শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার
খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া মধ্যপাড়া গ্রামে রাবেয়া খাতুন (৯) নামের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকাল নয়টার দিকে গ্রামের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রাবেয়া ওই গ্রামের শাজাহান বয়াতির মেয়ে। সে আরডিএন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। তার পরিবারের অভিযোগ, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে রাবেয়াকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় শাজাহান বয়াতি বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এজাহারভুক্ত দুই আসামি ইবাদত হোসেনের স্ত্রী রাশু বেগম (৩৫) ও তাঁর ছেলে রাসেল হোসেনকে (১৫) গ্রেপ্তার করেছে।
স্থানীয়রা বলেন, শাজাহান বয়াতির সঙ্গে প্রতিবেশী ইবাদত হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত শনিবার রাতে রাবেয়া ইবাদত হোসেনের ঘরে টেলিভিশন দেখতে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই সময় ইবাদত বাড়িতে ছিলেন না বলে জানা গেছে। দিঘলিয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, শিশুটিকে প্রথমে গলা টিপে ও পরে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।