শিশুর প্রারম্ভিক বিকাশ ও যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৮ জুন ২০১৭, প্রথম আলোর আয়োজনে ‘শিশুর প্রারম্ভিক বিকাশ ও যত্ন’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকািশত হলো।

সহযোগিতায়: unicef 

আলোচনা

আব্দুল কাইয়ুম: আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিশুর প্রারম্ভিক বিকাশ ও যত্ন। আমরা হয়তো সবাই জানি, কিন্তু খুব পরিষ্কারভাবে জানি না যে শিশুর বিকাশ শুরু হয় ভ্রূণ অবস্থা থেকে। পরবর্তীকালে অন্যান্য বিকাশ যেমন স্বাস্থ্য, উচ্চতা, দৈহিক গঠন অনেক কিছু নির্ভর করে খাদ্য–পুষ্টি, যত্ন ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার ওপর।

এখানে সব বিষয়ে আলোচনা করব। শুরুতে আলোচনা করবেন মাননীয় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।

মেহের আফরোজ চুমকি: শিশুর প্রারম্ভিক বিকাশ ও যত্ন  একটি গুরুত্বপূর্ণ িবষয়। যাঁরা এ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাঁদেরই এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ সাজেশন দেবেন এবং সেই আলোকে আমাদের কাজকে গতিশীল করতে পারব।

শিশুরা হলো দেশের সম্পদ। সম্পদ যেভাবে যত্ন করে রাখতে হয়, শিশুদেরও তেমন করে যত্ন করতে হবে। এটা যদি শুধু সরকারের হাতে ছেড়ে দিই, তাহলে ভুল হবে। কারণ, বাংলাদেশের প্রেক্ষাপট ও অন্যান্য দেশের প্রেক্ষাপটের মধ্যে অনেক তফাত।

সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা ও সংগঠন বিক্ষিপ্তভাবে শিশুদের জন্য কাজ করছে। এসব কাজ পরিকল্পনা করে সমন্বিতভাবে করা প্রয়োজন। শিশু যখন ভ্রূণ অবস্থায় মায়ের গর্ভে থাকে, তখন থেকেই শিশুর যত্ন নেওয়া উচিত।

শিশু যখন ভ্রূণ অবস্থায় থাকে, তখন মায়ের যত্নের প্রয়োজন আছে। গর্ভবতী মায়ের ওপর কোনোভাবেই কোনো ধরনের নির্যাতন বা তার প্রতি খারাপ আচরণ করা উচিত নয়। মায়ের ওপর নির্যাতন হলে শিশুর ওপর এর প্রতিক্রিয়া হবে।

আমাদের মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে অনেক ডে কেয়ার সেন্টার করা হয়েছে। তারপরও নতুন নতুন ডে কেয়ার সেন্টার করা আমাদের চিন্তায় আছে।

পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও ডে কেয়ার সেন্টার করছে। ডে কেয়ার সেন্টারের জন্য নীতিমালা থাকা জরুরি। খুব তাড়াতাড়ি ডে কেয়ার সেন্টারের নীতিমালা করতে যাচ্ছি এবং লাইসেন্স পদ্ধতি চালু করতে যাচ্ছি।

সবাই শিশুকে ভালোবাসি। কিন্তু সবাই সবকিছু জানি না। এ জন্য যত বেশি জানব, তত বেশি শিশুর জন্য মঙ্গল হবে। তত বেশি দেশ, সমাজ ও পরিবার উপকৃত হবে।

মোহাম্মদ মহসীন: সম্ভবত এটাই শিশুর প্রারম্ভিক বিকাশ ও যত্নের বিষয়ে প্রথম আলোর সঙ্গে আমাদের প্রথম আলোচনা।

বাংলাদেশে চাইল্ডহুড কেয়ার ও ডেভেলপমেন্টের জন্য সরকার একটি নীতিমালা প্রণয়ন করেছে। এটা অনুমোদিত। ১৬টি মন্ত্রণালয় এই নীতিমালার সঙ্গে সংশ্লিষ্ট। 

