শিশুর পেট থেকে বেরিয়ে এল কলম
নাটোরে মেহেদী হাসান (১৩) নামের এক কিশোরের নাভির পাশে ক্ষত সৃষ্টি হয়েছে। গত রোববার সেই ক্ষত দিয়ে তার পেট থেকে বেরিয়ে এসেছে একটি আস্ত কলম।
নাটোরের বাগাতিপাড়া উপজেলার ডুমরাই গ্রামের দিনমজুর হায়দার আলীর ছেলে মেহেদী হাসান স্থানীয় মাধববাড়িয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। প্রায় দেড় বছর আগে কলমটি তার পেটে ঢুকে যায়। সব জেনেও টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারেনি তার দরিদ্র বাবা-মা। তবে ছেলের পেট থেকে কলমটি বেরিয়ে আসায় স্বস্তি ফিরেছে পরিবারের সদস্যদের মধ্যে।
মেহেদী হাসানের ফুফু তহমিনা খাতুন জানান, বছর দেড়েক আগে কৃমির যন্ত্রণা থেকে বাঁচতে মলদ্বার চুলকাতে গিয়ে অসাবধানতাবশত পায়ুপথ দিয়ে কলমটি ঢুকিয়ে ফেলে শিশু মেহেদী। ভয়ে সে আর কাউকে কিছু বলেনি। তবে এর পর থেকেই তার পেটে ব্যথা হতে থাকে। একপর্যায়ে ব্যথায় মেহেদী আর সোজা হয়ে দাঁড়াতেই পারত না। বাঁকা হয়ে হাঁটত। স্থানীয় বিভিন্ন চিকিৎসককে দেখানো হলেও তাঁরা শিশুটিকে ব্যথানাশক ওষুধ সেবনের পরামর্শ দিতেন। এ ছাড়া আলট্রাসনোগ্রামের পরামর্শ দেওয়া হতো। কিন্তু অর্থাভাবে শিশুটির পরিবার আর তা করাতে পারেনি। মাস তিনেক আগে মেহেদীর নাভির পাশে ক্ষত দেখা দেয়। এরপর ছেলেটিকে নাটোরের দিঘাপতিয়া এলাকার এক হোমিও চিকিৎসকের কাছে নেন তার পরিবারের লোকজন। তাঁর চিকিৎসাতেই ছিল মেহেদী। গত রোববার সকালে নাভির পাশের ক্ষত দিয়ে কলমের মাথা বেরিয়ে এলে পরিবারের লোকজন সেটি টেনে বের করে।
মেহেদীর বাবা হায়দার আলী বলেন, ‘টাকার অভাবে ছেলের ভালো চিকিৎসা করাতে পারিনি। ছেলেটা অনেক কষ্ট করছে।’
স্থানীয় বেসরকারি ক্লিনিকের শল্যবিশেষজ্ঞ দিলীপ কুমার পোদ্দার বলেন, ছেলেটিকে দ্রুত কোনো শল্য চিকিৎসকের কাছে নিতে হবে। নইলে জীবন বিপন্ন হতে পারে।