজে সহায়তা করে। ছয় বছর বয়সে সবুজ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তখন থেকে সে এলোমেলো কাজ করতে থাকে। মানুষ দেখলে মাথা দিয়ে ধাক্কা দেয়। ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। মায়ের সঙ্গেও সে একই আচরণ করে। মায়ের হাত-পা ও শরীরে কামড় দেয়। বাবা-মা বাধ্য হয়ে আদরের সন্তানের পায়ে কড়া লাগিয়ে রান্নাবান্নাসহ সাংসারিক কাজ সারেন। মা সাহেজা বেগম বলেন, ‘তিন বছর ধরে সব সময় ছেলেকে আগলে রাখছি। ছেড়ে দিলে সে অন্য মানুষের সঙ্গেও হিংস্র আচরণ করে। তাই সাংসারিক কাজের সময় পায়ে কড়া লাগিয়ে রাখছি। বাধ্য হয়ে এই কাজ করতে হচ্ছে।’শিশুর বাবা লাল মিয়া বলেন, ‘স্থানীয় অনেক ডাক্তারকে দেখিয়েছি। ডাক্তাররা বলেন এখানে ওর চিকিৎসা হবে না। উন্নত চিকিৎসা দিতে হবে। এতে অনেক টাকার দরকার। কিন্তু দুবেলা পেট ভরে খেতে পারি না। ছেলের চিকিৎসা করব কীভাবে?’ তালুক সর্বানন্দ গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য বকুল মিয়া এবং দক্ষিণ শাহবাজ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জানান, গ্রামের সবাই শিশুর পায়ে কড়া লাগিয়ে রাখার কথা জানেন। দারিদ্র্যের কারণে শিশুর বাবা সন্তানের উন্নত চিকিৎসা করাতে পারছেন না। গাইবান্ধার ভারপ্রাপ্ত সিভিল সার্জন শাহাদাৎ হোসেন বলেন, নয় বছর বয়সে মানুষিক ভারসাম্য হারানোর কথা নয়। শিশুটি হয়তো জন্মের সময় মাথায় আঘাত পেয়েছিল। এ কারণে এমনটা হতে পারে। এ ক্ষেত্রে শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎকের পরামর্শ নেওয়া যেতে পারে।