২০১৩ সালের নভেম্বরে এটা হয়েছে। সেই থেকে এ পর্যন্ত বাংলাদেশের ইসিডির (আরলি চাইল্ড ডেভেলপমেন্ট) ওপর প্রচুর কাজ হয়েছে। কাজ হচ্ছে। এসব কাজ সমন্বয় করার জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ই প্রধান। এই মন্ত্রণালয়কে অনেক বেশি কারিগরি সহায়তা দিচ্ছে ইউনিসেফ।

নীতিমালা শুধু থাকলে হবে না, এটাকে কীভাবে পরিচালন করতে হবে, অর্থাৎ বাস্তবায়ন করতে হবে, সেটার জন্য একটা রূপরেখাও তৈরি করা হয়। সেটাও আবার ১৬টি মন্ত্রণালয় অনুমোদন করেছে। এখন আমাদের প্রয়োজন ব্যয় নির্ধারণ এবং কার্যকর পরিকল্পনা তৈরি করা।

শিশুর প্রারম্ভিক বিকাশ একটা সমন্বিত পদক্ষেপ। শুধু লেখাপড়া শেখালেই হবে না। শুধু পুষ্টি দিলেই হবে না। স্বাস্থ্য দিলেও হবে না। সবকিছু ভারসাম্যপূর্ণভাবে করতে হবে।

আমাদের দরকার প্রচুর রিসোর্স দেওয়া, যথাযথ তদারক করা, মাঝে মাঝে এ-জাতীয় বিষয় নিয়ে গবেষণা করা এবং এ-জাতীয় আলোচনা করে পরবর্তী দিকনির্দেশনা ঠিক করা।

মো. গোলাম মোস্তফা: নীতিমালা অনুযায়ী শিশুর প্রারম্ভিক বিকাশ ও যত্নকাল নির্ধারণ করা হয়েছে গর্ভ থেকে আট বছর পর্যন্ত। বাংলাদেশে এটা হলো প্রারম্ভিক শৈশবকাল।

আজকের আলোচনা গর্ভ থেকে আট বছরের মধ্যে সীমাবদ্ধ রাখলে ভালো হবে। বিকাশ বলতে শারীরিক ও মানসিক বিকাশ বুঝি। দৈহিক ও মানসিক বিকাশের জন্য সামগ্রিক কিছুর প্রয়োজন আছে।

পুষ্টি দরকার, স্বাস্থ্যসেবা দরকার। আর শিশুশিক্ষা দরকার। একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করলে হবে না। সমন্বিতভাবে দিতে হবে। সেটা যদি দিতে পারি, তাহলে শিশুর সামগ্রিক বিকাশ অর্জন করতে পারব।

শিশুর শারীরিক ও মানসিক বিকাশ একটা ধারাবাহিক প্রক্রিয়া। এর সূচনা হয় মাতৃগর্ভে। স্বাস্থ্য–পুষ্টি যা-ই বলি, সেটা মাতৃগর্ভ থেকে শুরু হতে হবে। এ জন্য মাতৃকালীন যত্ন দিতে হবে। এটা দিতে না পারলে গলদটা এখানেই থেকে যাবে।

মাতৃকালীন যত্ন প্রতিদিন দিতে হয়। প্রতিমন্ত্রী মহোদয় একটা কথা খুবই ভালো বলেছেন, গর্ভকালীন মায়ের মানসিক দিকটা খেয়াল রাখতে হবে।

আমাদের দেশে অনেক মা মাতৃত্বকালীন হতাশায় ভুগছেন। এ জন্য তাঁকে মানসিক প্রশান্তি দিতে হবে প্রতিদিন। মা যেন বিশ্রাম পান, ভারী কাজ না করেন—এগুলো খেয়াল রাখতে হবে।

গর্ভকালীন মায়ের যত্ন যদি সঠিকভাবে নিতে পারি, মাতৃকালীন পুষ্টি ঠিকমতো দিতে পারি, তাহলে গর্ভের শিশুর জন্য যে যত্ন দরকার, তা সে পেয়ে যাবে।

বাংলাদেশে যদি শিশুর প্রারম্ভিক বিকাশ নিশ্চিত করতে চাই, তাহলে পরিবারকে সামনে আনতে হবে। এ জন্য বিদ্যমান ব্যবস্থাকে ব্যবহার করতে হবে এবং গণমাধ্যমকে ভূমিকা পালন করতে হবে।

নাজমুল হক: শিশুদের শিক্ষার ব্যাপারে অনেক চেষ্টাই করছি বহু বছর ধরে। কিন্তু আমরা একই আবর্তে ঘুরে বেড়াচ্ছি। শিক্ষা মানেই বইপুস্তক, লেখাপড়া, অঙ্ক শেখা; যেন আর কিছুই নেই। শিশুদের বেলায় যদি আমরা শিক্ষার কথা বলি, তাহলে খেলা হলো সবচেয়ে বড় শিক্ষা। কিন্তু শিক্ষাক্রমে খেলা একেবারেই অনুপস্থিত। স্কুলগুলোতেও খেলা অনুপস্থিত। গবেষণায় বলা হয়েছে, খেলার মাধ্যমে শিশুর পাঁচ ধরনের বিকাশ সম্ভব। সুতরাং কেন খেলাটা শিক্ষা কার্যক্রমে ঢুকছে না, সেটা বুঝতে পারছি না।

আমাদের শিশুদের সেই রাক্ষুসে স্কুল থেকে বাঁচানো দরকার। রাক্ষুসে স্কুল এ জন্য বলছি যে আপনি যত বড় বিদ্যালয়ে যাবেন, দেখবেন তিন বছরের বয়সের মধ্যেই এবিসি শেষ করে দিচ্ছে, ব্যাকরণে চলে যাচ্ছে।

৮-১০টা করে বই দিচ্ছে, বইতে কোনো সমস্যা না, কিন্তু যেভাবে শেখানো হচ্ছে, সেটা কোনোভাবেই শিশুর বিকাশের সহায়ক নয়। শিক্ষক ও অভিভাবকদের বোঝানো দরকার যে এত বইয়ের বোঝা দিয়ে শিশুদের ক্ষতি করছি। এখান থেকে কী ক্ষতি হয়, তা তাঁরা জানেন না।

পরীক্ষা মানে আরেক আতঙ্ক। যেটা পড়াবে, সেটাই পরীক্ষায় আসবে, সেভাবেই লিখতে হবে, সেভাবে লিখলে দশে দশ পেয়ে যাচ্ছে, ‘এ প্লাস’ পাচ্ছে। আমাদের মাথার মধ্যে ‘এ প্লাসের’ ভূত চেপেছে। এই ভূত যদি না নামানো যায়, তাহলে শিশুর বিকাশ সম্ভব নয়।

আমি মনে করি, খোলাধুলা আমাদের শিক্ষা কার্যক্রমে ঢোকানো দরকার। খেলাই শিশুর সার্বিক বিকাশে সহায়ক হয়ে থাকে। শিক্ষক ও অভিভাবকদের এই বার্তা দিতে হবে যে শিশুর সুস্থ এবং সুষ্ঠু শিক্ষা তখনই সম্ভব, যখন তারা খেলার সুযোগ পায়।

ফাহমিদা তোফায়েল: শিশুর পৃথক সময়ের জন্য পৃথক দৃষ্টি দরকার। গর্ভকালীন একধরনের যত্নের প্রয়োজন হয়। জন্মানোর মুহূর্তে কিছু ঘটে যেতে পারে, যা কিনা পরবর্তী সময়ে শিশুর স্বাভাবিক বেড়ে ওঠায় বাধা দেয়। তারপর তিন বছর পর পর্যন্ত, প্রি স্কুল পর্যন্ত,  স্কুলে যাওয়ার সময় প্রতিটি ধাপে ভিন্ন ধরনের পরিচর্যার প্রয়োজন হয়। অনেক শিশু একটা পর্যায় পর্যন্ত শিখছে। কিন্তু ওপরের দিকে গেলে আর বুঝতে পারছে না। এটা হচ্ছে প্রাথমিক জীবনের ঘাটতির কারণে। এ জন্য সচেতনতা বৃদ্ধি জরুরি। আমরা জেনে গেছি, কীভাবে শিশুদের বিকাশে সহায়তা করতে পারি।

এখন আমাদের কাজ হলো, কীভাবে সবাইকে অন্তর্ভুক্ত করতে একটি প্যাকেজ দিতে পারি। যাতে প্রথম থেকে তারা শেষ পর্যন্ত পূর্ণ কারিকুলামটা পায়।

জেনা হামাদানী: আমরা সম্প্রতি একটা গবেষণা করলাম। এতে ১৩০টি কমিউনিটি ক্লিনিক ব্যবহার করা হয়েছে। সেখানকার স্টাফদের প্রশিক্ষণ দিয়ে ইসিডির কাজটা তাদের দেওয়া হয়েছে। গবেষণায় পুষ্টিহীন শিশুরাও ছিল। দেখা গেল, তাদের উন্নয়ন অনেক বেড়ে গেছে। মনে করছি, হেলথ স্টাফদের ব্যবহার করার কারণে ভালো ফল পাওয়া গেল। আমরা হাতে–কলমে দেখিয়ে দিলাম এই কাজটি করা সম্ভব।

শিশুর বিকাশের অনেক দিক আছে—দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, আবেগীয় বিকাশ ইত্যাদি। এর সঙ্গে নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের প্রতি গুরুত্ব দিতে হবে।

আমরা হয়তো একটি শিশুকে অনেক ভালো শিক্ষা দিচ্ছি, কিন্তু ভালো মানুষ হিসেবে শিশুর ওই নৈতিকতা নেই যে,
সে বড় হয়ে মানুষকে ঠকাবে না, অন্য মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। ভালো একটি জাতি তৈরির জন্য সৎ মানুষ দরকার।

এম তারিক আহসান: মূলত মূলধারার শিক্ষা ও শিশুর বিকাশ নিয়ে আলোচনা করব। আমাদের হাতে শিশুনীতি আছে, শিশু অধিকার আইন আছে, ইএলডিএস তৈরি হয়ে গেছে। কিন্তু এই যে দলিলগুলো আছে, এগুলো সম্পর্কে মানুষের ধারণা কী, তাদের চর্চায় সেগুলো আছে কি না, সেটা খুব গুরুত্বপূর্ণ।

তা নাহলে এগুলো বাস্তবায়নে আমরা প্রতিমুহূর্তে চ্যালেঞ্জের মুখে পড়ব এবং চ্যালেঞ্জগুলো শুরুতে চিহ্নিত করে যদি সে অনুযায়ী ব্যবস্থা নিই, তাহলে ধীরে ধীরে শিশুবান্ধব শিক্ষাব্যবস্থার পরিবেশ তৈরি হবে। যে উপায়ে আমরা শিশুকে বোঝার চেষ্টা করছি, যে উপায়ে আমরা ক্লাসরুমে শিশুকে শেখানোর চেষ্টা করছি, সেটি আসলে শিশুবান্ধব কি না, সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

একইভাবে আমরা জানি, আমাদের শেখানোর প্রক্রিয়ার মধ্যে মুখস্থনির্ভরতা অনেক বেশি। এ জন্য শিশুদের
ওপর বইয়ের বোঝা বাড়ছে। হাইকোর্ট কিছুদিন আগে রায় দিয়েছেন যে বইয়ের ওজন শিশুর ওজনের দশ ভাগের এক ভাগ হতে হবে। এই রায়ের পর মনে হয়েছে, এখন দুই সেট বই থাকবে। এক সেট বই থাকবে স্কুলে, আরেক সেট বই থাকবে বাড়িতে। মাঝখানে যাওয়া-আসার পথে শুধু ওজন কমবে। কিন্তু বাকি জায়গায় কোথাও ওজন কমবে না।

এই বাস্তবতা যদি আমরা না বুঝি, তাহলে শিশুবান্ধব পরিবেশ তৈরি করা খুব কঠিন। এ জন্য আমূল পরিবর্তন আনতে হবে। দৃষ্টিভঙ্গিতে, চর্চায় ও ধারণায় পরিবর্তন আনতে হবে।

সাইদুর রহমান মাশরেকী: আমরা দেড় হাজারের মতো দিবা সেবাকেন্দ্র চালাই। আগস্টের পর আরও ৫০০ দিবা সেবাকেন্দ্র শুরু করব। এখানে শেখার জায়গা আছে। এখন পর্যন্ত বাংলাদেশের শিশুমৃত্যুর প্রধান কারণ হলো ইনজুরি (আঘাত বা কোনো কারণে ক্ষত সৃষ্টি)। প্রতিবছর ৩০ হাজার শিশু মারা যায় ইনজুরিতে। ইনজুরির বিষয়ে অভিভাবকসহ সবার সচেতন থাকা প্রয়োজন। শিশুদের যত্নের বিষয়ে আমাদের সব জানা হয়েছে। এখন কীভাবে যত্ন নেওয়া হবে, এর একটা প্রক্রিয়া বের করতে হবে।

সুরাইয়া হক: আমরা সবাই প্রি–প্রাইমারি থেকে আরম্ভ করছি। ফুলকি কাজ করে জন্ম থেকে ছয় বছর পর্যন্ত, স্কুলে যাওয়ার আগ পর্যন্ত। আমাদের পুরো শিক্ষাক্রমটা শিশুর প্রারম্ভিক বিকাশকালভিত্তিক রচিত। এখানে আমরা দেখেছি, শিশুদের খেলার মাধ্যমে শেখালে তাড়াতাড়ি ও ভালোভাবে শেখে। শিশুর প্রারম্ভিক সময়কালকে গুরুত্ব দিতে হবে। এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম তিন-চার বছর বয়স হলো শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চাদের জন্ম থেকে আট বছর পর্যন্ত সরকারের সহায়তা দরকার।

প্রফুল্ল চন্দ্র বর্মণ: শিশুর শূন্য থেকে ছয় বছর পর্যন্ত আমাদের কর্মসূচিতে আছে। আমাদের নিজেদেরও কতগুলো কেন্দ্র আছে। শূন্য থেকে তিন-চার বছর পর্যন্ত বয়সকে গুরুত্ব দিতে হবে। শূন্য থেকে চার বছর পর্যন্ত আমরা নতুন কর্মসূচি শুরু করেছি। একে বলছি খেলার জগৎ।

শিশুদের বিকাশে আমাদের ২২০টি কেন্দ্র ছিল। এখন ১ হাজার কেন্দ্র করেছি। আমাদের কেন্দ্রগুলোর নাম দিয়েছি খেলার জগৎ। স্কুলের ব্যাপারটা যে শুধু শেখা, এই ধারণা থেকে দূরে থাকার জন্য এই নাম।

প্রাক্‌-প্রাথমিকে ১৫ হাজার স্কুল পরিচালনা করি। ক্লাসরুমের কারিকুলাম আছে। কিন্তু কোন কাজ কীভাবে দিলে শিশুর বিকাশ ঘটবে, সেটা জরুরি ও গুরুত্বপূর্ণ।

তপন কুমার দাশ: সবাই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন। অধিকারের দিক থেকে যদি দেখি, তাহলে বাংলাদেশের সব শিশুকে ইসিডি (শিশুর প্রারম্ভিক বিকাশ) কার্যক্রমের আওতায় নিয়ে আসা উচিত।

আমাদের দেশে চরাঞ্চলে, দুর্যোগপূর্ণ এলাকার শিশুদের জন্য সম্মিলিতভাবে ইসিডি সহায়তা নিয়ে যেতে হবে। সেটা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে কমপক্ষে ৫ লাখ ইসিডি প্রফেশনাল দরকার। এ জন্য বিশেষজ্ঞ দরকার। প্রতিষ্ঠানগুলো সেভাবে সাজানো উচিত। সমন্বয় অবশ্যই জোরদার করতে হবে এবং সঙ্গে মনিটরিংয়ে ব্যবস্থা তৈরি করতে হবে। এই কার্যক্রমের মান কী এবং গুণগত মান পরিমাপের ব্যবস্থা থাকতে হবে।

আমি মনে করি, সরকারি ও বেসরকারি সহযোগিতা দরকার। কারণ এই মুহূর্তে সরকার একা দেশের প্রত্যন্ত অঞ্চলভিত্তিক ইসিডি কর্মসূচি হাতে নিতে পারবে না। শিশুদের বাজেটের জন্য সমন্বিত উদ্যোগ দরকার।

সুলতান আলম: প্রথমে আমি প্রথম আলো ও ইউনিসেফকে ধন্যবাদ জানাই এ রকম বিষয়ে বলাতে ডাকার জন্য। আমি যে প্রকল্পে কাজ করি, সেটা দ্বিতীয় পর্যায়ের কাজ।

২০০৬ থেকে এটা শুরু হয়। এই প্রকল্পের মাধ্যমে আসলে ইসিডি সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়। এটা দেশে প্রথম শুরু হয়। এরপর থেকে এর গুরুত্ব প্রকাশ পেতে শুরু হয়। প্রথমে সাড়ে ৮ হাজার কেন্দ্রের মাধ্যমে শুরু হয়। আরেকটি উদ্দেশ্য ছিল কিছু নীতিমালা করা। ইতিমধ্যে অ্যাকশন প্ল্যান তৈরি করেছি। শিক্ষার পাশাপাশি শিশুর সুরক্ষা গুরুত্বপূর্ণ। সাঁতার না শেখার কারণে অনেক শিশু মারা যায়। এ জন্য আমাদের পরবর্তী প্রকল্প নিয়েছি। ২ লাখ শিশুকে আমরা সাঁতার শেখাব।

কাজী আফরোজা সুলতানা: শুধু বিশেষ শিশুদের নিয়ে যারা কাজ শুরু করেছে, এমন প্রতিষ্ঠান যদি বলি, সেটা প্রয়াস শুরু করেছে ২০১০ সাল থেকে। এখন সারা দেশে প্রয়াসের ১১টি কেন্দ্র হয়েছে। আমরা ইসিডি শুরু করেছি। মা-বাবা ও পরিবারকে অনেক কিছু শেখাতে হবে। খেলনা দেওয়া হচ্ছে, কিন্তু কীভাবে খেলা হবে, তা মা জানেনই না।

তিন মাস বয়সের পর থেকেই মায়ের গর্ভের শিশু স্পর্শে সাড়া দেয়, চার মাস বয়স থেকে সে শুনতে পায়, পাঁচ মাস বয়স থেকে মায়ের কণ্ঠস্বর আলাদা করতে পারে।

আট মাস বয়স থেকে গর্ভের শিশু দেখতে পায়, বাইরে যদি খুব বেশি তীব্র আলো হয়, তখন নিজের হাত দিয়ে মুখটা ঢেকে ফেলে। মানে, ভেতর থেকেই দেখেশুনে বড় হচ্ছে। এ জন্য সেই সময়ে এক মাকে বলেছি, ছড়া বলুন, গান করুন।

ওয়াহিদা খানম: যে দম্পতি গর্ভধারণের প্রস্তুতি নিচ্ছেন, সেই সময় থেকেই হয়তো কিছু পুষ্টির গুরুত্ব আছে। গর্ভধারণের আগে থেকেই যদি ফলিক অ্যাসিড দেওয়া হয়, সে ক্ষেত্রে দেখা যায় মস্তিষ্কের অনেকগুলো রোগ থেকে শিশু রক্ষা পাবে।

গর্ভাবস্থায় একজন মায়ের সঠিক যত্ন, তাঁর পুষ্টি নিশ্চিত করা, তাঁকে হাসিখুশি রাখা, তাঁকে বিভিন্ন নির্যাতন থেকে
রক্ষা করা এবং সঠিক সময়ের খাদ্যের চাহিদা পূরণ করা  প্রয়োজন। এ বিষয়ে আমরা যদি পরিবারকে সচেতন করতে পারি, এগুলো গর্ভের শিশুর বিকাশের জন্য প্রয়োজন। এগুলো বিভিন্ন স্বাস্থ্যসেবা ও সচেতনতার মাধ্যমে নিশ্চিত করতে পারি। শিশুর বৃদ্ধি ও বিকাশ একসঙ্গে নিশ্চিত করতে হবে। এই ব্যাপারে আমি বলতে চাই, গর্ভ থেকে শুরু করে প্রথম ১ হাজার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পুষ্ট মা একটি পুষ্ট সন্তান জন্ম দেবেন।

মুরশীদ আকতার: আন্তর্জাতিক গবেষণায় প্রমাণ আছে যে তিন থেকে ছয় বছর বয়সী কোনো শিশু কোনো ধরনের শিক্ষাসম্পর্কিত প্রাতিষ্ঠানিক চর্চায় যদি না যায়, তাহলেও পরবর্তী পরীক্ষায় বিন্দুমাত্র সমস্যা হবে না। কিন্তু তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুর শারীরিক, মানসিক ও আবেগীয় বিকাশ নিশ্চিত করতে হবে। তার সামাজিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিত করার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা জরুরি নয়। এখানে গণমাধ্যমের ভূমিকা প্রয়োজন এবং সামাজিক আন্দোলন শুরু করতে হবে।

হারুন উর রশিদ: যেসব শিশু প্রতিবন্ধিতার মধ্যে রয়েছে, তাদের সমাজের মূল স্রোতে আনতে হবে। একীভূত শিক্ষার যে কথা বলছি, সেটা প্রবর্তন করতে হলে শিক্ষা কারিকুলামে প্রতিবন্ধিতার বিষয়টি সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে। সব শিশুকে শিক্ষার মূলধারায় আনতে হবে। কোনো শিশুকে বাদ দিয়ে শিক্ষার সফল বাস্তবায়ন সম্ভব নয়।

আনজীর লিটন:  এতক্ষণ যে কথাগুলো হয়ে গেল, সব কথাই আমারও কথা। আজকের আলোচনার শুরুতে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি একটি দিকনির্দেশনা দিয়েছেন। সেই দিকনির্দেশনার আলোকে আমি বলতে চাই, আমার অভিজ্ঞতা হয়েছিল এই ইসিডি প্রোগ্রামের শুরুর দিকে অংশগ্রহণের। এখন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক। তখন পরিচালক ছিলাম না। কিন্তু তখন থেকেই ইসিডি সম্পর্কে কিছু জানি। ইসিডি একটি কর্মশালার আয়োজন করেছিল। সেখানে আমি ইসিডি প্রকল্পের আওতায় আমি বাবাদের সম্পর্কে একটি বিশেষ বই লিখেছিলাম।

এখানে শিশুর বিকাশ ও যত্ন বিষয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু বাবাকে একেবারে বাইরে রাখা হয়েছে। কিন্তু শিশুর যত্ন বাবাকে বাদ দিয়ে হতে পারে না। এখানে বাবাকে সচেতন করতে হবে।

আমি মনে করি, ইউনিসেফ যে কাজটি করছে, তাতে বাবাকেও অন্তর্ভুক্ত করতে হবে। শিশুর যত্নের জন্য আমরা একটি ছাতা বানাতে পারি। যে ছাতার নিচে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সবাই মিলে কাজ করতে পারি।

যাঁরা যেখানে আছেন, সেখানে একটি সমন্বিত উদ্যোগ দরকার। শেষ কথা বলতে চাই, শিশুর বিকাশে যত্ন নিন, শিশুকে তার অধিকার দিন।

মেহের আফরোজ চুমকি: যে প্রত্যাশা নিয়ে এই বৈঠক হচ্ছে, আশা করি সেই প্রত্যাশা পূরণ হবে। ছোটবেলা থেকে একটা কথা শুনতাম, যে কথা খুব আমলে নিতাম না, এখন মনে হয় সেই কথার গুরুত্ব আছে।

আমরা শুনতাম, ‘যার নয়েও হয় না তার নব্বইয়েও হয় না’। আট আর নয় বয়স মোটামুটি একই রকম। এই বয়সে একটি শিশুর ভেতরে অনেক কিছু তৈরি হয়ে যায়। এই বয়সে তৈরি করতে না পারলে সারা জীবনেও তাকে তৈরি করা যাবে না।

অর্থাৎ এই বয়সটা বড়ই প্রয়োজনীয় বয়স, বড়ই মূল্যবান বয়স। যে বয়সটায় আমরা লেখাপড়া শেখানোর জন্য, প্রথম-দ্বিতীয় করার জন্য পাগল হয়ে উঠি। অথচ ফসলের খেতের মতো এই মস্তিষ্ক। সেটাকে যত বেশি সুন্দর করে চষা যাবে, তত ভালো ফসল তৈরি হবে।

যদি এই বয়সে প্রথম-দ্বিতীয় হওয়ার পাশাপাশি মানবিকতা, ভালোবাসা, দেশপ্রেম, একে অপরের প্রতি সহনশীলতা—এগুলো যদি বাবা-মায়েরা শেখাতে পারেন, তাহলে শিশু কিন্তু মানুষের মতো মানুষ হয়ে বড় হয়ে দাঁড়াতে পারবে। এ জন্য আমি বারবার গুরুত্ব দিই শিশু যখন ভ্রূণ অবস্থায় মায়ের গর্ভে থাকে, সেই সময় থেকেই যেন গুরুত্ব দিই। যদি সবাই মিলিতভাবে করি, তাহলে আশা করি আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।

আব্দুল কাইয়ুম: গণমাধ্যমের যতটুকু ভূমিকা পালন করা দরকার, তা আমরা করব। ইসিডিকে ফোকাসে আনতে হবে। একই সঙ্গে আমাদের লক্ষ রাখতে হবে, বৈশ্বিকভাবে অনেক গবেষণা হয়, সেগুলোর সঙ্গেও সংযোগ থাকা দরকার। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আলোচনায় সুপারিশ

* সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও আরও বেশি করে ডে কেয়ার সেন্টার করতে হবে। ডে কেয়ার সেন্টারের জন্য নীতিমালা ও সনদ থাকা জরুরি।

* শিশুর স্বাস্থ্য–পুষ্টি যা-ই বলি, সেটা মাতৃগর্ভ থেকে শুরু হতে হবে। এ জন্য মাতৃকালীন যত্ন দিতে হবে। এটা দিতে না পারলে গলদটা এখানেই থেকে যাবে

* গর্ভকালীন মায়ের সঠিকভাবে যত্ন নিতে হবে। এ সময়ে মা যেন হতাশা মানসিক দুশ্চিন্তায় না থাকে সেট িনশ্চিত করতে হবে

* শিশুর যত্ন বাবাকে বাদ দিয়ে হতে পারে না। এখানে বাবাকে সচেতন করতে হবে

যাঁরা অংশ নিলেন

মেহের আফরোজ চুমকি    :  মাননীয় সাংসদ, প্রতিমন্ত্রী, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়

আনজীর লিটন            :  পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমী

মোহাম্মদ মহসীন          :  এডুকেশন ম্যানেজার, ইউনিসেফ

সুলতান আলম            :  উপসচিব ও প্রকল্প পরিচালক, আরলি লার্নিং অ্যান্ড

                             চাইল্ড ডেভেলপমেন্ট প্রকল্প

নাজমুল হক               :  অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

এম তারিক আহসান       :  অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

ওয়াহিদা খানম             :  অধ্যাপক, পেডিয়াট্রিক বিভাগের প্রধান,                   

                             ইনস্টিটিউট অব চাইল্ড অ্যান্ড মাদার হেলথ

সাইদুর রহমান মাশরেকী   :  পরিচালক, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড

                             রিসার্চ ইন বাংলাদেশ

তপন কুমার দাশ           :  উপপরিচালক, গণসাক্ষরতা অভিযান

প্রফুল্ল চন্দ্র বর্মণ            :  কর্মসূচি প্রধান, ব্র্যাক শিক্ষা কর্মসূচি

মো. গোলাম মোস্তফা      :  ইসিডি অ্যাডভাইজার, আগা খান ফাউন্ডেশন বাংলাদেশ

মুরশীদ আকতার           :  হেড অব এডুকেশন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

জেনা হামাদানী            :  বিজ্ঞানী, আইসিডিডিআরবি

ফাহমিদা তোফায়েল        :  বিজ্ঞানী, আইসিডিডিআরবি

কাজী আফরোজা সুলতানা  :  উপাধ্যক্ষ, প্রয়াস

সুরাইয়া হক               :  নির্বাহী পরিচালক, ফুলকি

হারুন উর রশিদ           :  সহসভাপতি, জাতীয় প্রতিবন্ধী ফোরাম

সঞ্চালক

আব্দুল কাইয়ুম             :  সহযোগী সম্পাদক, প্রথম আলো